Tag: বিয়ে

  • শুক্রবার অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’

    গেল ১৭ মে ৯ বছরের সংসারের ইতি টানেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নাজিয়া হাসান অদিতি। তাদের বিচ্ছদের খবরের পরেই নতুন করে সামনে এলো বিয়ের খবর। আর এবার তার পাত্রী মেহজাবিন! শুনতে একটু অবাক লাগছে ?

    ব্যাপারটা হলো অপূর্ব এবং মেহজাবিনের বিয়ে বাস্তবে নয় বরং ক্যামেরার সামনে। ‘বিয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দা জনপ্রিয় এ জুটি।

    একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেই গল্পে কি সত্যিই বিয়ে হয় অপূর্ব ও মেহজাবিনের! নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া! জানা যাবে নাটকটি দেখলেই। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

    শুক্রবার (২৯ মে) বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে এটি।

    ২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে সাড়া ফেলেন অপূর্ব-মেহেজাবিন। এরপর তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। আবার ঈদের নাটকে দর্শক পাচ্ছেন তাদের। সূত্র: ইত্তেফাক

  • ত্রাণ দিতে গিয়ে প্রেম, অত:পর দুস্থ মেয়েকে বিয়ে

    লকডাউনে ঘরে খাবার নেই। রাস্তার পাশে রোজ খাবার দিতে যেতেন ছেলেটি। সেই অসহায় মুখগুলোর ভিড়েই হঠাৎ একটি মুখ খুব চেনা হয়ে উঠল। খাবারের আশায় হাত বাড়িয়ে অপেক্ষা করতো মেয়েটি। ত্রাণ দিতে গিয়েই ওই মেয়েটির আলাপ হল ছেলেটির সঙ্গে। বন্ধুত্বের পর প্রেমও হয়। শেষ পর্যন্ত সেই প্রেমই সাত পাকে বাঁধল ওদের। ভারতের কানপুরে এ ঘটনা ঘটেছে।

    ছেলেটির নাম অনিল। পেশায় গাড়িচালক। আর ওই মেয়েটি নীলাম।

    ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, নীলামের বাবা মারা গিয়েছে বছর খানেক আগে। ভাই-ভাবি খুব করে পেটাত তাকে। এক রাতে বাড়ি থেকেই বের করে দিল নীলাম আর ওর মা’কে। মা এদিকে প্যারালাইসড। ওদের দু’জনের মাথা গোঁজার ঠাঁই হল না। খোলা রাস্তার পাশেই কোনও মতে দিন গুজরান হয়ে যেত। সমুত্ত মেয়ে। দিনকালও ভাল নয়! তবুও কোনও মতে খাবারটা এদিক-ওদিক করে রাস্তার দোকানে কাজ করে জুটে যাচ্ছিল। কিন্তু লকডাউনে চরম বিপদে পড়ল মা-মেয়ে। ভিক্ষে করা ছাড়া অন্য কোনও পথ নেই। অগত্যা কানপুরের কাকাদেওয়ের নীর-শীর ক্রসিংই ঠাঁই হল ওদের! এভাবেই আলাপ হল অনিলের সঙ্গে নীলামের। সে রোজ খাবার দিতে যেত দুস্থদের। নীলামকে দেখে ভাল লেগে যায়। পরের দিকে নিজে হাতে রেঁধে মা-মেয়ের জন্য খাবার নিয়ে যেত অনিল। ব্যাস! বিয়ের প্রস্তাব দিয়েই বসল অনিল।

    সম্প্রতি কানপুরের লর্ড বুদ্ধা আশ্রমে নীলম-অনিলের চার হাত এক হয়েছে। লকডাউনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিয়ে হল। অনিলের বন্ধু লাল্টা প্রসাদ, যিনি নিজেও খাবার দিতে যেতেন, তিনিই রাজি করালেন বন্ধুর বাবাকে এই বিয়ের জন্য মত দিতে। বিগত দু’মাসের এই লকডাউন যে মানুষকে শুধু তিক্ততার স্বাদই দেয়নি, বরং কারও কারও ভাঙা সম্পর্কও জোড়া লাগিয়েছে, কিংবা নতুন করে সম্পর্কও গড়ে তুলেছে, নীলাম আর অনিলই বোধহয় তার জ্বলন্ত উদাহরণ। সূত্র: ইত্তেফাক

