Tag: হাবিবুর রহমান

  • সরকার চালাচ্ছে আমলারা না এমপি-মন্ত্রীরা?

    সাতক্ষীরা জেলা তথ্য অফিসের প্রচার মাধ্যমে ২১ মে বৃহষ্পতিবার বিকাল তিনটা পর্যন্ত ঘূর্ণিঝড় আমপান এর ক্ষয়ক্ষতির কোন চিত্র পাওয়া গেলো না। এ বিষয়ে জেলা তথ্য অফিসারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমরা নির্ভর করি জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওপর। তারা এখনও সব তথ্য পায়নি। যোগ করে এও বল্লেন, তার জনবল কম অর্থাৎ মাত্র ৫জনকেই নিয়ে কাজ করেন তিনি।
    জেলা তথ্য অফিসের কাজ সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্রচার করা। প্রচারের মাধ্যম হলো মাইকিং করা, ফেসবুকপেজ, ওয়েবসাইট, ও দেশের শক্তিমান গণমাধ্যম। কিন্তু সাতক্ষীরা জেলা তথ্য অফিসের কাজ হলো মাঝে মধ্যে মাইকিং করা, সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সিনেমা দেখানো, সরকারের কিছু দপ্তরের প্রোগ্রাম ফেসবুক পেজে দেওয়া। মাঝেমধ্যে সরকারি টিএন্ডটি টেলিফোন থেকে জেলা প্রশাসকের বিশেষ কোন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সাংবাদিকদের ফোন করা।
    এক কথায় জেলা তথ্য অফিসের কাজ হলো সরকারের প্রয়োজনে প্রচার-প্রচারণা করা। এখন প্রশ্ন হলো প্রয়োজনীয় প্রচার-প্রচারনা গুলো আসেলে কি? এককথায় বলা যায় সরকারের উন্নয়মূলক কর্মকান্ডের পাশাপাশি দূর্যোগ এর বিভিন্ন মুখী চিত্র তুলে ধরা।

    জেলা তথ্য অফিসের ফেসবুক হলো Dio Satkhiraএবং ওয়েবসাইট হলোঃ masscommunicationgroup। এই দুটি মাধ্যমে বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত জেল তথ্য অফিস ঘূর্ণিঝড় আমফান এর কোন চিত্র দেয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এতবড় দূর্যোগের খবর যদি প্রচার করা তাদের দায়িত্বের মধ্যে না পড়ে তবে তাদের দায়িত্ব কিম্বা কাজটা কি?

    জনবল কম বলে জেলা তথ্য অফিস ঠুঁটো জগন্নাথের ভ‚মিকা পালন করবে এটা হতে পারেনা। দৃশ্যমান স্মার্ট ও ডায়নামিক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তিনিতো জানেন উপক‚লীয় জেলা সাতক্ষীরার জেলা তথ্য অফিসটিও তার অফিসের মত গতিশলী হতে হবে। তিনি কেন উদ্যোগ নিয়ে কার্যকর করেননা জেলা তথ্য অফিসকে। কারণ তথ্য অফিসটিও তার অধীনে পড়ে।

    সরকারের প্রচার-প্রচারণা চালানো যদি তথ্য অফিসের কাজ হয় তবে তারা কেন জেলা শহরের পত্রিকা অফিসগুলোতে তথ্য বিবরণী পাঠাননা?

    পত্রিকাগুলো শক্তিশালী গণমাধ্যম। ঘটে যাওয়া মহা এ দূর্যোগকে ঘিরে জেলার সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন গত তিন দিন ধরে। করোনাকে ঘিরেও সাংবাদিকরা মাঠে আছে ডাক্তার, নার্স ও পুলিশের মত। সেই সংবাদপত্রের সঙ্গে যোগাযোগের লেশমাত্র নেই জেলা তথ্য অফিসের। বিষয়টা দেখার দায়িত্ব সাতক্ষীরার জন-প্রতিনিধি ও শাসকদলের দায়িত্বশীল ব্যাক্তিদের। কিন্তু কোন কিছুতেই তাদের ভ‚মিকা দেখা যায় না। সবাই তোষামোদীতে ব্যস্ত। বলতেই হচ্ছে সরকার চালাচ্ছে আমলারা না এমপি-মন্ত্রীরা?

