Tag: বিক্ষোভ

  • মৎস্যজীবী হত্যাকারীদের শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিঁটিয়ে হত্যাকারী সরদার মশিয়ার রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গ্রামবাসী। বুধবার বেলা একটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন হাজার হাজার সাধারণ মানুষ।

    সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা। সেখান থেকে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের কাছে ময়না তদন্তের সঠিক রিপোর্টের দাবিতে গ্রামবাসীর পক্ষে স্মারকলিপি তুলে দেন আবু হায়াত নিকারী।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন নিকারী, আবু হায়াত নিকারী, সালেহা বেগমসহ আরও অনেকে। তারা বলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার ও সন্ত্রাসী বাহিনীর হাতে লুৎফর নিকারী প্রাণ হারিয়েছে। এই সন্ত্রাসীরা তালার সাধারণ খেঁটে খাওয়া মানুষকে অতিষ্ট করে তুলেছে। আমরা এই সন্ত্রাসী বাহিনীর বিচার চাই।

    খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন এসব মানুষরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন করে খুনিদের শাস্তির দাবি জানান। এরপর জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যমে খুনী বাহিনীর দৃষ্টান্তুমূলক শাস্তি ও দলীয়ভাবে ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীর পক্ষে রুহুল আমিন নিকারী।

    এ সময় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল হত্যাকা-ের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আশ^স্ত করেন। তিনি বলেন, স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। এছাড়া ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল সহকারে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রেসক্লাবে হাজির হন গ্রামবাসী।

    উল্লেখ্য, সোমবার রাতে তালা উপজেলার নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় সেলিম নিকারীকে আটক করে মারপিট করে সরদার মশিয়ার, তার সহযোগী তুহিন শেখ ও রনি। সেলিম নিকারীকে বাঁচাতে গেলে বাবা লুৎফর নিকারীকে মারপিট করে তারা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মৎস্যজীবী লুৎফর নিকারী।

  • বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত

    অন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার টানা ১২তম দিনেও বর্ণবাদ ও পুলিশি নৃশংসতা বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিন সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী ওয়াশিংটনে। এছাড়া নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, সানফ্রান্সিসকো, ডেনভার, ডেট্রয়েট ও লস অ্যাঞ্জেলসে বড় বিক্ষোভ হয়েছে। তবে এসব বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ । কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় জ্বলছে এই প্রতিবাদের আগুন। নর্থ ক্যারোলিনায় ফ্লয়েডের জন্মস্থানের বাসিন্দারাও আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে তার প্রতি। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়ে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশেও। খবর বিবিসির।

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভে শামিল হয়। তারা হোয়াইট হাউসের প্রবেশপথের সড়কে মিছিল করে। এ সময় হোয়াইট হাউসের প্রবেশপথগুলো বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা।

    ওয়াশিংটন ডিসিতে অনেকে প্ল্যাকার্ডে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে রাস্তায় নেমে আসে। সেখানকার মেয়র মুরিয়েল বাউজার জনগণকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই ভিড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিচ্ছে। ট্রাম্পের চার্চ যাওয়ার পথ মুক্ত করতে এই ভিড় সরাতে টিয়ার গ্যাসও ছড়ানো হয়েছিল। ’

    বাউজার বলেন, ওয়াশিংটন ডিসিতে এমন করতে পারলে তিনি সব রাজ্যেই এমন করতে পারেন। কেউ তার কাছে নিরাপদ নয়। আমাদের সৈনিকদের সঙ্গে তিনি এমন করতে পারেন না।

    গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। ৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

    অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। একপর্যায়ে মারা যান তিনি। এ ঘটনার পরই বর্ণবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।  গত কয়েকদিন দেশটিতে বিক্ষোভ সহিংস হয়ে উঠেছিল। ট্রাম্প প্রশাসন অন্তত ৩০টি শহরে জারি করেছিল কারফিউ। তবে কারফিউ ভেঙেই বিক্ষোভ করেছে হাজারো মানুষ।

