Tag: নঈম নিজাম

  • আর কতটা ধ্বংস হবে স্বাস্থ্য ও ব্যাংকিং খাত

    একটা ভয়ের মাঝেই আছি। ছোটবেলায় শুনতাম মধ্যদুপুুরে জঙ্গলে তেঁতুল গাছের ধারেকাছে যাওয়া যাবে না। ভূত থাকে। গেলেই ভূত ঘাড় মটকে দেবে। কত দিন গোপনে তেঁতুল গাছের নিচে গিয়ে বসে থেকেছি ভূত দেখতে। পাইনি সেই ভূতের সন্ধান। বন্ধুদের পাল্লায় পড়ে অমাবস্যা রাতে শ্মশানঘাটে গেছি প্রেতাত্মা দেখতে। পাইনি খুঁজে। পরীদের সন্ধানে হেঁটেছি পূর্ণিমা রাতে। কারও দেখা মেলেনি। এ কারণে ভয়ডরটা আমার কম। মিডিয়ায় কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রভাবশালীদের হুমকি দেখেছি। এখনো দেখছি। কিন্তু ভয়টা আমাকে খুব কাবু করতে পারে না। সাহসটা পেয়েছি পারিবারিকভাবেই। মুক্তিযুদ্ধ করেছেন ভাই, মামা, খালাতো ভাই। শহীদ হয়েছেন ফুপাতো বোনের স্বামী। বারবার মৃত্যুর চেয়ে একবারে চলে যাওয়াই ভালো। কিন্তু সেই যাওয়াটা কীভাবে হবে চিন্তা এখন সেখানেই। করোনাকাল আমাদের ভয় ধরিয়ে দিয়েছে। ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসের চ্যালেঞ্জে পড়েছি থাইল্যান্ড গিয়ে। সবাই মাস্ক পরে হাঁটছে। আমাকেও হাঁটতে হয়েছে। তারপর বাংলাদেশে এমন হবে সেই ভাবনা তখনো আসেনি। মার্চে সবকিছু বদলে গেল। বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করলাম। কিন্তু শুরু থেকেই অফিস করছি। অফিসের বাইরেও বিভিন্ন মিটিংয়ে যোগ দিচ্ছি। বিভিন্নভাবে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। নিকটজনদের পাশে থাকতে। তার পরও আমার একটা ভয় কাজ করছে পরিবার-পরিজন নিয়ে। মায়ের বয়স ৯৬ বছর। তাঁর শরীরটা ভালো যাচ্ছে না। মুক্তিযোদ্ধা ভাইটির দুটি কিডনি বিকল। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হয়। তিনি ভয়ে ভয়ে হাসপাতালে যান। আরেক ভাই হার্টের রোগী। কিছুদিন আগে রিং বসিয়েছেন দ্বিতীয় দফা। মা অসুস্থ হলে ইউনাইটেডে এসে ভর্তি হতেন। কিন্তু এখন হাসপাতালে কীভাবে নিয়ে যাব? গেলে চিকিৎসা পাবেন তো? এক ধরনের উৎকণ্ঠা কাজ করে। এক ডাক্তার বন্ধু বললেন, আপনাকে এখন একদম অসুস্থ হওয়া যাবে না। শরীর খারাপ হলে টেলিমেডিসিন। সোজাসাপ্টা কথা। ডাক্তারদের মাঝেও উৎকণ্ঠা দেখি। ভয় দেখি। ডাক্তার হলেও সবাই তো মানুষ। শুরুতেই তাদের মধ্যে সঠিক আস্থাটা তৈরি করতে পারিনি আমরা। এন-৯৫ মাস্ক সরবরাহে হয়েছে বড় মাপের অনিয়ম। সেই অপকর্মের হোতাদের লালনপালন করা হচ্ছে। আর হুমকিতে রাখা হচ্ছে চিকিৎসকদের; যারা কথা বলছেন। না, কথা বলা যাবে না। তোমরা কথা বলতে পারবে না। বড় আজব একটা সময় পার করছি। কেউ অনিয়ম করলে কথা বলা যাবে না কেন? স্বাস্থ্য খাতে অন্যায়- চুপ থাকতে হবে কেন? চুপ করতে করতে আমাদের শেয়ারবাজার, ব্যাংক লুট হয়েছে। হলমার্কের সময় সতর্ক হলে এড়ানো যেত অনেক কিছুই।

    সমাজ-সংস্কৃতির অনেক কিছু বদলে গেছে। চিরকাল মানুষ চুপ করে বসে থাকবে মনে করলে ভুল। কোনো কিছুই জবাবদিহির বাইরে নয়। বাংলাদেশের স্বাস্থ্য ও ব্যাংকিং খাতের অনিয়ম কোনোভাবে জবাবদিহির বাইরে থাকতে পারে না। সরকারকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। অর্থমন্ত্রীকে কঠোর অবস্থান নিতে হবে। খেলাপি টাকা ফিরিয়ে আনতে হবে ব্যাংকে। প্রয়োজনে এ টাকা যেতে পারে করোনাভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় কোষাগারে। সাধারণ মানুষ সরকারের দিকে তাকিয়ে রয়েছে। অন্যায় দীর্ঘমেয়াদে চলতে পারে না। চাল চোরদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান প্রশংসিত হয়েছে। এখন দরকার স্বাস্থ্য খাত ও ব্যাংক নিয়ে কঠোর মনোভাব। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন নিয়ে। চুরিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আওয়ামী লীগের ভিতরে এখন নানা কিসিমের লোক ঢুকে গেছে। তাদের অনেকেই আছে সর্বনাশা খেলায়। এ খেলা সরকারের জন্য ইতিবাচক নয়। এই করোনাকালে পাবনা ছাত্রলীগের সহসভাপতি আটক হলেন ছিনতাই করতে গিয়ে! আর কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আটক হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি করতে গিয়ে! ওরা ছাত্রলীগে ঠাঁই পায় কী করে? বর্তমান সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভালো কিছুর চেষ্টা করছেন। তাদের ভালো কাজ ধূলিসাৎ করার জন্য একটা-দুইটা খারাপ কাজই যথেষ্ট। আবর্জনা ক্লিন করে সামনে যেতে হবে। আবর্জনা বেশি জমে গেলে ড্রেনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সবকিছু অচল হয়ে যায়। স্বাস্থ্য খাতে পরিবর্তনের দাবি আওয়ামী লীগের চিকিৎসকরাই বেশি করছেন। কারণ তারা বাস্তবে বাস করছেন। সমস্যাগুলো দেখতে পাচ্ছে। এ সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে খেসারত দিতে হবে। প্রকৃত বন্ধুর কাজ ভুল তুলে ধরে সংশোধনের অনুরোধ জানানো। অনুপ্রবেশকারীরা তা করবে না। তারা আহা বেশ বেশ করে সর্বনাশ করে দেবে। ধ্বংস করে দেবে সুস্থধারার রাজনৈতিক সংস্কৃতি। খারাপ সময়ে পালিয়ে যাবে। ইতিহাস তা-ই বলে। খারাপ সময়ে লড়াইটা আবার ত্যাগীদের করতে হয়। কষ্টটা সেখানেই হয়। ঝামেলা সেখানেই বাড়ে।