  • নাতনিকে বিয়ে করেছেন রাজশাহীর পৌর মেয়রও

    দূর সম্পর্কের নাতনিকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কুমিল্লার বৃদ্ধ রিকশাচলক সামশুল হক। ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে বিয়ে করায় গ্রেফতারও হয়েছেন তিনি। একই পথে হেটেছেন রাজশাহীর এক পৌর মেয়রও। প্রতিবেশী এক নাতনিকে বিয়ে করেছেন তিনিও।

    বছরখানেক আগে বিয়েটি করলেও রিকশাচালক সামশুল ভাইরাল হওয়ার পর জানাজানি হয়েছে মেয়রের বিয়ের খবরটি।

    এই মেয়রের নাম আবদুল মালেক। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র। পৌর আওয়ামী লীগের সভাপতিও তিনি। তার এই স্ত্রীর বয়স এখন ১৮ বছর। প্রায় ৬০ বছর বয়সী এই নেতার অসম বিয়েতে বিব্রত দলের স্থানীয় নেতারা।

    তবে রিকশাচালক সামশুল ভাইরাল হওয়ার পর স্থানীয় এক নেতা মেয়র আবদুল মালেক ও তার স্ত্রী শারমিন খাতুনের একটি ছবি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে। জানিয়েছেন বিয়ের বিস্তারিত। তার দেওয়া তথ্যমতে জানা যায়, মেয়র আবদুল মালেকের বাড়ি পৌরসভার সূর্যপাড়া মহল্লায়। শারমিনের বাবার নাম ফজলুর রহমান। মেয়র এবং তার বাড়ি সামনাসামনি। মেয়রের বাড়িতেই কাজ করতেন ফজলুর। তার স্কুলপড়ুুয়া মেয়ে শারমিন মেয়রকে নানা বলেই ডাকতো। প্রায় দু’বছর আগে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মেয়র।

    এ নিয়ে স্ত্রী-সন্তানদের তোপের মুখেও পড়েন তিনি। মেয়রের দুই ছেলে ফজলুর রহমানের বাড়িতে হামলাও চালিয়েছেন। কিন্তু বছরখানেক আগে কোর্টে গিয়ে চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলেন মেয়র। তখন বাগমারার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেবল এসএসসি পাস করেছে মেয়েটি। বিয়ের পর মেয়র ভবানীগঞ্জ বাজারে একটি বাড়ি ভাড়া করে তাকে রাখেন।

    এতোদিন তার বিয়ের খবর অনেকটা চাপা ছিল। তবে এতে ঘি ঢেলে দিয়েছে কুমিল্লার রিকশাচালক সামশুল হকের বিয়ে। এখন বাগমারায় আবারও আলোচনা চলছে মেয়র মালেকের বিয়ে নিয়ে।

    চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, মেয়েটি তার স্কুলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। এসএসসি পাসের পর একাদশ শ্রেণীতে ভর্তির পরই শুনতে পান মেয়রের সঙ্গে তার বিয়ে হয়েছে। তখন মেয়েটির বয়স ১৬ বা ১৭ হতে পারে বলে মনে করেন তিনি।

    বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আগে তিনি মেয়রের বিয়ের খবরটি শোনেননি। তবে এখন শুনেছেন। এনিয়ে কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি।

    শারমিনকে বিয়ের কথা স্বীকার করেন মেয়র আবদুল মালেক। তবে এখন শারমিন তার সঙ্গে থাকতে চাচ্ছে না বলে দাবি করেন তিনি। মেয়র বলেন, ‘ছোট মেয়ে, সংসার করতে পারবে না। সে জন্য সে তার বাবার বাড়িতেই আছে।’

    তবে বিয়ের সময় শারমিনের বয়স ১৮ ছিল বলেও দাবি করেন মেয়র আবদুল মালেক। সূত্র: বিডি প্রতিদিন