
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত ১৮৭৩ জন রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছে ৩২,০৭৮ জন।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়েছেন ৬,৪৮৬ জন।
এসময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন প্রায় সোয়া ৫৩ লাখ। মারা গেছেন তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। তবে ২১ লাখ ৬৯ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।
Leave a Reply
You must be logged in to post a comment.