
মোঃ রাকিবুল্যাহ সোহাগ,শ্যামনগর প্রতিনিধি :সাতক্ষীরার শ্যামনগরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে শ্যামনগর থানার মুন্সীগঞ্জের ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠান বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন (বিএন)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন (বিএন) স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।