    ব্যাংকিং খাতে ঝামেলাটা কোথায়? ম্যারাডোনা টানটান উত্তেজনায় বিশ্বকে মাত করে গোল করেছিলেন ঈশ্বরের হাতের ছোঁয়ায়। আর আমাদের ব্যাংকিং খাতের ম্যারাডোনারা অদৃশ্য শক্তির জোরে সবকিছু লুটেপুটে নিচ্ছে। সংখ্যায় ওরা বেশি নয়। তার পরও মহাশক্তিশালী সবাই। ওদের ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বলা যাবে না ওদের বিরুদ্ধে কথা। আবু সালেহের ছড়ার কথা মনে করিয়ে দেয়। বুঝি না ব্যক্তিবিশেষের দায় সরকার কেন নেবে? এমন তো নয়, ওরা দুঃসময়ে আওয়ামী লীগকে কঠোর শ্রম, অর্থ দিয়ে ক্ষমতায় বসিয়েছে। দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে লড়েছে। তার পরও তাদের বিশাল ক্ষমতা বড়ই রহস্যজনক। চার-পাঁচ জন লোকের কাছে জিম্মি থাকতে পারে না আর্থিক খাত। বড় অদ্ভুত একটা অবস্থা। কেলেঙ্কারির কারণে একটি ব্যাংকের নাম বদল হয়েছে। আমাদের শিক্ষা হয় না। আরেকটি ব্যাংক একজন শেষ করে দিয়ে চলে গেলেন। তাকে কিছুই করা হলো না। ঘাটে ঘাটে প্রশান্ত হালদাররা এক দিনে তৈরি হননি। সাড়ে ৩ হাজার কোটি টাকা আসমান থেকে গায়েব হয়নি। মাটিতে হচ্ছে সবকিছু। সাধারণ মানুষও জানে আর্থিক খাতের খলনায়কদের নাম। অনেক লিজিং কোম্পানি গ্রাহকদের পথের ফকির বানিয়ে চলে গেছে। দেখার কেউ নেই। আমাদের ব্যাংকিং খাত যেন সোমনাথ মন্দির। যার যা খুশি তা করবে। কেউ কিছু বলবে না। গজনির সুলতান মাহমুদ (৯৭১-১০৩০ খ্রি.) বারবার সোমনাথ মন্দিরে হামলা করেন। মিথ আছে- এই সময়ে মন্দিরের সোনাগুলো লুট হয়েছিল ব্যাপকভাবে। প্রথমবার হামলার সময় সবকিছু লুটে নেওয়া সম্ভব হয়নি। তাই বারবার হামলা চালানো হয়েছিল। সোনার এ মন্দির আরাধ্য দেবতা সোমেশ্বর মহাদেবের নামে তৈরি। পুরাণ অনুসারে, চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি বেশি আসক্ত ছিলেন। এ কারণে অন্য ২৬ স্ত্রীকে উপেক্ষা করতেন। ব্যথিত, ক্ষুব্ধ এই ২৬ জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা। মেয়েরা গিয়ে বাবাকে সব জানান। দক্ষ ক্ষুব্ধ হয়ে ক্ষয়িত হওয়ার অভিশাপ দেন চন্দ্রকে। শাপ থেকে মুক্তি পেতে চন্দ্র প্রভাস তীর্থে শিবের আরাধনা করেন। এতে তার অভিশাপ অংশত নির্মূল করেন শিব। এরপর ব্রহ্মার উপদেশে চন্দ্র সোমনাথে একটি শিব মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রূপায়, কৃষ্ণ চন্দনকাঠে ও রাজা ভীমদেব পাথরের মন্দিরটি পুনর্নির্মাণ করেন। সে মন্দির লুটের কবলে পড়ে। ব্যাংক হলো জনগণের আমানত। সে আমানত রক্ষার দায়িত্ব সরকারের। ব্যক্তিবিশেষ শেষ করে দিতে পারে না তা। অন্যায় করে থাকতে পারে না দীর্ঘদিন। সবকিছুর জবাবদিহি জরুরি।

    জবাবদিহি না থাকলে সমস্যা তৈরি হবেই। এমনকি রাজা-বাদশাহকেও বিপদে পড়তে হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য তাজমহল তৈরি নিয়েও বুড়ো বয়সে বিপদে পড়তে হয়েছিল সম্রাট শাহজাহানকে। শেষ জীবনে পোহাতে হয়েছিল ভোগান্তি। ১৬৫৭ সালে অসুস্থ হন সম্রাট শাহজাহান। ছেলেদের মধ্যে শুরু হয় ক্ষমতার মারদাঙ্গা লড়াই। এ যুদ্ধ চলে এক বছর। দারাকে হারিয়ে যুদ্ধ শেষে ১৬৫৮ সালে আওরঙ্গজেব ক্ষমতা নিয়ে বন্দী করেন পিতাকে। একজন সাধারণ কায়েদির চেয়েও খারাপ অবস্থানে সম্রাটকে রাখা হয় আগ্রা দুর্গে। আট বছর বন্দী জীবনে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না সম্রাটের জীবনে। এ সময় তিনি আগ্রা দুর্গ থেকে মাঝরাতে তাজমহলের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতেন। কন্যা জাহানারাকে বলতেন, এই পরিণতি তো আমি আশা করিনি। এত কিছু করে নিয়তির নিষ্ঠুর পরিহাসে বন্দীজীবন কাটাচ্ছি। শাহজাহান ছিলেন ব্যতিক্রমধর্মী শাসক। ১৬৬৬ সালে সম্রাট শাহজাহান ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাজমহল ছাড়াও ভারতবর্ষে অনেক আধুনিক মনোরম স্থাপত্য নির্মাণ করে তিনি অনন্য নজির স্থাপন করেন। ময়ূর সিংহাসন ছিল তাঁর আরেকটি বড় চমক। ১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ এ ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যান। শাহজাহানের সাতটি সিংহাসন ছিল। এর মধ্যে ময়ূর সিংহাসন ছিল অনন্য। তখনকার সময়ে এটি নির্মাণে খরচ হয়েছিল ১ কোটি ডলার। বর্তমান মূল্য ১০০ কোটি ডলারের বেশি। পারস্যের এক শিল্পী সাত বছর অক্লান্ত পরিশ্রম করে ময়ূর সিংহাসন নির্মাণ করেন। এর বাইরেও দিল্লির লালকেল্লা, বড় মসজিদসহ অনেক স্থাপনা তিনি নির্মাণ করেন। লাহোরেও তাঁর নির্মিত অনেক স্থাপত্য ছিল। দিল্লি, কাবুল, কাশ্মীরসহ মোট ১৪টি গেট নির্মাণ করেন তিনি। সম্রাট শাহজাহান চেয়েছিলেন যমুনার দুই তীরে দুটি তাজমহল নির্মাণ করতে। ২২ বছর লেগেছিল শ্বেতপাথরের তাজমহল নির্মাণে। যমুনার অন্য পারে কালো পাথরের আরেকটি তাজমহল নির্মাণে হাতও দেন। কিন্তু পারলেন না। শুরু করার পরই অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়েই বন্দী হন পুত্রের হাতে। রাষ্ট্রের কোষাগারের টাকা তাজমহলসহ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে ব্যয়ের অভিযোগ আনা হয় সম্রাট শাহজাহানের বিরুদ্ধে। না, কোনো অনিয়ম নয়, অপ্রয়োজনীয় খাতের ব্যয় নিয়ে পুত্র ছাড়েননি পিতাকে।

