
মো. রাকিবুল্যাহ সোহাগ,শ্যামনগর প্রতিনিধি :প্রাণিসম্পদের সংক্রামক রোগ প্রতিরোধ, খামারিদের আর্থিক ক্ষতি হ্রাস এবং জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে গরুর ক্ষুরা (Foot and Mouth Disease-FMD) এবং ছাগল-ভেড়ার পিপিআর (Peste des Petits Ruminants-PPR) রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) উপজেলার নুরনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে Local Environment Development and Agriculture Resource Society (LEDARS)। প্রকল্পটির অর্থায়ন করছে Global Alliance for Improved Nutrition (GAIN)।
দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় খামারিদের গরু, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। একই সঙ্গে প্রাণিসম্পদের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদানের গুরুত্ব এবং আধুনিক ও নিরাপদ খামার ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এলএফএ বাবু পবিত্র কুমার মণ্ডল, ভ্যাকসিনেটর মো. মাসুম বিল্লাহ, এআইটি বাবু অসীম কুমার মণ্ডল এবং সাংবাদিক মো. তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন CALL প্রকল্পের প্রজেক্ট অফিসার উম্মে সালমা। সহযোগিতা করেন মোছা. সালমা খাতুন ও অনুপ কুমার মণ্ডল (এফএফ)।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গরুর ক্ষুরা (FMD) ও ছাগল-ভেড়ার পিপিআর (PPR) প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর সংক্রামক রোগ। এসব রোগের কারণে প্রতিবছর খামারিদের উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। নিয়মিত ও পরিকল্পিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণ, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের টেকসই জীবিকা নিশ্চিত করা সম্ভব।
তারা আরও জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রাণিসম্পদ খাতকে আরও সহনশীল ও টেকসই করে তুলতে CALL প্রকল্পের আওতায় ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