    এ অবস্থার উত্তরণ দরকার। সংবাদ পত্রের মালিকদের কাছে জিম্মি সাংবাদিকরা। তাদের ক্ষুরধার লেখনী এখন আর সংবাদপত্রে জায়গা পায়না। এছাড়াও সত্য খবর প্রকাশ করলে চক্ষু রাঙ্গানী থেকে শুরু করে হামলা, মামলা, খুন ও গুমতো আছেই। ফলে এখন গণমাধ্যমের ভয় পায়না কোন পক্ষই। তাই মহা এই দূর্যোগে হাত-পা গুটিয়ে বসে আছে জেলা তথ্য অফিসটি। করোনা নিয়েও তাদের কাজ চোখে পড়ার মত নয়। দুর্যোগ নিয়ে সংবাদপত্র অফিসে তাদের কোন তথ্য বিবরণী না আসাই প্রমান করে তারা কোন জবাবদিহির মধ্যে নেই।

  • পুলিশ-জনতার অক্লান্ত চেষ্টায় করোনা রোগী উদ্ধার

    হাবিবুর রহমান:
    ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রোগী গার্মেন্টস কর্মী নিলুফার ইয়াসমিনকে জনতার সহায়তায় উদ্ধার করা হয়েছে। ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে নিলুফার ইয়াসমিন পালিয়ে নিজ গ্রাম-আশাশুনির বেউলা গ্রামে চলে আসে।
    আশাশুনি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাতনদী’কে জানান, ঢাকা ডিএমপি থেকে ম্যাসেজ আসে নিলুফার ইয়াসমিন পালিয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি থাকা নিলুফার ইয়াসমিন করোনা পজিটিভ এর খবর শুনেই পালিয়ে যায়। সে তার নিজ গ্রাম বেউলাতে চলে আসে। বুধবার সে তার আত্মীয় ক‚ল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের সাইদ ঢালীর বাড়ীতে আসে। দুপুরের পর সে কচুয়া থেকে মহাজনপুর গ্রামে চলে যায়। মহাজনপুর গ্রামে গিয়ে সে বিলের মধ্যে চলে যায়। লোকালয় থেকে ৫/৬ কিলোমিটার দূরে বিলের মধ্যে অবস্থান নেয় নিলুফার ইয়াসমিন। মোবাইল ট্রাকিং করে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। এরপর মহাজনপুর গ্রামের শত শত নারী-পুরুষ ভাটা করে বিলের মধ্যে খোজা শুরু করে। পুলিশকে জনগনের পাশাপাশি সকল মেম্বর গ্রাম পুলিশও সহায়তা করে। রাত সোয়া দশটার দিকে তাকে পাওয়া যায়।
    এ রিপোর্ট লেখা পর্যন্ত নিলুফার ইয়াসমিনকে নিয়ে পুলিশ মহাজনপুর গ্রামে অপেক্ষা করছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের এ্যাম্বুলেন্সের অপেক্ষায়। এদিকে মেডিকেল কলেজ থেকে একটি এ্যাম্বুলেন্স নিলুফার ইয়াসমিনকে আনার জন্য রওনা দিয়েছে। নিলুফার ইয়াসমিন সোহেল রানার স্ত্রী।

  • পুলিশের সেবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

    মন্তব্য প্রতিবেদন:

    গত ৩ মে পর্যন্ত পরিসংখ্যান বলছে, দেশে করোনক্রান্তের ৮ শতাংশই পুলিশ সদস্য। শনাক্ত হয়েছে ১০ হাজার রোগী। এর মধ্যে পুলিশ সদস্য ১১৫৩ জন। মৃত‚বরণ করেছে ৫ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন ১ ২৫০ জন।

    পরিসংখানটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশব্যাপী সচেতনতা সৃষ্টি, লকডাউন কার্যকর করা, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করার ক্ষেত্রে নিরলসভাবে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা-সদস্যরা কাজ করে আসছেন। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর রোগীদের বাড়ী সহ আশপাশের বাড়ীঘর লকডাউন নিশ্চত করা, আক্রান্তদের বাড়ীতে খাবার, ঔষধ পৌছানো, এমন কি করোনা যুদ্ধে পরাজয় বরণ করা শহীদদের লাশ বহন করা, জানাযা নামাজ পড়ানো এবং সর্বোপরি দাফনের কাজে অগ্রনী সৈনিক বাংলাদেশ পুলিশকে দেখা গেছে। কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের কর্মকর্তা-সদস্যরাই এ দায়িত্ব পালন করেছেন। দেখা মেলেনি মৃত্যুবরণকারীর স্বজনদেরকেও। বিষয়টি দেশজুড়ে পত্র-পত্রিকায়, অনলাইন নিউজ পোর্টালে এবং স্যোশাল মিডিয়ায় প্রচার পায়। এতে করে বাংলাদেশ পুলিশ বিভাগের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালবাসা বেড়ে যায় পূর্বের যে কোন সময়ের চেয়ে বেশী।

    পরিসংখ্যান বলছে, বর্তমানে ১১৫৩জন পুলিশ সদস্য করেনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালটির শয্যা ২৫০। সেখানে ভর্তি হয়েছে ৫৮১ জন। তিল ধারণের ঠাই নেই সেখানে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সিদ্ধেশ্বরী কলেজ ও ডিটেকটিভ ষ্ট্যান্ডিং স্কুলকে অস্থায়ী হাসপাতাল ঘোষণা করেছেন। যে কোন সময় বসে যাচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পিসিআর ল্যাব। এই হাসপাতাল থেকে ডাক্তাররাই মোবাইল ফোনে বাড়ীতে থাকা রোগীদেরকে পরামর্শ দিয়ে চলেছেন। এতে করে হিমশিম খাচ্ছে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার-নার্সরা। প্রতিদিন এই হাসাপাতালে পরীক্ষা করানোর জন্য পুলিশের ইউনিট ও জেলা থেকে আসছে অসংখ্য পুলিশ সদস্য। রোগীও ভর্তি হচ্ছে প্রতিদিন।

    এ অবস্থার অবনতি হলে অর্থাৎ অব্যাহত ভাবে পুলিশ বিভাগের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। ফলে সেবাদানে শীর্ষে থাকা বাংলাদেশ পুলিশ বিপাকে পড়ে যেতে পারে বলে আশংকা করছি। এ অবস্থা থেকে উত্তরনের একমাত্র উপায় সাধারণ জনগনকে সচেতন হওয়া। জনগন সেচ্ছায় গৃহেবন্দী হলে বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের কাজ বেশ কমে আসবে।

    পাশাপাশি সংক্রমনের সংখ্যানুপাত কমানোর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ পুলিশ বিভাগকে।

    সেবাদানে নিয়োজিত পুলিশ সদস্যদেরকে মানসম্পন্ন মাস্ক, পিপিই সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করতে হবে। শুধু সরবরাহ করেই বসে থাকলে চলবে না। তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে। যাতে করে তারা ইকুইপমেন্ট গুলোর ব্যবহার বিধি বুঝতে পারে। এ ছাড়াও বেশি বেশি করে টেস্টের ব্যবস্থা করতে হবে যাতে আক্রান্ত একজন সদস্যের দ্বারা আরও সদস্য যেন আক্রান্ত না হতে পারে।

    সীমাবদ্ধতার মধ্যেও এসব বিষয় যদি সরকার না দেখে তবে পরিস্থিতির অবনতি হলে বিপাকে পড়বে সরকার। সুশৃঙ্খল এ বাহিনীর সদস্যরা যদি অব্যাহতভাবে বেশী সংখ্যায় আক্রান্ত হতে থাকে তবে তাদের মনোবল ভেঙ্গে যাওয়ার আশংকা থেকে যায়।

    এখন করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশ জীবনবাজী রেখে যে সেবা দিয়ে যাচ্ছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

    লেখক
    প্রকাশক ও সম্পাদক, দৈনিক সাতনদী।
  • করোনায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ আমলে আসছে না

    এক:      সাতক্ষীরায় দু’জন করোনাক্রান্ত। এখানে পিসিআর ল্যাব বসানোর প্রয়োজন নেই। মেডিকেল কলেজ হিসাবে স্বাভাবিক ভাবেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব বসবে। তবে সেটা এখন নয়, দেশের পরিস্থিতি ভাল হলে। কারন এটি আমদানী করার বিষয় আছে।