    ভারতবর্ষে ইংরেজ শাসনের নায়ক ছিলেন লর্ড ক্লাইভ। প্রচন্ড ক্ষমতাধর এই ব্যক্তিকে শেষ জীবনে জবাবদিহিতে পড়ে আত্মহত্যা করতে হয়েছিল। ক্লাইভের মতো লুটেরা বাংলাকে ক্ষতিগ্রস্ত করেছেন বেশি। সম্পদে এ ভূখন্ড অনেক বড় অবস্থানে ছিল। ক্লাইভ বাংলার সম্পদে প্রলুব্ধ হন। ব্রিটেনে ফেরত যাওয়ার সময় ক্লাইভ নিয়ে যান ২ লাখ ৩৪ হাজার ইউরো সমমানের সম্পদ। এর আগে তিনি বিপুল সম্পদ পাঠান ইউরোপে। পরিণত হন ইউরোপের সবচেয়ে বড় ধনীতে। বিষয়টি ব্রিটিশ মিডিয়ায় চলে আসে। আমলে নেয় পার্লামেন্ট। গঠন করা হয় সংসদীয় তদন্ত কমিটি। সে কমিটির কাছে বারবার জবাবদিহি করতে গিয়ে ক্লান্ত হয়ে যান ক্লাইভ। তাতে তদন্ত থামেনি। বরং কমিটি ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে ক্লাইভকে। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নিজের পিস্তলের গুলিতে ক্লাইভ আত্মহত্যা করেন। ভারতবর্ষের সেই দাপুটে শাসক কি ভাবতে পেরেছিলেন তাকে একদিন জবাবদিহি করতে হবে? পড়তে হবে তদন্ত কমিটির মুখোমুখি। নবাব সিরাজদ্দৌলাকে হারিয়ে ক্ষমতায় আসেন ক্লাইভ। বড় বড় জাহাজে করে সম্পদ নিয়ে যান লন্ডনে। এ খলনায়কের শেষ পরিণতি হয়েছিল করুণ। ইতিহাসের শেষ বিচার সব সময় নিষ্ঠুরভাবেই হয়। কানাডার বাংলাদেশিরা ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। সমাবেশ করে বলেছেন, চুরি করে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষও থেমে নেই। সবাই সোচ্চার এখন দুর্নীতি, অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে। তাই বসে থাকলে চলবে না। জিরো টলারেন্সে থাকতে হবে স্বাস্থ্য খাত, ব্যাংকিং খাত আর ত্রাণের চাল, টাকা চুরির বিরুদ্ধে। প্রশান্ত হালদারকে পাওয়া গেলে বেরিয়ে আসবে ব্যাংকিং খাতের অনেক কেলেঙ্কারি। সে বাস্তবতা আজ না হলে কাল আসবেই। জানি না আমরা সেসব দেখে যেতে পারব কিনা। চারদিকে আলো-আঁধারির খেলা চলছে। নষ্টদের চলছে উল্লাসনৃত্য। মানবতা নিয়ে চলছে হাসিঠাট্টা। করোনাকালে ভেবেছিলাম পরিবর্তন আসবে। না, আসেনি। চারদিকে সবকিছু আরও খারাপ হচ্ছে।

    না, এ ভয়াবহতা আর দেখতে চাই না। অনেক তো হলো। তাকিয়ে দেখুন বিশ্ব শেষ হয়ে গেছে। ৩ লাখ মানুষ নাই হয়ে গেছে। তার পরও অন্যায়ের সঙ্গে থাকবেন? নষ্টামি অকারণে সহ্য করবেন? এখন সন্তান পিতার লাশের পাশে যায় না। বাবার মুখাগ্নি করতে ছেলে এগিয়ে যায় না। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে দূর থেকে আগুনের কাঠি ছুড়ে মেরে পালায়। এ ছেলেটি কেন এমন করল একবারও ভেবেছেন? আরও অনেক ঘটনা সামনে আসছে। সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানীদের নতুন করে ভাবতে হবে। শুধু জীবনের ভয়ে কি সবাই এমন করছে? মৃত্যুর ভয় থাকলে সবাই ঘর থেকে বের হচ্ছে কেন? আর ঈদবাজারে কেন এত ভিড়? ভাবুন সবকিছু নতুন করে। মনে রাখুন আগামী এক বছরের আগে কোনো কিছু স্বাভাবিক হবে না। এইডসের মতো করোনাভাইরাসেরও মেডিসিন পুরোপুরি আসবে না। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, আরও ১৭ মাস লেগে যাবে টিকা আসতে। ভরসা রাখা মুশকিল। ঈদবাজারে এক নারীকে টিভি সাংবাদিক প্রশ্ন করলেন, ভয় পাচ্ছেন না এই ভিড়ের মাঝে বাজার করতে? জবাব দিলেন, না, পাচ্ছি না। বিস্ময় নিয়ে দেখলাম। আসলে বদলে যাচ্ছে মানুষ। চিন্তাভাবনায় আসছে অনেক পরিবর্তন। পরিবর্তন আসছে বলেই ওরা বলছে, ভয় পাচ্ছি না। আওয়াজগুলো নতুন রূপ নিচ্ছে।সূত্র:বাংলাদেশ প্রতিদিন।

    লেখক : সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

  • গোপন সম্পদের সিন্দুকের মালিকরা কোথায়

     

    রহস্যময় গোপন সব সিন্দুক খুলুন। ক্ষমতাকে ব্যবহার করে গত ১১ বছরে অনেকে অর্থের পাহাড় গড়েছেন। নিয়েছেন বিভিন্ন ব্যবসার লাইসেন্স। সেই লাইসেন্স বিক্রি করে হয়েছেন বড়লোক। আবার অনেকে রাজনীতিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করেছেন। কেউ কেউ রাজনীতির ছত্রচ্ছায়ায় করেছেন ব্যাংক লুট। খালি করেছেন ব্যাংক ও আর্থিক খাত। বিদেশে কিনেছেন শপিং মল, পাঁচতারকা হোটেল, বিশাল অফিস ভবন। সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়ায় নিয়ে গেছেন দেশের অর্থ। অন্য দেশে ঘোষণা দিয়ে হয়েছেন শীর্ষ ধনী। আবার সরকারি চাকরি করেও অহংকারে মাটিতে পড়ত না পা অনেকের। একদিকে ক্ষমতা, অন্যদিকে অর্থের পাহাড়। হাঁটাচলাতেই দেখেছি পরিবর্তনের ঢেউ। জীবন চালানোর মতো দৃশ্যমান আয় ছিল না। কিন্তু ভোগবিলাসের শেষ ছিল না। লোক দেখানো কর্মকা-ও ছিল অনেক। জীবনে ব্যবসা-বাণিজ্য করেননি দুই টাকার, কিন্তু গাড়ি হাঁকাতেন বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের। অনেক করেছেন। অনেক দেখিয়েছেন এই শহরের মানুষকে। এবার অবৈধ অর্থবিত্তের মালিকরা বেরিয়ে আসুন। ঘাপটি মেরে বসে থাকবেন আর কত? আজ মরে গেলে কাল আপনাদের এই সম্পদের কী হবে? আর করোনা হলে তো কথাই নেই। আক্রান্তের খবরেই প্রিয়জনরা সরে যাবে! লাশ দাফনেও কেউ যাবে না। আপনি যত ক্ষমতাবান হোন না কেন, কোনো লাভ নেই। দুনিয়া বদলে গেছে। পৌনে ৩ লাখ মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪০ লাখ। বিজ্ঞান লড়ছে সবকিছু সামাল দিতে। কিন্তু পারছে না। বিজ্ঞান এখন পর্যন্ত ব্যর্থ বলে প্রতীয়মান। কখন গিয়ে শেষ হবে এই মহামারীর তান্ডব কেউ জানে না। লাশ দাফনের স্থান পাওয়া যাচ্ছে না এখন। এমন মৃত্যুর বিভীষিকা তৈরি হবে কে জানত!

