দেবহাটায় সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ

#সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ

 

‎নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় সাইক্লোন শেল্টার নির্মাণের নকশা ও পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি উঠেছে। উপজেলার তরুণ সমাজ, সচেতন মহল ও গোপাখালী এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো দাবি ও প্রতিবাদ জানানো হচ্ছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থের এই মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়; বরং গোপাখালী, দাদপুর ও টাউনশ্রীপুর-পালপাড়াসহ আশপাশের ৩-৪টি গ্রামের শিশু-কিশোর, যুবসমাজ ও সাধারণ মানুষের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।

‎এলাকাবাসীর অভিযোগ, ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫৫ ফুট প্রস্থের আড়াআড়ি ‘খ’ আকৃতির একটি সাইক্লোন শেল্টার নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে মাঠটি সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রস্তাবিত ভবনের ‘খ’ অংশের উলম্ব দিক পূর্ব-পশ্চিম বরাবর দীর্ঘ হলে মাঠের ১০০ ফুটেরও বেশি অংশ ভবনের আওতায় চলে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে মাঠের স্বাভাবিক পরিসর নষ্ট হয়ে তা খেলাধুলা ও অন্যান্য আয়োজনের অনুপযোগী হয়ে পড়তে পারে।

‎স্থানীয়দের দাবি, ২০২১-২২ সালে প্রাথমিক স্কেচ ম্যাপে ‘খ’ আকৃতির উলম্ব অংশটি উত্তর-দক্ষিণ এবং আনুভূমিক অংশটি পূর্ব-পশ্চিম বরাবর নির্ধারিত ছিল। পরবর্তী সময়ে নকশার অবস্থানে কেন পরিবর্তন এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। পুরাতন ভবনের কিছুটা অংশ অপসারণ করে আগের মতো উলম্ব অংশ উত্তর-দক্ষিণ দিকে রেখে ভবনের বিন্যাস পুনর্বিবেচনা করা অথবা বিকল্প উপযুক্ত জায়গা চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তারা। ‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে এলাকাবাসী উল্লেখ করেছেন, উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা থাকলেও তা যেন খেলার মাঠ নষ্ট করে না হয়। মাঠ সংকুচিত হলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি যুবসমাজের মধ্যে হতাশা ও নানা সামাজিক ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ‎

ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ শৈশব ও জনস্বার্থ বিবেচনায় মাঠটি অক্ষত রেখে সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন দেবহাটার তরুণ সমাজ, সচেতন মহল ও এলাকাবাসী।

Recomended