Tag: অনিয়ম দূর্নীতি

  • ৩ কোটি টাকার গাছ মাত্র ৬০ লাখ টাকায় বিক্রি

    আহাদুর রহমান (জনি): সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন গাছ বিক্রীর টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। গাছের মূল্য কম দেখিয়ে, টেন্ডার আটকে ও রেট ফাঁস করে একটি প্রভাবশালী সিন্ডিকেট সোয়া ৩ কোটি টাকার গাছ মাত্র ৬০লাখ টাকায় ক্রয় করেছে।
    সাতক্ষীরা জেলা পরিষদের তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি দানবীয় আকারের গাছ বিক্রির জন্য টেন্ডার আহ্বান করলে সাতটি প্যাকেজে ৩৬টি ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে ২০৪টি দরপত্র বিক্রি করে। প্রথম দফায় সবকটি প্যাকেজে মোট ১৪টি দরপত্র জমা পড়ে। জেলা পরিষদ স‚ত্রে জানা গেছে, সাতটি প্যাকেজের মোট টেন্ডার ম‚ল্য ৫৯ লাখ ৩১ হাজার ৯৪৫ টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে সাতটি প্যাকেজের গাছ টেন্ডার মূল্য থেকে ৩০ হাজার বেশি দেখিয়ে বিক্রির টেন্ডার পায় সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের মেহের আলী মোড়লের ছেলে আবুল হাসেম।

    সরজমিনে পরিদর্শনে যা দেখা যায়:
    তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের গাছগুলো ২৪-২৬ বছরের পুরনো। টেন্ডারে উল্লেখিত ৯৫৪টি গাছের মধ্যে ৩১৮টি মেহগনি ও রোড শিরিষ গাছ আছে। বাকি ৬৩৬টি গাছই শিশু বা রেইনট্রি গাছ। যার মধ্যে ৫০ শতাংশ গাছই দানবাকৃতির। এই গাছ গুলো মধ্যে ৬০টিরও বেশি গাছ আছে যে গুলোর বাজার মূল্য ১লাখ থেকে ১লাখ ৬০ হাজার টাকা। ৫৭৬টি গাছে মধ্যে অর্ধ শতাধিক গাছ মৃত। বাকি ৫০০টি গাছের মধ্যে আরও ৫০টি ছোট গাছ। এর মধ্যে ৪৫০টি গাছ দানবাকৃতির না হলেও বৃহদাকৃতির। যার প্রত্যেকটির মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সে অনুযায়ী এই ৯৫৪টি গাছের দাম প্রায় সোয় ৩ কোটি টাকা। এ মূল্য সাতনদী থেকে একাধীক গাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গাছের এ দাম নিশ্চিত হওয়া যায়। একটি এনজিও পরিচালকও যা নিশ্চিত করেছেন।

    গাছগুলোর আছে মালিকানা:
    জেলা পরিষদের গাছ নিলাম বিক্রয়ের টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর দিশারী এনজিও’র প্যাডে শেখ আহছাফুর রহমানের স্বাক্ষরিত একটি পত্রে গাছ গুলোর মালিকানা দাবি করে টেন্ডার মূল্যের ৬০ ভাগ অর্থ দাবী করা হয়। ওই পত্রে আরও উল্লেখ করা হয় যে, ২০ বছর পূর্বে এনজিওটি গাছ গুলো লাগিয়েছিলো। কিন্তু তাদের দাবির স্বপক্ষে কোন চুক্তিপত্র বা অনুমোদন দেখাতে না পারার কারণে সাতক্ষীরা জেলা পরিষদ আবেদনটি নাকচ করে দেয়। তবে এই দাবীর পত্রে একাধীক রাজনৈতিক ব্যক্তিত্বের সিল ও সই দেখতে পাওয়া যায়।
    এ নিয়ে সাতনদী’র অনুসন্ধানে স্থানীয় একটি সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৎকালীন তালা উপজেলার শিরাশুনিতে অবস্থিত ‘সেতু বাংলাদেশ’ নামক এনজিও কর্তৃক গাছ গুলো লাগানো হয়। ‘সেতু বাংলাদেশ’ এর পরিচালক এস এম আবুল হোসেনের গাছের রোপন ও মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি সাতনদীকে বিস্তারিত তথ্য দেন। মি. হোসেন বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে গাছ গুলো আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত ছিল। তবে গাছ গুলো যে নিলাম হয়েছে যা তিনি জানতেন না।
    মি. হোসেন সাতনদীকে আরও জানান জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের একটি এনজিও’র মাধ্যমে অনুমতি ও অনুমোদন সহ যাবতীয় আইনী প্রক্রীয়া সম্পন্ন করে গাছ গুলো লাগান। ওই গাছ গুলোর প্রকৃত মালিক তিনি। কারণ ওই সময়ে গাছ গুলো লাগানোর জন্য তিনি আমার সহায়তা চান। আমি এ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তখন তিনি আমাকে তার সকল বৈধ কাগজপত্র দেখান। তবে তিনি মারা যাওয়ায় তার এনজিওর কার্যক্রম চলমান আছে কিনা তা আমার জানা নাই। অনেক বছর পূর্বের ঘটনা এনজিওটির নামও আমি মনে করতে পারছিনা। মশিউর রহমানের বাড়ি যশোর জেলায়। এনজিওটির পরিচালক আরও জানান, আমরা গাছ নিয়ে কাজ করি। ওই সড়কের গাছগুলোর দাম কমপক্ষে ২ কোটি টাকা।