    আচ্ছা বলুন তো, এই জীবনে এত অর্থসম্পদ দিয়ে কী করবেন? মানুষের চলার জন্য কত লাগে? আর কত রেখে যেতে হবে আগামীর জন্য? আজ চলে গেলে কাল কিছু থাকবে না। সব শেষ হয়ে মিশে যাবে মাটিতে। আর ঠিকভাবে দাফন না হলে কোথায় দেহ মিশবে নিকটজনরাও জানবে না। পরিবার খোঁজও নেবে না। বলছি না, হজরত ওমর (রা.) কিংবা স্বামী বিবেকানন্দের মতো সবকিছু ছেড়ে দেবেন। মাদার তেরেসার মতো একটা জীবন কাটিয়ে দেবেন মানবসেবায়। কিন্তু ন্যূনতম অবদান রাখতে সমস্যা কোথায়? আপনি আপনার অবস্থান থেকেই দাঁড়ান না মানুষের পাশে। সরকার চাইলে, চাপ দিয়ে পাচার করা টাকা ফেরত আনতে পারে। সেই টাকা নিয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। কিন্তু আপনি স্বেচ্ছায় দিন না ত্রাণ তহবিলে। এতে রাষ্ট্র ও সরকার উপকৃত হবে। আগামী দিনে আর্থিক সংকট থাকবে না। ঝামেলা থাকবে না। নগদ অর্থ মানুষের হাতে যাবে। খেটে খাওয়া মানুষ নিস্তার পাবে। অন্যদিকে ব্যাংকগুলোও স্বস্তি পাবে। বিত্তশালীদের এখন লুকিয়ে থাকলে চলবে না। বিত্তশালী মন্ত্রী, এমপি রাজনীতিবিদদেরও মানুষ পাশে চায়। সরকারি ত্রাণ কর্মকর্তারা বিতরণ করুক। আপনারা দিন নিজের জমানো তহবিলের টাকা। তাহলে অনেক কিছু বদলে যাবে। প্রভাবশালী মন্ত্রী-এমপিদের বড় অংশই বিত্তশালী। আগের যুগের আওয়ামী লীগ আর নেই। কমবেশি সবাই ব্যবসা করেন। কিছুদিন আগে একজন ব্যবসায়ী মন্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা। এমন বিত্তশালী মন্ত্রীদের মানুষ তাদের পাশে চায়।

    সরকারি ত্রাণ দিয়ে নিজের বড়াইয়ের কিছু নেই। পত্রিকায় ছবি প্রকাশ, টেলিভিশনে চিত্র প্রদর্শনের আগে বিবেকের কাছে প্রশ্ন করুন। মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। এবার সিন্দুক খুলুন। বের করুন অর্থবিত্ত। মানুষের পাশে দাঁড়ান। বেশি কিছু লাগে না মানুষের মন জয় করতে। ঘাপটি মেরে পালিয়ে থাকলে মানুষ ব্যথিত হবে। এই ব্যথার দাগ আগামীতে আপনাকে আঘাত হানবে। সরকারি অর্থে এই সংকট সম্পূর্ণ মোকাবিলা সম্ভব নয়। দরকার সবার সম্মিলিত প্রয়াস। কাজ করতে বেশি কিছু লাগে না। একটা উদার মন দরকার। সেই মনটা থাকলে অনেক কিছু করা যায়। জনপ্রতিনিধি হিসেবে আপনি এগিয়ে এলে অন্যরাও আসবে। পরিকল্পিতভাবে কাজ শুরু করুন। নিজের এলাকার গরিব মানুষের তালিকা করে দান করুন। এরপর সব জেলা সদরে সরকারি হাসপাতালে আইসিইউ স্থাপন করুন। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দিন হাসপাতালে। আচ্ছা আমাকে কেউ বলবেন, কয় টাকা লাগে হাসপাতালে পাঁচটি আইসিইউ স্থাপনে? আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে ফোন করলাম। তিনি ফেনীতে পাঁচটি আইসিইউ স্থাপন করেছেন ব্যক্তিগতভাবে। বৃহত্তর নোয়াখালীর কোনো হাসপাতাল এই প্রথম আইসিইউর মুখ দেখল। তিনি বললেন, পাঁচটি স্থাপনে খরচ পড়ছে ২ কোটির সামান্য বেশি। শুনে বিস্ময়ের ঘোর লেগে গেল। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ বছরে কী করেছে দেশবাসীর জন্য? বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ আছে। বাকি জেলা শহরগুলোয় পাঁচটি করে আইসিইউ স্থাপনে খরচ পড়বে মাত্র ১০০ কোটি টাকা। অথচ আমরা তা করতে পারছি না। সরকারি হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট থাকে আল্লাহর বারো মাস। কারণ হাসপাতালের সামনে একটি করে ক্লিনিক থাকে। ওখানে হয় সব টেস্ট। ব্যবসার ওপর চলে আরেক ব্যবসা। এভাবে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা টিকবে না। দরকার দুর্নীতিমুক্ত পরিকল্পিত উন্নয়ন; যা শুরুর সময় এখনই।

    এক বন্ধু বললেন, আমরা পারছি না স্বভাব খারাপের জন্য। কিতাবে আছে গোয়ালে নেই নীতির কারণে। আমাদের হাসপাতালগুলোয় ইকুইপমেন্টের বিশাল তালিকা থাকে। বছর বছর কেনা হয়। মেরামত হয়। বাস্তবে কোনো সাপ্লাই হয় না। এসব ঘটনা ধরাও পড়ে। কারও কিছু হয় না। সমস্যা এখানেই। সরকারি দলের ব্যবসায়ী মন্ত্রী-এমপিদের বলছি, নিজের অর্থে হাসপাতালগুলোয় আইসিইউ স্থাপন করুন। মানুষের মন জয় করুন চিরস্থায়ীভাবে। দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারি ত্রাণ আমলারা বণ্টন করুক। আপনারা নিজের ব্যাংকের দরজা খুলুন। দান করুন নিরীহ মানুষকে। অসম্ভব বলে কিছু নেই। সরকারি দলের অনেক এমপি রাতদিন কাজ করছেন এলাকায়। অনেকে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। গরিবের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ এটুকুই চায়। বেশি কিছু না। এই মহামারী শেষ হতে সময় লাগবে। এত দ্রুত কোনো সমাধানই আসছে না। প্রকোপ কমছে। কিন্তু শেষ হচ্ছে না কোনো কিছু। আগামী দুই বছর থাকবে কঠিন এক অবস্থা। কে বাঁচব কে মরব কিছুই জানি না। জন্ম হলে মৃত্যু হবেই। কিন্তু এ কেমন মৃত্যু? কত মানুষের লাশ পথেঘাটে পড়ে থাকছে। পরে পুলিশ এসে দাফনের ব্যবস্থা করছে। দুনিয়ার ক্ষমতাবান মানুষটি অসহায়। লন্ডভন্ড দুনিয়াকে কে স্বাভাবিক করবে? আবার কবে ফ্লাইট হবে স্বাভাবিক? আতঙ্ক ছাড়া কবে মানুষ প্লেনে উঠবে? বলতে পারেন কেউ? পারবেন না। মাঝেমধ্যে মনে হয় সবকিছু একটা দুঃস্বপ্ন। একটু পর ঘুম থেকে উঠে দেখব সব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কোনো কিছুর বদল হয় না। বরং খারাপ খবরগুলো আরও বেশি করে আসতে থাকে।

