
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ
সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু। আগামী দুই মাস কাঁকড়া ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১লা জানুয়ার) থেকে সুন্দরবনের কাঁকড়া ধরার ওপর এ নিষেধাজ্ঞাসহ জেলেদের কাঁকড়া ধরার অনুমতি প্রদান বন্ধ করা হয়েছে। আগামী ২৯ ফেব্ররুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রজনন মৌসুমকে ঘিরে কাঁকড়া রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছর জানুয়ারি ও ফেব্র্রুয়ারি এই দুই মাস কাঁকড়া সুন্দরবনের নদী-খালে ডিম পেড়ে থাকে। এই সময়কালে কাঁকড়ার প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বনবিভাগ।
বনবিভাগ সূত্রমতে, কাঁকড়ার যখন ডিম হয়, তখন কাঁকড়া ধরা খুবই সহজ হয়ে পড়ে। কারণ এই সময়টাতে ডিমওয়ালা কাঁকড়া কম বিচরণ করে। ফলে প্রয়োজনীয় খাবার শিকারের অভাবে ডিমওয়ালা কাঁকড়া খুবই ক্ষুধার্ত অবস্থায় থাকে। প্রজনন সময়কালে ডিমওয়ালা কাঁকড়ার সামনে যে খাবার দেওয়া হয়, তা খাওয়ার জন্য দ্রুত এগিয়ে আসে।
এ বিষয়ে বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, এ সময় কাঁকড়া সুন্দরবনের নদী-খালে ডিম পাড়ে। সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। এসময় সুন্দরবনে বিভিন্ন নদ নদীতে জেলেদের কাঁকড়া ধরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে, শর্ত সাপেক্ষে জেলেদের মাছ ধরার অনুমতি প্রদান করা হবে। কাঁকড়ার প্রজনন নির্বিঘ্নে রাখতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