    যা বললেন মূল্য নির্ধারনকারী ফরেস্টার:
    তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের বৃক্ষের মূল্য নির্ধারনকারী তালা উপজেলা ফরেস্টার ইউনুস আলী সাতনদীকে জানান, ইউনুস আলীর আগের অফিসার এ বিষয়ে বিস্তারিত কাজ করেছেন। তার অসমাপ্ত কাজগুলো শেষ করেন তিনি। এ ক্ষেত্রে সকল রেইনট্রি বা শিশু গাছের সরকারি রেট হলো সেফটি বা ঘনফুট ৩৪০টাকা এবং মেহগনি ৩৬০টাকা করে। এ হিসেবে ৯৫৪টি গাছের দর নির্ধারন করা হয় ৫৯ লাখ ৩১ হাজার ৯৪৫ টাকা। এর সাথে ভ্যাট ও ইনকাম ট্যাক্স যোগ হবে। এই রেট কম কিনা এ প্রশ্নের জবাবে মি. ইউনুস সাতনদীকে জানান, সরকার নির্ধারিত গাছের ঘনফুটের মূল্য এটি। এ ছাড়া গাছের গুড়িই মোটা বাকি অংশের দামতো আরও কম।

    কীভাবে হল এমন কারসাজি:
    মূলত ফরেস্টারদের কারসাজিতেই এমন অবস্থা হয় সব ধরনের গাছের টেন্ডারের। সরকারি গাছের মূল্য নির্ধারনে কারসাজি করেন ফরেস্টাররা। এ সুযোগকেই পুঁজি করে এত কম দামে টেন্ডার ইস্যু করা হয়। ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ সরকার।

    অভিযোগ আছে টেন্ডারবাজির:
    অন্যদিকে সাতক্ষীরা জেলা পরিষদের তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি দানবীয় আকারের গাছ বিক্রির জন্য টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে আরও একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। জেলা পরিষদের কিছু সদস্যদের প্রভাব খাটানোর অভিযোগ আছে। প্রভাবশালী ওই নেতাদের ইন্ধনে জেলার কিছু নেতা-কর্মীদের জড়ো করা হয় জেলা পরিষদ চত্ত¡রে। এসময় অন্যান্য ঠিকাদারদের টেন্ডার ড্রপে বাধা প্রদান করে তারা। সে জন্য ওই নেতা-কর্মীদের ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তারা বাঁধার মুখে টেন্ডার ড্রপ করতে পারেনি।
    প্রশ্নবিদ্ধ এ টেন্ডার প্রক্রিয়া সাতটি লটে ৩৬টি ব্যক্তি প্রতিষ্ঠান মোট ২০৪টি টেন্ডার ক্রয় করলেও ১৪টি টেন্ডার জমা পড়ে। যার মধ্যে ৭টি লটের ৭টিই পেয়ে যান পলাশপোলের আবুল হাসেম। অভিযোগ আছে যে ১৪টি টেন্ডার জমা পড়েছে তার সবকটিই হাসেমের জমাকৃত। টেন্ডার নিশ্চিতে প্রভাবশালী চক্রটি এসব টেন্ডারের রেট ফাঁসও করে।

    যা বললেন আবুল হাসেম:
    আবুল হাসেমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কোন রকম প্রভাব খাটানো হয়নি। আমিও কাউকে ১২ লাখ টাকাও দেই নি। এই গাছ গুলো কিনে বরং আমার লস হয়েছে।

  • শ্যামনগর শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামানের ১৪ লক্ষ টাকা ঘুষ বানিজ্য !