    ভেবেছিলাম মানবতা ফিরে আসবে। মহামারী দেখাবে নতুন পথ। দূর হবে সব হিংসা-বিদ্বেষ। কমবে ক্ষমতার অহংকার আর দম্ভ। মানবতার কথা বলবে সবাই। এই সময়ে অপরাধে জড়াবে না কেউ। হবে না খুনোখুনি। চুরি-ডাকাতি দেখব না। মানুষের চিন্তা-চেতনায় আসবে পরিবর্তন। নতুন এক সূর্যের আলো দেখব। অন্ধকার কেটে গেলে সুস্থতা ফিরে আসবে আমাদের সমাজে। কিন্তু না, আমার হিসাবটা ভুল হয়েছে। সবকিছু আগের মতোই আছে। কোথাও কোথাও হয়েছে আগের চেয়ে খারাপ। জগতে কেউ মদ বেচে দুধ কেনে। আবার কেউ দুধ বেচে কেনে মদ। জীবন থেকে আমরা কিছুই শিখি না। ছবি করতে গিয়ে স্ত্রীর গয়না বিক্রিও করেছিলেন সত্যজিৎ রায়। ‘পথের পাঁচালি’ বিভূতিভূষণের বইয়ের সঙ্গে মেলাতে গিয়ে কষ্ট করেছেন রাতদিন। সেই ছবির সব অভিনয়শিল্পীই বিখ্যাত হয়েছিলেন। উপন্যাসের ইন্দিরা চরিত্রের বৃদ্ধাকে খুঁজতে গিয়ে হয়েছিল সবচেয়ে বেশি ঝামেলা। পঁচাত্তর বছরের গাল তোবড়ানো, মাজা ভেঙে শরীর সামনের দিকে ঝুঁকে পড়া বৃদ্ধা কোথায় পাবেন? তারপর আবার অভিনয় জেনে কাজ করতে হবে সত্যজিতের মতো পরিশ্রমী মানুষের সঙ্গে। কত লোক আসে যায় কিন্তু মেলে না কোনো কিছু। হতাশার চূড়ান্ত মুহূর্তে ছবির এক অভিনেত্রী খবর দিলেন কলকাতার অন্ধকার গলিতে এক কক্ষে অভাব-অনটনে নিঃসঙ্গ এক বৃদ্ধার বাস। নাম চুনিবালা দেবী। বয়সকালে টুকটাক অভিনয় করেছেন। শেষ বয়সে সহায়হীন অবস্থায় এক কক্ষে থাকেন। জগৎ-সংসারে কেউ নেই। সত্যজিৎ এই বৃদ্ধাকে দেখেই পছন্দ করলেন। ছবি করতে গিয়ে বৃদ্ধার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করত সত্যজিৎকে অনেক সময় কাট বলতে ভুলে যেতেন। পথের পাঁচালি নির্মাণ শেষ হলো। বৃদ্ধারও জীবন ঘনিয়ে এলো। ছবির মুক্তি আর দেখে যেতে পারলেন না। বিদায়ের আগে জেনে যেতে পারলেন না সত্যজিতের ছবিতে অভিনয় করে বিশ্ব সিনেমার ইতিহাসে নাম লেখানোর কথা।

    সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সঙ্গে আমার চেনাজানা ছিল না। তিনিও সেভাবে পরিচিত ছিলেন না। তবে এই নামে অন্য একজন সাংবাদিক ছিলেন সত্তর ও আশির দশকে। সংবাদ ও খবরে কাজ করেছেন। তারপর পেশা ছেড়ে দূরে চলে গেছেন। বর্তমান সময়ে আলোচিত কাজল একজন আলোকচিত্র সাংবাদিক। প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে কিছুদিন সম্পৃক্ত ছিলেন। মেইনস্ট্রিম মিডিয়ায় ভালোভাবে সুযোগ পাননি। কিন্তু অদম্য অবস্থান থেকে কাজ করেছেন বিভিন্ন স্থানে। সর্বশেষ একটি দৈনিকের ডিক্লারেশন নেন। এ পত্রিকাটি বের করতেন স্বল্পপরিসরে। শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময় কাজল অনেক ছবি তুলেছেন। সেই কাজল হঠাৎ নিখোঁজ হলেন। এর আগে তার বিরুদ্ধে মামলা হলো পাপিয়াকান্ড নিয়ে ফেসবুকে লেখালেখির কারণে। কাজলের নিখোঁজের খবর পত্রিকাগুলোও প্রকাশ করে। সম্পাদক পরিষদ বিবৃতি দেয়। আমি নিজেও ফেসবুকে লিখি। তারপর ৫৪ দিন চলে যায়। কাজলের খবর নেই। ৫৪ দিন পর কাজল বেনাপোল সীমান্তে উদ্ধার হন নিজের দেশে অনুপ্রবেশকারী হিসেবে। বুঝলাম না কিছুই! নিজের দেশে আবার কীসের অনুপ্রবেশকারী? কীভাবে প্রমাণ করবেন তিনি এই লকডাউনে অনুপ্রবেশ করেছেন? ভারতের সীমান্ত দিয়ে এখন কারও কি আসা সম্ভব? বর্ডার গার্ড তাকে হস্তান্তর করল থানায়। পুলিশ পিছমোড়া বেঁধে নিয়ে যায় আদালতে। আদালত ৫৪ ধারায় পাঠায় জেলখানায়। কী বার্তা দিলাম আমরা বিশ্বের কাছে? বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হলো কাজলের হ্যান্ডকাফ পরা পিছমোড়া ছবি। মানুষ লিখল মুক্ত সাংবাদিকতা দিবসে মিডিয়ার হাতে হাতকড়া। মিডিয়া নিয়ে সরকারকে কারা বুদ্ধি দেয় জানি না। তবে এটুকু বুঝি, কাজলকে দিয়ে একটা সর্বনাশ হয়েছে। কাজল হয়েছেন আন্তর্জাতিক তারকা। আর বিশ্ব মিডিয়ার কাছে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের প্রেস ফ্রিডম।

    যুগে যুগে অতি উৎসাহীরা সর্বনাশটা করে। তারা ভাব দেখায় অনেক কাজ করছে। বাস্তবে কাজের চেয়ে সর্বনাশটাই বেশি করে। কাজলকান্ডে সর্বনাশ হয়েছে। সরকারের ভালো অর্জনগুলো ম্লান হয়েছে। আগামীতে এমন আরও কান্ড ঘটালে সরকারের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকবে। জানি এই কথাও কারও ভালো লাগবে না। সত্য সব সময় স্পর্শকাতর। আর স্পর্শকাতর বিষয়গুলো কারও কারও মাথাব্যথার কারণ। মিডিয়া চাল চোরের খবর প্রকাশ করলে কারও কারও শরীরে জ্বালা ধরে। পাপিয়াকান্ড, ক্যাসিনো আর চাঁদাবাজির খবর দিলে ওদের মাথা খারাপ হয়। আরে বাবা! চোর ধরছে কে? চোর তো আগে সরকার ধরছে। আইন প্রয়োগকারী সংস্থা অ্যাকশন নিয়েছে সরকারপ্রধানের নির্দেশে। তারপর মিডিয়া খবর দিচ্ছে। এ খবর কীভাবে ধামাচাপা দেবে সবাই! আর এসব খবর প্রকাশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন কোথায় হলো? বরং আইনের শাসনে সরকারের কঠোর অবস্থান সামনে আসে। সরকার চোর ধরবে মিডিয়া খবরও দিতে পারবে না! চোরে চোরে মাসতুতো ভাইয়েরা সাবধান হোন। বন্ধ করুন আপনাদের আজব কথাবার্তা। বাস্তবতায় ফিরে আসুন। এই মহামারীর সময়ে আয়নায় নিজেদের চেহারাটা দেখুন। কোনো অন্যায়ই দীর্ঘ সময় চলতে পারে না। প্রকৃতি বলে একটা কিছু আছে। প্রকৃতির বিচারের চেয়ে বড় কিছু আর নেই। পবিত্র কোরআনে পরিষ্কার বলা আছে- সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন হলেই প্রকৃতি ভয়াবহ শোধ নেয়। এখন যেভাবে নিচ্ছে। সারা দুনিয়ার মানুষ আজ বন্দী। অসহায় হয়ে দিন কাটাচ্ছে সবাই। এই সময়ে ক্ষমতার দম্ভ কারোর ভালো লাগবে না। তাই দয়া করে সরকারে থেকে চোরদের পক্ষে কথা বলা বন্ধ করুন। আপনাদের কথা বলতে দেখে মানুষ সন্দেহ করে। ক্যাসিনো আর পাপিয়াকান্ড মিডিয়ায় কখন এলো? এসেছে সরকার ধরার পর। ক্যাসিনো, ছাত্রলীগ, যুবলীগের কমিটি ও টেন্ডার বাণিজ্যের খবর মিডিয়া কোথা থেকে পেয়েছে? সরকারই দিয়েছে।

