বনদস্যুদের তাণ্ডবে সুন্দরবনে বনজীবীদের প্রবেশ বন্ধের উপক্রম, রাজস্ব হারাচ্ছে সরকার

জিম্মি হওয়ার আতঙ্কে এক মাস ধরে বনে যেতে পারছেন না জেলেরা

 

মানববন্ধন করেও মিলছে না প্রতিকার

 

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিমাঞ্চলে বনদস্যুদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বনে প্রবেশ করলেই জিম্মি, অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে দিন কাটছে সুন্দরবননির্ভর বনজীবীরা।

বনদস্যুদের অব্যাহত অত্যাচার ও ভয়ে অনেক জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যেতে পারছেন না। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন হাজার হাজার বনজীবী।

এ পরিস্থিতিতে সুন্দরবননির্ভর বনজীবী, নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা মানববন্ধন কর্মসূচি পালন করে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং নিরাপদে বনে প্রবেশের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করেছেন তাঁরা।

তবে অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সুন্দরবনসংলগ্ন গাবুরা এলাকার পেশাদার জেলে আবিয়ার, হোসেন আলী ও জেহেরসহ একাধিক বনজীবী জানান, বনদস্যুদের ভয়ে গত এক মাস ধরে তাঁরা সুন্দরবনে প্রবেশ করতে পারেননি। মাছ ও কাঁকড়া আহরণ করেই তাঁদের সংসার চলে। সন্তানদের লেখাপড়ার খরচসহ পরিবারের যাবতীয় ব্যয় নির্বাহের একমাত্র অবলম্বন সুন্দরবন। কিন্তু বর্তমানে বনে যেতে না পারায় তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় এলাকায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

তাঁরা আরও জানান, এভাবে দীর্ঘদিন চলতে থাকলে জীবিকার তাগিদে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় থাকবে না। সুন্দরবনের বাঘ, কুমিরসহ বিভিন্ন হিংস্র প্রাণীর ঝুঁকি মোকাবিলা করেও তাঁরা জীবিকার প্রয়োজনে বনে যান। কিন্তু এখন বনদস্যুদের ভয়ে সেই জীবিকাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালে সরকার সুন্দরবনকে বনদস্যুমুক্ত ঘোষণা করেছিল। ওই সময় বিভিন্ন বনদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি। অভিযোগ রয়েছে, আত্মসমর্পণকারী বনদস্যুদের একটি অংশ পরবর্তীতে আবারও পুরোনো অপরাধে জড়িয়ে পড়ে। বিশেষ করে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অত্যাচার আরও বেড়েছে।

সম্প্রতি কোস্টগার্ডের বিভিন্ন অভিযানে কয়েকজন বনদস্যু আটক এবং কিছু অস্ত্র উদ্ধার করা হলেও বনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। স্থানীয় বনজীবীদের অভিযোগ, বর্তমানে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জোনাব বাহিনী, দুলাভাই বাহিনী ও মেজো ভাই বাহিনীসহ প্রায় ১০ থেকে ১২টি বনদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনীর ভয়ে জেলে ও অন্যান্য বনজীবীরা স্বাভাবিকভাবে বনে প্রবেশ করতে সাহস পাচ্ছেন না।

বনদস্যুদের এমন তৎপরতায় শুধু বনজীবীদের জীবিকাই হুমকির মুখে পড়েনি, এর প্রভাব পড়ছে সরকারের রাজস্ব আয়ের ওপরও। বনে প্রবেশের অনুমতি বা পাস গ্রহণকারী জেলের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রাজস্ব আদায়েও বড় ধরনের ধস নেমেছে।

বুড়িগোয়ালিনী বন স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) ইরফান আহমেদ বলেন, বন অফিস থেকে বনজীবীদের পাস প্রদান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আগে প্রতি মাসে ৬০০ থেকে ৭০০ জেলেকে পাস দেওয়া হতো। সেখানে গত মাসে মাত্র ৫০টি পাস দেওয়া হয়েছে। ফলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে কমে গেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনে কতিপয় বনদস্যু বাহিনীর অত্যাচারে বনজীবীদের বনে প্রবেশ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বনদস্যু নির্মূলে সুন্দরবনে সম্মিলিত বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সচেতন মহলের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে নিয়মিত যৌথ অভিযান, নদী ও খালের গুরুত্বপূর্ণ প্রবেশপথে নজরদারি বৃদ্ধি এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সুন্দরবননির্ভর হাজার হাজার মানুষের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে এবং সরকারের রাজস্ব আয়েও বড় ধরনের ক্ষতি অব্যাহত থাকবে।

Recomended