Tag: ঘূর্ণিঝড়

  • জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪০ গ্রাম, মা ও দুই সন্তানসহ নিহত ৪

    জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে প্রায় ৪০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন জনসহ চারজন মারা গেছেন। মুরগির সেড ভেঙে প্রায় ৪০ হাজার মুরগি মারা গেছে। প্রায় দুই হাজার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি ওপড়ে গেছে। মঙ্গলবার (২৬ মে) রাত থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

    নিহতরা হলো, ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮) তার দুই সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩) এবং কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামের মরিয়ম বেগম (৭০)। মঙ্গলবার রাতে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগের ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় মা ও দুই সন্তান এবং ঘর ভেঙে এক বৃদ্ধা মারা গেছেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর জেলায় প্রবল বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়। ঝড়ে ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের তিন জন এবং কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের এক বৃদ্ধা মারা গেছেন। এছাড়া সদরসহ কালাই ও ক্ষেতলাল উপজেলার অন্তত ৪০টি গ্রামের দুই হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ক্ষেতলালের তিলাবদুল এলাকায় মুরগির খামারের সেড ভেঙে ৪০ হাজার মুরগি মারা গেছে।
    সূত্র: বাংলা ট্রিবিউন

  • সাতক্ষীরার উপকূলে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার সবচেয়ে বেশি সম্ভাবনা

    সাতক্ষীরার উপকূলে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার সবচেয়ে বেশি সম্ভাবনা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর রাত থেকে সন্ধ্যার মধ্যে সুন্দরবণ সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রতি ঘন্টায় ২২৫-২৪৫ কিলোমিটারের গতিবেগে ধেয়ে আসছে এটি। ফলে চরম উৎকণ্ঠায় রয়েছে উপজেলা শ্যামনগর ও আশাশুনির উপকূলীয় মানুষ। ইতিমধ্যে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে কপোতাক্ষ, খোলপেটুয়াসহ সুন্দরবন সংলগ্ন সকল নদ-নদীর পানি ২ থেকে ৩ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে।

    সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বুধবার ভোররাত থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। তখন গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলে ৫-১০ ফিট উচ্চতার জ্বলোচ্ছাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ইতিমধ্যে শ্যামনগর উপজেলার ব-দ্বীপ গাবুরা ও পদ্দপুকুর, মুন্সিগঞ্জ, ভেটখালি ও আশাশুনির প্রতাপনগর সহ আশপাশের ইউনিয়ন থেকে জেলা পুলিশ উপকূলবাসীকে নিরাপদ দূরত্বে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও সাইক্লোন সেল্টারে নিয়ে এসেছে।

    উপকূলীয় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, এখন পর্যন্ত দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। উপজেলাব্যাপী ১০৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকল মানুষকে আশ্রয়কেন্দ্র নেওয়া সম্ভব নয়। আশ্রয়কেন্দ্র ছাড়াও আশপাশে ভালো পাকা বাড়িতে এসব মানুষদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন

  • ঘূর্ণিঝড়ে রুপ নিলো ‘আম্ফান’, সাগরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

    শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রুপ নিলো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি। প্রবল শক্তি সঞ্চয় করে বর্তমানে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অভিমুখে এগোচ্ছে ‘আম্ফান’ নামের এ ঝড়টি ।

    শনিবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সাগর প্রবল উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ঘূর্ণিঝড়ের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এ পরিণত হয়েছে।

    এটি ১৬ মে রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

    তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সূত্র: বিডি-প্রতিদিন

  • সাগরে নিম্নচাপ: সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত

    দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    নিম্নচাপের কারণে আজ শনিবার সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৩১০ কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

    নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।

    উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সূত্র: ডেইলি স্টার বাংলা