    দুই:       সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগে সরবরাহকৃত সকল মেডিকেল ইকুইপমেন্ট মান সম্পন্ন। মেডিকেল ইকুইপমেন্ট মান সম্পন্ন নয় এমন তথ্য কেউ দিয়ে থাকলে তা সঠিক নয়।

    গত ২মে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএ জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদে প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।

    শনিবার জনপ্রশাসন সচিবের প্রেসব্রিফিং এর খবর শুক্রবার জানতে পেরেই মানষিক ভাবে প্রস্তুতি নিচ্ছিলাম প্রোগ্রামে যাওয়া জন্য। আমি নিজে মেডিকেল সাইন্সের ছাত্র না হলেও কম পড়লে বুঝতে পারি। আমার ঘনিষ্ট বন্ধু ও ছোট ভাই অন্তত ছয়জন মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী পড়ান। পেশাগত কারনে আমার ডাক্তার বন্ধু ও ছোটভাইদের শরনাপন্ন হয়ে সংশ্লিষ্ট বিষয়-আশয় জেনে নেই। শুক্রবার রাতেই সাতক্ষীরায় সরবরাহকৃত মেডিকেল ইকুইপমেন্ট গুলো যে মানসম্পন্ন নয় এ খবরটি পেয়ে গেলাম।

    পাশাপাশি করোনা রোগী চিকিৎসার জন্য ঘোষিত সাতক্ষীরা মেডিকেল করেজ হাসপাতালে জরুরী ভাবে পিসিআর ল্যাব বসানো প্রয়োজন তার শতভাগ ব্যাখ্যাও পেলাম। আর এ জন্য ধন্যবাদ জানাই ছোটভাই এক বিশেষজ্ঞ ডাক্তারকে। যে কিনা মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী পড়ায়। পাশাপাশি এক বিশেষজ্ঞ বন্ধু ডাক্তার যিনি কিনা সরকারি একটি হাসপাতালের কর্নধর।

    তিনজন বীর করোনা যোদ্ধা বিশেষজ্ঞ ডাক্তারের নাম পরিচয় গোপন রাখলাম কারন তারা আতঙ্কিত। পান থেকে চুন খসলেই বরখস্তাদেশ আসতে পারে। তাদের সাথে আমি বলেছিলাম জনপ্রশাসন সচিবের প্রেস ব্রিফিংয়ে আমি সাতক্ষীরায় মান সম্পন্ন মেডিকেল ইকুইপমেন্ট না থাকা এবং পিসিআর ল্যাব মেডিকেল কলেজ হাসপাতালে বসানোর বিষয়ে কথা বলবো।

    নাম প্রকাশ না করার শর্তে তারা তাদের বিশেষজ্ঞ মতামত দিয়ে আমাকে শানিত করে দেন। যথারীতি জেলা প্রশাসক ঘোষিত সময় অনুসারে দুপুর একটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের বারান্দায় হাজির। কিন্তু তখনও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা কমিটির বিশেষ সভা চলছে। সেখানে উপস্থিত আছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। বারান্দায় চলাফেরা করছি সামাজিক দুরত্ব বজায় রেখে। এর মধ্যে কালেক্টরেট এর একাধিক অফিসার ও কয়েকজন কলিগ রুমের ভিতরে বসে সময় পাস করার জন্য বলেন। সবাইকে বল্লাম রুমের ভিতরে একসঙ্গে অনেকে বসা নিরাপদ নয়। দুপুর একটার প্রোগ্রাম তিনটা বাজলো। কোন খবর পাচ্ছিনা। তবুও কষ্ট নেই। শরীরের মধ্যে একটা উত্তেজনা। মানসম্পন্ন মেডিকেল ইকুইপমেন্ট ও পিসিআর ল্যাব নিয়ে কথা বলবো।

    অবশেষে ৩.১০ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণের সন্ধান পেলাম। জনপ্রশাসন সচিব, খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক প্রেসব্রিফিংয়ে হাজির। কৌশল ছিল আমি প্রথমেই কথা বলবো। অনুমতি নিয়ে শুরু করলাম। বলেও ফেললাম গড় গড় করে। সচিব সাহেব থামাতে চাইলেন। সুযোগ না দিয়ে বল্লাম মাত্র ২০ সেকেন্ড বলবো। যথারীতি বল্লাম সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগে সরবরাহ করা মাস্ক, পিপিই ও অন্যান্য সামগ্রী মান সম্পন্ন নয়। সচিব শেখ ইউসুফ হারুন জানতে চাইলেন এ তথ্য আপনাকে কে দিয়েছেন? বল্লাম আমিতো সোর্স ডিসক্লোজ করতে পারিনা। তিনি থমকে গিয়ে বলেন, যিনি আপনাকে বলেছেন তিনি সঠিক বলেননি। কথা না বাড়িয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের কথা বল্লাম।

