Tag: হজ

  • এবার সৌদি আরবে বসবাসকারীরাই কেবল হজে অংশ নিতে পারবেন

    আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের এ মহামারিতে পবিত্র হজ সীমিত আকারে আয়োজন করবে সৌদি সরকার। কেবল সৌদি আরবে বসবাসকারীরাই এবার হজে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটিতে বসবাসকারীদের নিয়ে সীমিত পরিসরে হজের আয়োজনের খবর দিয়েছে।

    ঘোষণায় বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন, তাদের মধ্যে সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • সীমিত মুসল্লি নিয়ে হবে এবারের হজ


    অনলাইন ডেস্ক: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজের পরিকল্পনা করছে সৌদি সরকার। সোমবার হজ পরিকল্পনার সঙ্গে জড়িতে সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

    হজ উপলক্ষে সারাবিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সৌদি আরব ভ্রমণ করেন । আগামী জুলাইয়ের শেষের দিকে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    গত মার্চে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে হজ নিয়ে মুসল্লিদের অপেক্ষা করতে বলা হয়েছিল। এবারের হজ পরিকল্পনার সঙ্গে জড়িত দুই জন কর্মকর্তা রয়টার্সকে বলেন, শুধুমাত্র প্রতীকী সংখ্যা হিসেবে কিছু মুসল্লি হজের সুযোগ পাবে। এছাড়া বৃদ্ধদের হজ করায় নিষেধাজ্ঞা দেয়া হবে। পাশপাশি স্বাস্থ্যগত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা হবে ।

    সূত্র জানায়, প্রতি দেশের হজের কোটার ২০ শতাংশ মুসল্লি আনার পরিকল্পনা করছে সৌদি সরকার। তবে সৌদি সরকারের অনেক কর্মকর্তাই এ বছরের হজ বাতিলের পক্ষ মত দিয়েছেন বলে জানা গেছে।

    এই বিষয়ে জানতে চাইলে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। হজ এবং উমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে । আর এবারের করোনার ভাইরাসের কারণে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে সৌদি আরব অর্থনৈতিক সংকোচন মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

  • হজ নিয়ে অনিশ্চয়তা কাটছে, ১৫ জুনের মধ্যে সৌদির সিদ্ধান্ত

    ভয়াবহ করোনাভাইরাসের কারণে এবছর পবিত্র হজ অনুষ্ঠান নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটে যাচ্ছে। করোনা সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়ায় হজ নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ১৫ জুনের মধ্যে দেশটির সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

    বার্তা সংস্থা রয়টাস জানায়, রবিবার থেকে সৌদি আরবে পবিত্র কা’বা শরীফ ও মসজিদুন নববীসহ সব মসজিদের দ্বার নামাজ পড়ুয়াদের জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে আসন্ন হজ পালনের দ্বার খুলতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের হজ সংশ্লিষ্টরা।

    এ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সোমবার বলেন, করোনা পরিস্থিতির কারণে পবিত্র হজের কেন্দ্রবিন্দু সৌদি আরবের পবিত্র কা’বা এবং মসজিদুন নববী সাধারণ মুসুল্লীদের জন্য বন্ধ রেখেছিল সৌদি সরকার। দুই মাসের বেশি সময় পর রোববার তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে বলে জেনেছি। আমরাও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে বসে আছি।

    তিনি বলেন, এ বছর বাংলাদেশসহ বর্হিবিশ্বের হজযাত্রীরা হজ পালন করতে পারবে কিনা তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সব বিষয় বিবেচনা করে সে সিদ্ধান্ত নেবে সৌদি সরকার। আমরা আসা করছি এ ব্যাপারে তারা আগামি ১৫ জুনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলাদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
    এখন পর্যন্ত ৬৬ হাজার যাত্রী চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

    উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরব বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া এবং পরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় পুরো দেশ লকডাউন করা হয়। এ কারণে গত মাসে এখনই হজের পরিকল্পনা চূড়ান্ত না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয় সৌদি আরব।

    এর আগে করোনা পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মধ্যেও হজের আগাম প্রস্তুতির অংশ হিসেবে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চালায় ধর্ম মন্ত্রণালয়। ২ মার্চ থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ৩০ এপ্রিল শেষ করা হয়।
    সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ পাওয়ার কথা। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। কিন্তু করোনা আতঙ্কের কারণে নিবন্ধনে তেমন সাড়া না পড়ায় এবারের পূর্ব নির্ধারিত কোটা পূরণ হয়নি।

    নিবন্ধন সার্ভার সূত্রমতে, ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ এবারের হজ অনুষ্টিত হবে। সে অনুযায়ী ২৩ জুন হজ ফ্লাইট শুরুর আশা প্রকাশ করেছিল ধর্ম মন্ত্রণালয়। সূত্র: কালের কন্ঠ

  • ৬৫ হাজার হজযাত্রীকে নিয়ে অনিশ্চয়তায় ধর্ম মন্ত্রণালয়

    ন্যাশনাল ডেস্ক: কয়েক দফা বাড়ানোর পর চলতি বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম ৩০ এপ্রিল শেষ হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নানা সমস্যা আর অনিশ্চয়তার মধ্যেও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৬৫ হাজার আগ্রহী হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। নতুন করে এবার আর কাউকে নিবন্ধনের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    এদিকে নিবন্ধিত প্রায় ৬৫ হাজার হজযাত্রীকেও হজে পাঠানো নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর হজ অনুষ্ঠানের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব সরকার। ফলে যারা নিবন্ধন করেছেন তারাও এবার হজে যেতে পারবেন কিনা-তা নিয়ে সন্দেহে আছি।

    প্রতিমন্ত্রী জানান, হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা ৩০ এপ্রিল শেষ হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে এ মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে এবার হজে যাওয়ার নতুন করে কেউ নিবন্ধনের সুযোগ পাবেন না।

    জানা গেছে, ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতিতে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবারের পবিত্র হজ অনুষ্ঠান। এখনই হজের পরিকল্পনা চূড়ান্ত না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। তবে এ পরিস্থিতিতেও হজের প্রস্তুতির অংশ হিসেবে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চালায় ধর্ম মন্ত্রণালয়। ২ মার্চ থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ৩০ এপ্রিল শেষ করা হয়।

    সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ পাওয়ার কথা। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। কিন্তু করোনা আতঙ্কের কারণে নিবন্ধনে তেমন সাড়া না পড়ায় এবারের পূর্ব নির্ধারিত কোটা পূরণ হয়নি।

    নিবন্ধন সার্ভার সূত্র মতে, ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

    এবার হজে যেতে আগ্রহীদের জন্য তিন ধরনের প্যাকেজ রেখেছে সরকার। এর মধ্যে প্রথম প্যাকেজে চার লাখ ২৫ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজে তিন লাখ ৬০ হাজার টাকা এবং তৃতীয় প্যাকেজে তিন লাখ ১৫ হাজার টাকা খরচ হবে। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে আগ্রাহীদের নিবন্ধন করতে বিমান ভাড়া ও সার্ভিস চার্জ বাবদ ১ লাখ ৫১ হাজার ৯৯০ টাকা জমা দিতে হয়।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ হবে এবার। সে অনুযায়ী ২৩ জুন হজ ফ্লাইট শুরুর আশা প্রকাশ করেছিল ধর্ম মন্ত্রণালয়।

    এর আগে ভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরব বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া এবং পরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এখন পুরো দেশ রয়েছে লকডাউনে; এ কারণে এখনই হজের পরিকল্পনা চূড়ান্ত না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। সূত্র: কালের কন্ঠ