
উপকূলীয় এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানি সংরক্ষণের লক্ষ্যে দেবহাটায় ৭০০টি হতদরিদ্র পরিবারের মাঝে বালতি ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার (০৭ মার্চ, ২০২৬) দেবহাটা ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং সুশীলন-এর বাস্তবায়নে ‘দেবহাটা এরিয়া প্রোগ্রাম’ (এপি) এই বিতরণ কর্মসূচির আয়োজন করে।
গ্রাম উন্নয়ন সোসাইটির সম্মানিত প্রতিনিধি ফিরোজ শাহ, উত্তম রায়, আবু সাইদ এবং বিলকিস নাদিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশীলন-এর মনিটরিং অফিসার মো: সরিফুজ্জামান ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বহুমুখী কার্যক্রম তুলে ধরেন এবং উপকূলীয় জনপদে স্বাস্থ্য সচেতনতার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেবহাটা এপির ফ্যাসিলিটেটরবৃন্দও উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, উপকূলীয় এই এলাকায় সুপেয় পানির তীব্র সংকট থাকায় বাসিন্দাদের দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। সংগৃহীত পানি নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য প্রতিটি পরিবারকে ঢাকনাসহ মজবুত বালতি প্রদান করা হয়। এছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে প্রতিটি পরিবারকে ভিটামিন-সি যুক্ত মেরীল সাবান দেওয়া হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। উপকারভোগীরা জানান, পানির সমস্যার কারণে তাদের সংরক্ষণের সুব্যবস্থা ছিল না, এই বালতি পাওয়ায় তাদের অনেক উপকার হবে। পাশাপাশি বর্তমান সময়ে স্বাস্থ্য সুরক্ষায় সাবানের প্রয়োজনীয়তা অপরিসীম।

