Tag: বৃক্ষরোপণ

  • বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে -কেসিসি মেয়র

    মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা ও সম্পদ সৃষ্টিতে গাছ-পালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। মুজিববর্ষে সরকার এক কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে।

    বৃহস্পতিবার (২৭ অগাস্ট) সকালে খুলনার দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণকালে এসব কথা বলেন।

    সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ যদি কমপক্ষে দুইটি করে গাছের চারা রোপণ করে তাহলে মানুষের গড় আয়ু আরো বৃদ্ধি পাবে। কারণ গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে বন রক্ষায় এগিয়ে আসতে হবে।

    তিনি আরও বলেন, পতিত ও অব্যবহৃত স্থানসহ প্রয়োজনে নগরীর ছাদ এবং সড়কের আশ-পাশে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিক বনায়ন কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ইতিবাচক প্রভাব রাখতে প্রকৃতির অমূল্য সম্পদ বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

    ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সাহিদা বেগম, দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান হিরু, শাহীন জামাল পন প্রমুখ।

    এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সোনাডাঙ্গার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন। এ সময় ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমানসহ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই – খুলনা সিটি মেয়র

    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো জোরদার করতে হবে। নির্মল পরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ঝড় জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    মেয়র আজ (শুক্রবার) সকালে খুলনার দৌলতপুর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণকালে এসব কথা বলেন।

    সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরকে গুরুত্ব দিয়েছেন। সুন্দরবন এ অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে এবং বৃক্ষ নিধন থেকে বিরত থাকতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। মেয়র কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে সকলের প্রতি আহবান জানান।

    এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, পাবলা সবুজ সংঘ ক্লাবের সহসভাপতি শেখ আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র পাবলা সবুজ সংঘ ক্লাবের মাঠে মুজিববর্ষ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে গাছের চারা রোপণ করেন।

    এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জাতীয় শোক দিবস উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

    এছাড়াও মেয়র ইয়ুথ চেম্বার এবং ভিবিডি খুলনা উদ্যোগে সার্কিট হাউস চত্ত্বরে বৃক্ষরোপণ করে সেভ গ্রীণ মিশনের উদ্বোধন করেন। ২৩ আগস্ট পর্যন্ত তারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় প্রায় দুইশত ৫০টি গাছের চারা রোপণ করবেন। এসময় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক খান নাজমুছ সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

  • মুজিববর্ষে খুলনায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ (রবিবার) দুপুরে খুলনা আনসার ও ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আনসার ও ভিডিপি’র সদস্যদের এগিয়ে আসতে হবে। এজন্য সদস্যদের তিনি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

    পরে তিনি গাছের চারা রোপণ করেন এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মাদ গাদ্দাফী, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব জায়গায়, ক্লাব-সমিতির প্রাঙ্গণে এবং সরকারি রাস্তার দুই ধারে প্রতি জেলায় এক হাজার করে খুলনা রেঞ্জে মোট ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)