    উত্তর দিতে গিয়ে সচিব মহোদয় বলেন, এখানে দু’জন করেনা রোগী। এখানে পিসিআর ল্যাব প্রয়োজন নেই। তবে অদূর ভবিষ্যতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব বসবে স্বাভাবিক নিয়মে। আমি দ্বিতীয় দফায়ও আশাহত হলাম, কিন্তু কথা বাড়ালাম না।

    কথা শুরুর সময় বলেছিলাম আপনি সাতক্ষীরার মানুষ বিষয়গুলো দেখতে পারেন। আমি আশাহত হলাম, কিন্ত হতবাক হইনি। সচিব শেখ ইউসুফ হারুন এর বাড়ী আশাশুনি উপজেলার দর্গাপুর ইউনিয়নে। সাতক্ষীরার মানুষের একটা বদনাম আছে চেয়ার পেলে নিজ জেলার নাম ভুলে যান।

    বেশ কয়েকদিন আগে অনলাইনে নিউজ পড়লাম সাতক্ষীরা সদর এমপি আশ্বস্ত করেছেন যে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব বসার বিষয়ে তিনি কাজ করছেন। তালা-কলারোয়া সংসদ সদস্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন পিসিআর ল্যাব এর জন্য তিনি চিঠি চালাচালি করেছেন। এমনকি পত্রের একটা কপিও দেখলাম ফেসবুকের ওয়ালে।

    দু’জন সংসদ সদস্যের চেষ্টার খবরে ভরসা পেলাম। সাতক্ষীরার সংসদ সদস্যদেরকে বলবো, আপনারা পিসিআর ল্যাব বসানোর সিদ্ধান্তে অবিচল থাকুন। আমলাদের প্রেসক্রিপশন থেকে বেরিয়ে আসুন। সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর আ ফ ম রুহুল হক এমপি’র সাথে কথা বলুন। প্রয়োজনে চারজন সংসদ সদস্য ঐক্যবদ্ধ হোন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করুন। দেখবেন ৭২ ঘন্টার মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপিত হবে।

    তবে গত ২/৩ দিন ধরে গুঞ্জন শুনছিলাম আমলারা চাচ্ছেনা পিসিআর ল্যাব বসুক। সচিবের প্রেসব্রিফিং এর পর মনে হচ্ছে কোথাও একটা ষড়যন্ত্রের জাল বুনা হয়েছে। আর সে কারনেই পিসিআর ল্যাব আসছে না সাতক্ষীরায়। সচিব মহোদয়কে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই-

    ১। ‘হু’ বলেছে পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। অর্থাৎ যত পরীক্ষা বাড়বে ততো রোগীর সংখ্যা বাড়বে এবং সংক্রমন কমবে।

    ২। সাতক্ষীরায় একাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা পাঠানো হয়নি। বিতর্ক সৃষ্টি হবে এজন্য নাম বল্লাম না।

    ৩। প্রবাসের অসংখ্য মানুষ, শ্রমজীবী হাজার হাজার মানুষ নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে সাতক্ষীরায় এসেছেন। ফলে যে কোন সময় পরিস্থিতি অবনতি হতে পারে।

    ৪। সাতক্ষীরার মানুষ সচেতন কম। জেলা প্রশাসক ও পুলিশ সুপার র্নিঘুম প্রচেষ্টার পরও হাট-বাজার ভরে যাচ্ছে মানুষে।

    ফলে পরিবেশ বলে দিচ্ছে আমরা ঝুঁকির মধ্যে আছি। আর এ জন্য জরুরী পিসিআর ল্যাব ও স্বাস্থ্যকর্মীদের জন্য মানসম্পন্ন ইকুইপমেন্ট প্রয়োজন। প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। খোদা না করুন পরিস্থিতির অবনতি হলে দায় কিন্তু কমবেশী আপনার ওপর বর্তাবে।