    এদিকে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়েছে অন্যান্য দেশেও। যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ার শনিবার কানায় কানায় পূর্ণ হয়ে উঠে প্রতিবাদী জনগণে। যদিও সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে সরকার। লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ, লাইসেস্টার ও শেফিল্ডেও অনেকে প্রতিবাদ জানায়।

    অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনেও হয়েছে প্রতিবাদ। ফ্রান্স, জার্মানি ও স্পেনেও অনেকে বিক্ষোভ প্রদর্শন করে।

  • এবার ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ !

    অনলাইন ডেস্ক: ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীর দখলে ইসরায়েল সরকার সম্প্রতি যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে খোদ ইসরায়েলিরাই বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নেন। খবর এএফপি’র।

    বিক্ষোভকারীরা হাতে ছিল ইসরায়েলি ও ফিলিস্তিনের পতাকা। ছিল পশ্চিম তীর দখল বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড। বেশ কয়েকটি এনজিও ও বামপন্থী রাজনৈতিক দল এই বিক্ষোভের উদ্যোগ নেয়।

    চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্য নিয়ে বিতর্কিত এক পরিকল্পনা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান নদী ঘেঁষা ফিলিস্তিন অধ্যুষিত এলাকা পশ্চিম তীরে ইহুদি জনগোষ্ঠীর বসতি স্থাপন এবং ইসরায়েল সরকারের অন্যান্য কৌশলগত কার্যক্রমে সবুজ সংকেত দেন।

    সম্প্রতি প্রধান বিরোধী বেনি গান্তসের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর যে জোট সরকার গঠিত হয়েছে তাতেও পশ্চিম তীর অধিগ্রহণের ব্যাপারটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ট্রাম্পের প্রস্তাবটি পাশের জন্য ১ জুলাই মন্ত্রী পরিষদ ও পার্লামেন্টে তুলতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

    ইসরায়েল সরকারের পরিকল্পনায় অবশ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনেরও কথা রয়েছে। তবে তাদের ভূমি কমিয়ে দেওয়া হবে। তাতে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের অন্যান্য মূল দাবিগুলোও বিবেচনায় নেওয়া হয়নি। ইসরায়েল সরকারের এসব একপেশে পরিকল্পনা শুরু থেকেই উড়িয়ে দিয়ে আসছে ফিলিস্তিনি নেতারা।

    এসব ঘটনা প্রবাহে ইসরায়েল-ফিলিস্তিনের বিরোধ চরমে পৌঁছেছে। এর মধ্যেই খোদ ইসরায়েলেই পশ্চিম তীর ইস্যুতে বিক্ষোভের ঘটনা ঘটল।

    ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের একজন আনাদ শ্রেইবার বলেন, “আমরা ফিলিস্তিনি-ইহুদিরা একে-অপরের অনেক ক্ষতি করেছি।”

    “আমরা ভাই ভাই-আমরা উভয়ই এখানে থাকার অধিকারী। পৃথক না থেকে ঐক্যবদ্ধ হলে আমরা অনেক কিছুই করতে পারব।”

    এডেন নামে আরেজন বিক্ষোভকারী বলেন, “ফিলিস্তিনিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর শান্তি নিশ্চিত করতে হবে।”

    “জাতিবিদ্বেষ আমাদের বা ওদের কারও জন্যই শান্তি বয়ে আনতে পারবে না, ন্যায় বিচারও বয়ে আনতে পারবে না।”

    ইসরায়েল সরকারের পশ্চিম তীর অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে এডেন বলেন, “অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে আমি ভীত। আমি মনে করি, পরিস্থিতি দাঙ্গায় রূপ নেবে। এমনকি যুদ্ধ বেধে যেতে পারে। আমরা এই পরিকল্পনা গ্রহণ করব না…এই পরিকল্পনায় শান্তি নেই।”