Tag: বরখাস্ত

  • দূর্নীতির দায়ে কালিগঞ্জের আলোচিত ডালিম মেম্বর বরখাস্ত

    হাফিজুর রহমান, কালিগঞ্জ: ভিজিডি কার্ড দেওয়ার নামে ঘুষ নেওয়ার ঘটনায় কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বহুল আলোচিত মীর সালমান রহমান ওরফে ডালিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ। গত ৩১ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরি সাক্ষরিত এক প্রজ্ঞাপনের চিঠিতে কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    চিঠিতে বলা হয়েছে যেহেতু সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিমের বিরুদ্ধে ভিজিডি চাউল বিতরণের নামে উপকার ভোগিদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক সাতক্ষীরা বর্ণিত ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।

    যেহেতু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওর্য়াডের সদস্য মীর সালমান রহমান ডালিমের এরুপ কার্য্কালাপের প্রেক্ষিতে জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশানিক দৃষ্টিকোণে সমীচিন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু ভিজিডি চাল প্রদানের নামে উপকার ভোগীদের নিকট হতে অর্থ আদায়ের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিমকে জনস্বার্থে ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

    উল্লেখ্য ইউপি সদস্য মৌতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ভিজিডি কার্ড দেওয়ার নামে ২১ জন সুবিধা ভোগীর নিকট থেকে দুই হাজার টাকা করে ঘুষ আদায় করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে তার সত্যতা মেলে। এছাড়াও রমজান মাসে করোনা ভাইরাসের মহামারির মধ্যে নিজে রোজাদার না হয়ে বাজারে ব্যবসায়ীদের নিকট হতে ইফতারির নামে হাজার হাজার টাকা চাঁদা আদায় করে তা ইফতারি না দিয়ে আতœসাৎ করে বলে অভিযোগ ওঠে।

    এছাড়াও তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি সহ একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নিজের স্ত্রী সন্তান থাকতে জাফরিন নামে এক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করে আবার বৌ উদ্ধারের জন্য থানায় অভিযোগ করে।

    এছাড়াও আব্দুল কাদের নামে এক সেনা সদস্য বাড়ী করতে গেলে তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    তার বরখাস্তের খবর শুনে মৌতলা বাজারের ব্যবসায়ীরা খুশিতে মিষ্টি বিতরণ করেছে এবং সস্তির নিশ্বাস ফেলেছে।

  • অনিয়মের অভিযোগে আরো ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

    করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তায় অনিয়ম ছাড়াও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

    মঙ্গলবার (২ জুন) চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছয়জন ইউপি সদস্য এবং একজন পৌর কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই দেশের অনেক জনপ্রতিনিধিদের নামে ত্রাণ আত্মসাতের অভিযোগের চিত্র গণমাধ্যমে প্রকাশ পায়। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে প্রশাসন। ফলে অনিয়মের প্রমাণ পেলেই তাদেরকে বরখাস্ত করছে সরকার।

    মঙ্গলবার ১১ জনের বহিষ্কারের মধ্য দিয়ে দেশে মোট ৮৫ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ ইউপি চেয়ারম্যান, ৫১ ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান রয়েছেন।

    ২ জুন সাময়িকভাবে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানরা হলেন-কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপির মো. আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির হাজি মোঃ. কাজল ভূঁইয়া, বরগুনা সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির মোঃ. শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।

    সাময়িকভাবে বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ. হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ. হানিফ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. রাণী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন (পলি)।

    এছাড়া চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ. সোলাইমান বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূত্র: ইত্তেফাক