    বড় বড় চেয়ারে বসলে বিশালত্ব আসে না। ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। মোগলদের শেষ বংশধর বাহাদুর শাহকে আক্ষেপ নিয়ে মরতে হয়েছিল রেঙ্গুনের নির্জনবাসে। নিজের দেশে দাফনের জন্য একখন্ড জমিও মেলেনি। এই দেশে ৫০ বছরে কত লোক মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কয়জনের নাম কে মনে রেখেছে? প্রেসিডেন্ট ভবনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কত দাপুটে আসছেন গেছেন, তাদের কথা কারও স্মরণে নেই। এরশাদের সামরিক সচিবালয়ের সেই মেজর মুন্নার জীবন কাটছে বড় অসহায় অবস্থায়। কেউ খবরও রাখে না। ওয়ান-ইলেভেনের সময়ের মোখলেসুর রহমান চৌধুরী এখন পরবাসে। এ দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ দুই কর্মকর্তা এখন কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন। ইতিহাস ভীষণ নিষ্ঠুর। ক্ষমতা আসলে দুই দিনের। আমাদের এই বয়সে কম দেখা হলো না। আজ আছি, কাল না-ও থাকতে পারি। মিছে ক্ষমতার অহংকার করে কী হবে? মানবিকতাকে কেন শেষ করে দেবেন? দুই দিনের এই দুনিয়ায় এখন সবচেয়ে ভয়াবহ সময় অতিবাহিত করছে মানবজাতি। হুট করে শুনি নিকটজনদের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত। এক দিন পরে শুনি তিনি চলে গেছেন চিরতরে। জানাজাও ঠিকমতো হয় না। আপনজনরা অংশ নিতে পারে না শেষকৃত্যানুষ্ঠানে। তার পরও মানুষের অহংকার থাকবে কেন? শেষ করছি পুলিশের একজন কর্মকর্তার একটি লেখার অংশ দিয়ে। ডিএমপির কর্মকর্তা আক্ষেপ করে লিখছেন, ‘গুলশানের ফ্ল্যাটে থাকলেও মানুষের মানসিকতা বদল হয়নি।’ আসল কাহিনি এক দারোয়ানকে নিয়ে। এই খারাপ সময়ে ফেরিওয়ালা ঝাড়ু বিক্রি করতে যায় গুলশান এলাকায়। ফ্ল্যাটের গিন্নি নিচের দারোয়ানকে নিয়ে এলেন ঝাড়ু কিনতে। ফেরিওয়ালা দাম চায় ৬০ টাকা। দাম বেশি বলে গিন্নি ব্যথিত হলেন। এই ক্ষোভে ক্ষুব্ধ দারোয়ান থাপ্পড় মারল ফেরিওয়ালাকে। ফ্ল্যাট মালকিন ওপরে চলে গেলেন। মার খেয়ে কাঁদতে কাঁদতে ফেরিওয়ালা সামনে হাঁটতে থাকে। হঠাৎ পুলিশের গাড়ি দেখে নিজের দুঃখের কথা জানায়। গাড়িতে ছিলেন এডিসি পর্যায়ের একজন কর্মকর্তা। তিনি সব শুনে গুলশানের সেই বাড়িতে গেলেন। ব্যবস্থা নিলেন। সতর্ক করলেন গুলশান গিন্নিকে। তারপর পুলিশ কর্মকর্তা ফেসবুকে লিখলেন- ‘ওদের তুমি গুলশানে রেখেছ মানুষ করনি।’ গুলশানে অনেক ভালো মানুষও থাকেন। তারা আবার মন খারাপ করবেন না। সবাই এক নন।সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

    লেখক : সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

  • নেতার মদে পানি এবং সমন্বয়হীনতা

    একটা গল্প দিয়ে শুরু করি। এ গল্পটা পাঠিয়েছেন এক বন্ধু। কে লিখেছেন জানি না। সংগ্রহ বলতে পারেন। এক রাজনীতিবিদ আছেন হোম কোয়ারেন্টাইনে। নেতার আবার অভ্যাস একটু-আধটু পান করা। এই দুঃসময়ে পাবেন কোথায়? তাই প্রতিদিন সংগ্রহে থাকা মদ কম করে পান করেন। রাখার সময় বোতল খেয়াল করে দেখেন কতটুকু খেলেন। সন্ধ্যাকালীন পানের পর বোতল রাখতে দেন কাজের ছেলে আবদুলকে। আবদুল অন্য সময় বাংলা খায়। কিন্তু এখন করোনাকালে বাংলা পাবে কই? আর তা ছাড়া সাহেব বলে দিয়েছেন হোম কোয়ারেন্টাইন। বাড়ি থেকে বের হওয়া যাবে না। আবদুল বাড়িতেই থাকে।

