Tag: গণপরিবহন

  • চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মেনে দ্বিগুন ভাড়ায় চলছে গণপরিবহন

    মো: রাকিব, চট্টগ্রাম:  করোনার আপাদকালে দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব পরিবহন পরিচালনার নির্দেশনা থাকলেও চট্টগ্রামে তার পুরোপুরি উল্টো চিত্র। বাসের আসন ফাঁকা রাখার নির্দেশনার বিপরিতে দাড়িয়ে যাত্রী নেওয়ার চিত্র দেখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কিনা সেটি দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনও মনিটরিং চোখে পড়েনি। সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। হেলপাররা আগের মতো জোর করে টেনে টেনে যাত্রী তুলছেন। এসময় কোনও পরিবহনে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। তবে পরিবহনগুলো বের হওয়ার আগেই জীবাণুমুক্ত করে রাখা হয়েছে বলে দাবি পরিবহন শ্রমিকদের।

    জানতে চাইলে বলাকা সার্ভিসের চালকের সহযোগী বিভিন্ন অজুহাত দেখিয়ে বলেন, গতকালই আমরা আমাদের সব বাস জীবাণুমুক্ত করেছি। এখনও হ্যান্ড স্যানিটাইজার পাইনি। তাই সেটা নিয়ে বের হতে পারিনি। তবে যাত্রীদের আমরা ধীরে বাসে উঠাচ্ছি এবং নামাচ্ছি। তিনি নিশ্চিত করেন পাশাপাশি দুটি সিটে কাউকে বসতে দেওয়া হচ্ছে না।

    এদিকে চট্টগ্রাম নিউমার্কেটেও গণপরিবহন চলতে দেখা গেছে। তবে যাত্রী সংখ্যায় অন্যা দিনের তুলনায় কম। এই এলাকার পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, সাধারণ মানুষও খুব বেশি পরিবহনে উঠছে না। যাদের একান্ত প্রয়োজন তারাই গণপরিবহন ব্যবহার করছেন।

    অপরদিকে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে বেশ কয়েকটি ছোট গণপরিবহনে। যাত্রীরা বাসে ওঠার সময় সবার হাতে প্রয়োজন মতো হ্যান্ড স্যানিটাইজার দেওয়া না হলেও ১০ জন এর পরিবর্তে ৬ জনের বেশী যাত্রী নিচ্ছে না এই সকল ছোট গণপরিবহন।

    উল্লেখ্য, করোনাভাইরাস সংকটের মধ্যেই অফিস খোলা ও গণপরিবহন সীমিত আকারে চলাচলের সরকারি সিদ্ধান্তের পর বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ’র ওই সুপারিশকে গণবিরোধী উল্লেখ করে চলা সমালোচনার মধ্যেই গতকাল রবিবার বিআরটিএ এ সুপারিশের মাত্র ২০ শতাংশ কমিয়ে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ সোমবার বর্ধিত ভাড়ায় রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

  • বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ, নিতে হবে অর্ধেক যাত্রী

    করোনা পরিস্থিতির সময় গণপরিবহনের ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকায় ভাড়া বাড়ানোর এই সুপারিশ করে তারা।

    শনিবার (৩০ মে) সকালে সংস্থাটির ভাড়া সমন্বয় বিষয়ক কমিটি এক বৈঠকে এই সুপারিশ করে। সুপারিশগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিআরটিএ চেয়ারম্যান মো. ইউছুব আলী মোল্লা (অতিরিক্ত সচিব)  এই তথ্য নিশ্চিত করেন।

    মো. ইউছুব আলী মোল্লা বলেন, ‘আগামীকাল অর্থাৎ ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। অর্থাৎ যেখানে ৫০ সিট রয়েছে সেখানে ২৫ জন যাত্রী পরিবহন করবে। এতে যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে যাত্রী সংখ্যা কমলেও পরিবহন ব্যয় কিন্তু একই থেকে যাচ্ছে। আর এই খরচটা কিন্তু কাউকে না কাউকে বহন করতেই হবে। তা না হলে পরিবহন চালানো যাবে না।’

    তিনি আরও বলেন, ‘পরিবহন মালিকদের দাবি ছিল যাত্রী সংখ্যা যেহেতু কমছে তাই ভাড়া ১০০ ভাগ বাড়ানোর জন্য। আমরা সেটা না করে ৮০ ভাগ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছি। এই ভাড়া সব ধরনের পরিবহনের জন্য প্রযোজ্য হবে। সরকার যদি এটি কার্যকর করে তাহলে পরিবহনগুলোকে তাদের পূর্বে ভাড়ার যে দর ছিল সেই দর থেকে ৮০ ভাগ বাড়াবে।’

    এর আগে গত ২৮ মার্চ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য আট জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে দায়িত্ব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই মধ্যে সেই কমিটি গণপরিবহন পরিচালনার জন্য বেশ কিছু কারিগরি নির্দেশনা তৈরি করেছে।  সূত্র: বাংলা ট্রিবিউন

  • ৩১শে মে থেকে সীমিত আকারে গণপরিবহন চালুর সিদ্ধান্ত

    করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১শে মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস। একইসঙ্গে ৩১শে মে থেকে সীমিত আকারে বাস, রেল ও লঞ্চের মতো গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা প্রর্যন্ত চলবে এই গণপরিবহন। তবে অবশ্যই স্বাস্থ্যবিধী মেনে স্বল্প সংখ্যাক যাত্রী নিয়ে এই পরিবহন চলবে।

    এর আগে আজ এক অনুষ্ঠানে গণপরিবহনও বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছিলেন।

    প্রতিমন্ত্রী প্রথমে গণমাধমেকে জানান, ৩০শে মে’র পর থেকে থেকে সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে ৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই সময়ে সব ধরনের বাস, রেল ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে বিমান সংস্থাগুলো বিমান চলাচল চালু করতে পারবে।

    তবে পরবর্তীতে তিনি জানান, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

    তাই স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১শে মে থেকেই চালু করা হবে। বিভিন্ন জেলায় পরিবহনে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে পারবেন।

    তিনি বলছেন, সীমিত বলতে আমরা বোঝাচ্ছি, গণপরিবহন চললেও তা নিয়ন্ত্রিতভাবে চলবে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

    তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ই জুন পর্যন্ত ছুটি থাকবে। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চলবে।

    গণপরিবহন বলতে বাস, রেল ও লঞ্চ চলাচল বোঝানো হচ্ছে। পাশাপাশি বিমান চলাচল চালুরও অনুমতি দেয়া হয়েছে।

    স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বিমান সংস্থাগুলো নিজ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল শুরু করতে পারবে। ব্যক্তিগত পরিবহন চলবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    কর্মস্থলে যাওয়ার জন্য কোন অফিস সীমিত আকারে পরিবহন চালু করবে কিনা, সেই সিদ্ধান্ত ওই প্রতিষ্ঠান নেবে। সভা-সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকবে। মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে নামাজ ও ধর্মীয় প্রার্থনা চলবে।

    তিনি জানান, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত মানুষজনের বাইরে বের হওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা বহাল থাকবে। এই সময়ে অকারণে বাইরে বের হলে শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের দোকানপাট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

    অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। এই বিষয়ে প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হবে।

    এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। পরবর্তীতে ছয় দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০শে মে। সূত্র: মানবজমিন