Tag: শিক্ষা

  • শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে খুলনায় অনলাইন ক্লাসরুম চালু

    করোনাকালে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা আজ সংকটের মুখে। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চালু হলো। ফেসবুক এবং ইউটিউবে ভিডিও কনন্টেন্ট সমৃদ্ধ অনলাইনে সেবাটি আজ (সোমবার) দুপুরে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার উদ্বোধন করেন।
    উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষাব্যবস্থার সংকট কাটিয়ে উঠতে অনলাইন শিক্ষাকার্যক্রমটি কাজে লাগবে যা বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ভিডিও কনন্টেন্টে ক্লাসগুলো ধারণ করে ইউটিউব এবং ফেসবুকে প্রচারের ব্যবস্থা করেছে। সেবা দু’টির লিংক ঠিকানা ঃ ‘ডিজিটাল প্রাইমারী এডুকেশন খুলনা’www.facebook.com/digital.pedu.khl ও www.youtube.com/channel/UCj2HndGchQdg6B-3lcRL5CA এবং ‘ডিজিটাল সেকেন্ডারী এডুকেশন খুলনা’-এর
    www.youtube.com/channel/UCVKKwY8NME3v0VT3R6NC9zA

    ‘ডিজিটাল প্রাইমারী এডুকেশন খুলনা’ এবং ‘ডিজিটাল সেকেন্ডারী এডুকেশন খুলনা’ নামের দু’টি ইউটিউব চ্যানেল ও একই নামের দু’টি ফেসবুক পেজ চালু হয়েছে। খুলনার অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাস ২০ মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। সপ্তাহের শুরুতে ক্লাসের একটি রুটিন প্রকাশ করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোন দিন, কখন, কোন ক্লাস হবে তা জানতে পারবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কনটেন্ট সরবরাহ করা হবে। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড অব্যাহত থাকবে। যার ফলে করোনাকাল অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষার্থীরা এর সুবিধাটি পাবে। খুলনার বাইরে বাসেও এই শিক্ষাকার্যক্রমে অংশ নেয়া যাবে।

    শিক্ষার্থীরা এসকল ক্লাসে তাদের মতামত, সমস্যা, মন্তব্য তুলে ধরার সুযোগ পারে। টেলিভিশনের শিক্ষা কার্যক্রমটি একমুখী হলেও এই কার্যক্রমটি হবে দ্বিমুখী। ফলে শিক্ষার্থীদের কাছে এটি আরও আনন্দময় হবে।

    উদ্যোক্তারা আশা করছেন, অনলাইনভিত্তিক এই শিক্ষাকার্যক্রমটির ফলে করোনাকালের শিক্ষা ঘাটতি যেমন পুষিয়ে যাবে তেমনি শিক্ষার্থীদের কোচিং নির্ভরতাও কমবে।

    উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক নিভা রাণী পাঠক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহগসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকরা।  প্রেস বিজ্ঞপ্তি

  • চলতি সেমিস্টারেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন অনলাইনে

    চলতি সেমিস্টারেই পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন অনলাইনে সম্পাদন করতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি আগামী সেমিস্টারেও শিক্ষার্থী ভর্তি করতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনলাইন শিক্ষা কার্যক্রম গাইডলাইনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি।

    ইউজিসির ওয়েবসাইটেও অনলাইন শিক্ষা কার্যক্রমের গাইডলাইনটি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

    এতে বলা হয়, নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে বৃহস্পতিবার (৭ মে) একটি গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গাইডলাইনটি ইউজিসি ওয়েবসাইটে প্রকাশসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। ইউজিসি প্রণীত নির্দেশনাটি www.ugc.gov.bd -এর নোটিশ অপশনে পাওয়া যাবে।

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই গাইডলাইন অনুযায়ী চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনে সম্পাদন করতে পারবে। পাশাপাশি আগামী সেমিস্টারেও শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে গাইডলাইন প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। সভায় ইউজিসি, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।  সূত্র: বাংলা ট্রিবিউন

  • কলেজ গুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ

    শিক্ষা ডেস্ক:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। এর মধ্যে যেসব কলেজে অনলাইনে ক্লাস নেওয়ার মতো সক্ষমতা রয়েছে তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালুসহ কয়েকটি নির্দেশনা দিয়েছেন তিনি।

    বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের এই নির্দেশের কথা জানানো হয়। এতে বলা হয়,করোনাভাইরাসের বিস্তারের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় ‌’লকডাউন’ চলাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন উপাচার্য।

    নিদের্শনায় আরও বলা হয়, যেসব কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস করানোর মতো সুবিধা নেই, তাদেরও দ্রুত এই সুবিধার আওতায় আসতে হবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যে রাজশাহী কলেজসহ কয়েকটি কলেজ ও প্রফেশনাল প্রতিষ্ঠান অনলাইন ক্লাস শুরু করেছে।

    সেশনজট না থাকার ধারাবাহিকতা বহাল রাখতে ‘লকডাউন’ শেষে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্দেশনায়। এই দুর্যোগ কাটিয়ে উঠার পর যেন একের পর এক পরীক্ষা নেওয়া যায় সে জন্য সব প্রস্তুতি কলেজ ও শিক্ষার্থীদের থাকতে হবে। এ ক্ষেত্রে সেশনজট নিরসনে আগের মতো ‘ ক্রাশ প্রোগ্রাম’ পদ্ধতি এখানেও ব্যবহার করতে হবে।

    নির্দেশনায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মনে রাখা উচিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিংহভাগ শিক্ষাক্রম শিক্ষার্থীকে তার নিজ উদ্যোগে সম্পন্ন করতে হয়। এই মহামারি চলাকালীন শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে বসে তার শিক্ষাক্রম অনুযায়ী পাঠগ্রহণ করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

    এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেওয়ার জন্যে শিক্ষকদের কাজ করে যেতে হবে।

    সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলে এসব নির্দেশনা বাস্তবায়নে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন উপাচার্য।  সূত্র: প্রথমআলো