    বাড়িতে কাজ করলেও আবদুলও রাজনীতি করে। নেতার সমর্থনে মাঝেমধ্যে মিছিল-মিটিংয়ে যায়। তাই তার গলার স্বরও একটু উঁচু। নেতার পানের পর আবদুলও বোতল থেকে নিয়ে একটু-আধটুু খায়। তারপর পানি মিশিয়ে সমান করে বোতল রেখে দেয়। নেতা পরদিন খাওয়ার সময় দেখেন বোতলে যা রেখেছিলেন সব ঠিক আছে কিনা। তারপর নেতা আবার পান করেন। এদিকে আবদুল তার কাজ করে চলছেই। এভাবে চলতে থাকে। একদিন পান করতে গিয়ে নেতা দেখেন মদটা কেমন জানি পানসে। অ্যালকোহলের নামগন্ধ নেই। নেতা বুঝতে পারেন কিছু একটা ঝামেলা হয়েছে। মেজাজটা খারাপ হয়ে যায়। ড্রয়িংরুম থেকে হাঁক দেন- আবদুল! কই তুই? আবদুল জবাব দেয়, লিডার আমি কিচেনে। নেতা বললেন, তুই হুইস্কিতে পানি মিশিয়ে রেখেছিস কেন? হুইস্কি গেল কই? আবদুল জবাব দেয় না। নেতা ছুটে গেলেন কিচেনে। বললেন, তোকে জিজ্ঞেস করলে জবাব নেই কেন? আবদুল বলল, নেতা! কথা কীভাবে বলব, কিচেনে শুধু নামের ডাকটা শোনা যায়। পরের কথাগুলো শুনতে পাই না। নেতা বললেন, এটা কী ধরনের কথা। আবদুল বলল, লিডার! আপনি কিচেনে থাকুন। আমি ড্রয়িংরুমে গিয়ে ডাক দিচ্ছি। আপনি দেখুন শোনেন কিনা। নেতা এ প্রস্তাবে রাজি হলেন। আবদুল গেল ড্রয়িংরুমে। বললেন, নেতা শুনতে পান? নেতা বললেন, অবশ্যই শুনতে পাই। এবার আবদুল বলল, ত্রাণের বরাদ্দ চুরি করেছে কেডা? কিচেন থেকে জবাব নেই। পাঁচ তারকা হোটেলে পাপিয়ার আমন্ত্রণে গেছিল কেডা? কিচেন থেকে উত্তর নেই। এবার আবদুল বলল, ভোটের সময় কে বলেছিল সুখে-দুঃখে তোমাদের পাশে আছি। অথচ এখন করোনাকালে লকডাউন হয়ে বাড়িতে বসে আছে কে? সরকারি প্রকল্প থেকে ভোটে খরচ করা টাকা ওঠাল কে? কিচেন থেকে জবাব আসে না। আবদুল কিচেনে গেল। বলল, কিছু শুনতে পেয়েছেন লিডার? জবাবে নেতা বললেন, তুই ঠিক বলেছিস কিচেন থেকে শুধু প্রথম ডাকটাই শোনা যায়। বাকি কিছু শোনা যায় না!

    একদম নিছক গল্প। এবার আরেকটা শুনুন। রাজধানী ঢাকায় বৈশাখের বিকালে এক লোক বের হলেন জরুরি কাজে। হঠাৎ ঝড় শুরু হলো। লোকটি গিয়ে আশ্রয় নিল একটি গাছের নিচে। কিন্তু দুর্ভাগ্য! ঝড়ে গাছটির বড় ডাল ভেঙে পড়ল লোকটির ওপর। এর মধ্যে ঝড় থামল। একজন মানুষকে জীবন-মৃত্যুর মাঝখানে দেখে পথচারীরা খবর দিল ফায়ার সার্ভিসে। দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এলো। তারা দেখল ঝড়ে গাছের সঙ্গে ইলেকট্রিসিটির লাইটের খাম্বাও পড়ে গেছে। আগে খাম্বা সরাতে হবে। তারপর গাছের ডাল। বিপদে পড়ল ফায়ার সার্ভিস। সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে তারা কীভাবে কাজটা শুরু করবে। একটা প্রটোকলেরও ব্যাপার আছে। ডিপার্টমেন্টাল ঝামেলা তো আছেই। গাছের মালিক সিটি করপোরেশন। আর খাম্বার মালিক ডেসা। তাদের আগে জানাতে হবে। তারপর উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস প্রটোকল মেনে জানাল সিটি করপোরেশনকে। এলেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। তারা বললেন, কারও একলা সিদ্ধান্তে হবে না। বিদ্যুৎ বিভাগের লোকজনকেও আসতে হবে। তারাও এলেন। এবার সবাই বললেন, ওয়াসাকে ডাকলে ভালো হয়। গাছের নিচে থাকা মানুষটি কাতর কণ্ঠে বললেন, ভাই! যারে খুশি ডাকা দরকার পরে ডাকুন। তার আগে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। আমাকে বাঁচান ভাইয়েরা। দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এগিয়ে গেলেন। মিডিয়া সবকিছু লাইভ করছে। কর্মকর্তারা বললেন, তোমার উদ্ধারের জন্যই আমরা এতগুলো মানুষ কষ্ট করছি। চেষ্টা করছি। ওপরে একটু পরপর রিপোর্ট করছি। আমাদের কষ্টটা তোমাকে বুঝতে হবে। পরীক্ষা-নিরীক্ষা, আলোচনা চলছে। অসহায় মানুষটির শ্বাস-প্রশ্বাস তখন আসে যায়। এ সময় মেডিকেলের অ্যাম্বুলেন্সও এসে হাজির। এগিয়ে যায় তারাও। বাকি ডিপার্টমেন্টগুলো বলল, ভালো হয়েছে তোমরা এসেছো। জরুরি উদ্ধার কমিটি হয়েছে। ক্রান্তিলগ্নে সবাইকে কাজ করতে হবে। সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে হবে। দেখতে হবে কার কী দায়িত্ব। প্রটোকল অনুযায়ী কে কীভাবে কাজ করবে। এখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর বিষয়ও আছে। বিশেষ করে মানবাধিকার সংস্থার। তাদের প্রতিক্রিয়াও দেখার বিষয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। ফ্লাডলাইট লাগানো হয় উদ্ধার অভিযানের সুবিধার্থে। মিডিয়া লাইভ চলছে সন্ধ্যা থেকে। রাতের টকশোগুলোতেও এ নিয়ে আলোচনা চলছে। কিন্তু গাছের লোকটার দম তখন যায় যায়। সিদ্ধান্ত ঝুলতে থাকে। সমন্বয় আলোচনা হতে থাকে উদ্ধারের জন্য আনা জিনিসপত্রের মান নিয়ে

    আচ্ছা কেউ আমাকে বলবেন, আমাদের এমপি সাহেবদের ধান কাটতে হবে কেন? সাহায্য করতে হলে কৃষককে নগদ টাকা দিন। তারা ম্যানেজ করবে সবকিছু। ছাত্রলীগ অবশ্যই ভালো কাজ করেছে। তাদের প্রশংসা প্রধানমন্ত্রী করেছেন। আমরা মিডিয়াও করছি। এই দেখে বড় সাহেবদের ঘুম হারাম হয়ে গেল। তারা শুরু করলেন ফটোসেশন। বুঝলাম না কিছুই। কেন নাটক করতে হবে এই দুঃসময়ে? আর্তমানবতার পাশে দাঁড়ানোর কাজের কি অভাব পড়েছে? মানুষ স্বাভাবিক চিকিৎসা পাচ্ছে না। ঘাটে ঘাটে সমন্বয়হীনতা। অসহায় মানুষের আর্তনাদ ঘরে-বাইরে। জীবন-জীবিকার এক কঠিনতম সংগ্রাম চলছে। এই সময়ে কৃষক নিয়ে হাসি-ঠাট্টার কী দরকার জনপ্রতিনিধিদের? এখন ফটোসেশন করতে হবে লোক দেখানো? ধান কাটতে মাশরাফির কাছে শিখুন। ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতি সেভাবে করেননি। আর করেননি বলেই নষ্ট হননি। ধান কাটার মেশিন দিয়ে দিয়েছেন কৃষককে। কৃষক মনের আনন্দে ধান কাটছে। এ যুগে কাস্তের দরকার নেই। ধান কাটা ও মাড়াইয়ের মেশিন আছে। এমপি সাহেবরা সেই কাজটুকু করলেই পারেন। আরেকটু বেশি করতে চাইলে নারায়ণগঞ্জ যান। দেখুন কাউন্সিলর খোরশেদ কীভাবে কাজ করছেন।

    খোরশেদ আজ করোনা মোকাবিলার হিরো। ৩৫টি লাশের সৎকার করেছেন। সর্বশেষ দাহ করলেন ব্যবসায়ী খোকন সাহার লাশ। হঠাৎ অসুস্থ হলেন খোকন সাহা। প্রথমে ভাবলেন তেমন কিছু হয়নি। সামান্য গলা ব্যথা, জ্বর; ঠিক হয়ে যাবে। কিন্তু না, শরীর আরও খারাপ হতে থাকে। বন্ধ হয়ে আসতে থাকে শ্বাসপ্রণালি। জ্বরও বাড়তে থাকে। বাসায় ছোট দুটি মেয়ে আর স্ত্রী। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে ফোন করলেন একটু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কেউ এগিয়ে এলেন না। শেষ মুহূর্তে স্ত্রী, মেয়েরা ধরাধরি করে চার তলা থেকে নামাতে থাকেন নিচে। কোনো একটি হাসপাতালে নিয়ে বাবাকে বাঁচাতে চায় মেয়েরা। কিন্তু শেষ সিঁড়ি অতিক্রম করা হলো না। মাঝপথেই ঢলে পড়লেন খোকন সাহা। চলে গেলেন চিরতরে। মেয়েরা চিৎকার করে বাবা বাবা বলে কাঁদতে থাকে। স্ত্রী ফোন করেন নিকটজনদের। কেউ এলো না। লাশের পাশে বসে থাকলেন তারা তিনজন। ওদের আর্তচিৎকার আর কান্নায় কারও মন গলল না। বন্ধ হয়ে গেল আশপাশের জানালাগুলো। খবর পেয়ে ছুটে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর খোরশেদ। সঙ্গে আসেন তার সহযোদ্ধারা। লাশটি তুলে নেন তারা। তারপর নিয়ে যান শ্মশানে। কিন্তু মুখাগ্নি করবে কে? পরিবারের কেউ নেই। খোরশেদ যোগাযোগ করলেন খোকন সাহার পরিবারের সঙ্গে। তারা অনুমতি দিলে খোরশেদ নিজেই মুখাগ্নি করলেন খোকন সাহার। ছাত্রলীগের একটি মেয়ে হিন্দুধর্মের। সন্ধ্যায় ইফতার বানিয়ে পৌঁছে দিচ্ছেন গরিব মুসলিম ভাইদের। এরই নাম মানবতা। মানুষের পাশে মানুষের দাঁড়ানো।

    একটা কঠিন সময় পার করছি আমরা। করোনাকালে ঠিক নেই কোনো কিছু। সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু মিডিয়া কর্মীদের মাঝে ক্ষরণ তৈরি করেছে। ভাবতেও পারিনি খোকন এভাবে চলে যাবে। ভীষণ স্নেহ করতাম তাকে। কারণে অকারণে আমার কাছে আসত। অনেক সময় প্রশ্ন করতাম খোকন কেন এসেছ? বলত, ভাই কোনো কাজ নেই। আপনাকে দেখতে এলাম। মানুষের ভালোবাসা বড় অদ্ভুত। এই জীবনে অনেক মানুষ কোনো কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। খোকন তাদের একজন। সন্ধ্যায় শাবান মাহমুদ ফোনে বলল, খোকন গুরুতর অসুস্থ। সন্দেহ করোনাভাইরাস। গলা ব্যথা, জ্বর। ফোন করেছে বিকালে। রিজেন্ট হাসপাতাল ওর বাসার কাছে। ওখানে ভর্তি করেছি। আপনাকে জানাতে বলেছে। মনটা খারাপ হয়ে গেল। এরপর বারবার শাবানকে ফোন করি। শাবানও আপডেটগুলো জানায়। সাড়ে ৭টার দিকে শাবান জানাল, অবস্থা ভালো না। ভেনটিলেটর দেওয়া হয়েছে। হাসপাতালের এমডি শাহেদ জানিয়েছেন বাঁচিয়ে রাখা কঠিন। মানসিকভাবে তৈরি থাকতে বলেছেন। শাবানকে বললাম, ওর স্ত্রীর সঙ্গে কথা বলেছ? শাবান বলল, কথা হচ্ছে। কিন্তু এখনো নেতিবাচক অবস্থা বলছি না। ওর স্ত্রী ও ছেলে হাসপাতালেই আছে। ওদের কিছু বলছে না হাসপাতাল কর্তৃপক্ষ। সাড়ে ৮টায় শাবান বলল, মনে হয় ও আর ফিরে আসবে না। সাড়ে ৯টায় শুনলাম, সব শেষ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার বাকি। রাত ১০টায় সেই ঘোষণাই দেওয়া হলো। খোকন চলে গেল আমাদের ছেড়ে। সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে কাজ করত। ভালোমন্দে আমার পরামর্শ নিত। কুমিল্লার ছেলে হিসেবে আবদার ছিল আলাদা। কাজ করেছে আমাদের সময়ে, আমাদের অর্থনীতিতেও। খোকনের ছেলে ও স্ত্রী করোনা আক্রান্ত। মেয়েটা ভেঙে পড়েছে। আল্লাহ এই পরিবারটিকে শোক সইবার তৌফিক দাও।

    গতকাল শুনলাম, সাতক্ষীরার মাঠপর্যায়ের একজন সাংবাদিকও চলে গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। শুধু সাংবাদিক নন, জীবন দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকারসহ সম্মুখযোদ্ধারা। সিটি ব্যাংকের একজন কর্মকর্তা চলে গেলেন। বয়স বেশি হয়নি। হেঁটে হেঁটে ঢুকলেন রাজধানীর মুগদা হাসপাতালে। শরীরটা ভালো ছিল না। টেস্ট করিয়েছেন দুবার। রিপোর্ট এলো, না করোনা নয়। স্বস্তি নিয়েই বাসায় ফেরেন। কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছে না। শরীর খারাপ হতে থাকে। ভর্তি হলেন হাসপাতালে। দিনে কথা বললেন ফোনে সহকর্মীদের সঙ্গে। সবাইকে বললেন, সব ঠিক হয়ে যাবে। রাতে স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বললেন। মন খারাপের কথা জানালেন। কাঁদলেনও। ফোনের এ পাশ থেকে পরিবারের সদস্যরাও কাঁদলেন। তারপর ঘুমাতে গেলেন। রাত ১টায় শরীর খারাপ হয়ে যায়। নিঃশ্বাস নিতে পারছিলেন না। চিকিৎসকরা ভেনটিলেটর দিলেন। ভোর ৫টায় সব শেষ হয়ে গেল। চলে গেলেন ব্যাংকার শাহরিয়ার। দুনিয়াকে বিদায় জানালেন। জানিয়ে গেলেন, ক্ষণিকের এই দুনিয়া। সবাই আজ আছি কাল নেই। সবাইকে চলে যেতে হবে একদিন। কিন্তু এভাবে যাওয়াটা বড় কষ্টের।

    করোনা যুদ্ধ আজ গোটা বিশ্বকে তছনছ করে দিচ্ছে। মানুষ বড় অসহায়। এ অসহায় দুনিয়াতেও ক্ষমতার দম্ভ শেষ হচ্ছে না। হিংসা-বিদ্বেষ বন্ধ হচ্ছে না। বরং বাড়ছে। এখনো অনেকের বড়াই দেখি। ক্ষমতার দম্ভ দেখি। হিংসা-বিদ্বেষ ছড়ানো দেখি। মানবতার বিপক্ষে অবস্থান দেখি। বিবেকহীনদের কা-কীর্তি দেখি। জানি না, বৈশ্বিক মহামারী আমাদের কিছু শেখাতে পারবে কিনা। [সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

    লেখক : সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

    বাংলাদেশ প্রতিদিন