    = আম্ফানে ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ ৪৫ লক্ষ টাকা ।

    = দূর্নীতির কারণে পাল্টে গেছে শিক্ষা অফিসের দৃশ্যপট।

    = প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তারা দূষছেন একে অপরকে।

    =  শিক্ষা কর্মকর্তার দূর্নীতি নদী নয় সাগরের সমান।

    =  প্রভাবশালী ব্যক্তি ও  প্রশাসনিক কর্তা ব্যক্তিকে দেয়া হয়েছে নগদ অর্থ ।

    =  দূর্নীতির তদন্তে চার সদস্যের কমিটি গঠন।

    হাবিবুর রহমান,শ্যামনগর থেকে : ঘুর্ণিঝড় আম্ফানে বরাদ্দকৃত ৪৫ লক্ষ টাকা থেকে শ্যামনগরের শিক্ষা কর্মকর্তারা ১৪ লক্ষ টাকা ঘুষ আদায় করেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ ঘুষ বানিজ্য করা হলেও স্থানীয় দায়িত্বশীলরা অজ্ঞাত কারণে নিশ্চুপ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কয়েক কোটি টাকার ঘুষ বানিজ্যের খবরটি এখন উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    তথ্যানুন্ধানে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে শ্যামনগরে ১৯১ টি বিদ্যালয়ের মধ্যে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৪২ টি স্কুলে বরাদ্দ পায় ৪৫ লাখ ৫ হাজার টাকা। বিদ্যালয়ের বরাদ্দ কৃত টাকার চেক ছাড় পেতে শিক্ষকদের নগত মোটা অংকের টাকা উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান সহ চার সহকারী শিক্ষা অফিসারকে দিতে হয়েছে।

    শিক্ষা অফিসারদের দূর্নীতির কারনে ভূক্তভোগী শিক্ষকরা এখন জনগনের কাছে প্রশ্নবিদ্ধ। এক স্থান থেকে অন্য স্থানে বদলির ভয় দেখিয়ে শিক্ষা অফিসাররা শিক্ষকদেরকে আতঙ্কিত করে তুলেছে। দূর্নীতির কারণে পাল্টে গেছে শিক্ষা অফিসের দৃশ্যপট। সবাই মুখে মুখে বলছে শিক্ষা অফিস এখন দূর্নীতির আখড়া।

    ৪২নং মরাগাং স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন. ৩১নং শ্রীফলকাটি স্খুলের প্রধান শিক্ষক আকিকুর রেজা (ইউনিয়ন শিক্ষক প্রতিনিধি) সহ অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা এবং ১৪৪ নং বন্যতলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, আম্ফানের বরাদ্দকৃত টাকা ছাড় পেতে শিক্ষা অফিসারের সামনে সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলমের হাতে নগত ৪০ হাজার টাকা দিতে হয়েছে।

    ১৮৭ নং আস্তাখালী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও ১১৪ নং বাইনতলা স্কুলের প্রধান শিক্ষক দীপংকর কুমার ঘোষ সহ অনেক স্কুলের প্রধান শিক্ষকরা বলেন, ঘৃর্ণিঝড় আম্ফানের বরাদ্দের চেক নিতে সহকারী শিক্ষা অফিসারদের কাছে ২৬% হারে নগত ঘুষ ও ভ্যাট বাবদ ১২% হারে টাকা কেটে নিয়ে চেক প্রদান করেছেন। ঘুর্ণিঝড় আম্ফান খাতে ২৬% হারে নগত দূর্নীতি করেছে ১১ লাখ ৭১ হাজার টাকা ও ভ্যাট খাতে ১২% হারে দূর্নীতি করেছে ২ লাখ ৭০ হাজার টাকা। এ খাতে মোট দূর্নীতি করেছে ১৪ লাখ ৪১ হাজার টাকা।

    ঘূর্নীঝড় আম্ফান খাত থেকে ১৪ লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহ-আলম, আজহারুল ইসলাম, সোহাগ হোসেন ও সোহাগ আলম, সাতনদীকে জানান, ঘুষ বানিজ্যের বিষয়টি সঠিক নয়। আর যদি কিছু হয়েই থাকে তা অবশ্যই শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামানের নির্দেশে হয়েছে।

    শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের কাছে জানতে চাহিলে তিনি বলেন, ঘুষ গ্রহনের কথা সঠিক নয়। তিনি আরো বলেন, সহকারী শিক্ষা অফিসাররা এবং শিক্ষক সমিতির কিছু নেতারা মিলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা তুলেছেন বলে আমি শুনেছি।

    শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ নেতা ও রোকেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্র নেতা জাফরুল আলম বাবু সাতনদীকে বলেন, শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলনের দূর্নীতি নদী নয় সাগরের সমান। তার অথরিটি জেলা শিক্ষা কর্মকর্তা তাকে শেলটার দিয়ে থাকেন। তিনি এও বলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও এমপি জগলুল হায়দার এবং উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন শক্ত অবস্থান নিলে দূর্নীতি বন্ধ হতে বাধ্য।

    উপজেলা জুড়ে মুখোরচক খবর হচ্ছে উপজেলা শিক্ষা অফিস থেকে মিডিয়ার পিছনে প্রভাবশালী ব্যাক্তিদের মন রক্ষা করতে এমনকি প্রশাসনিক কর্তা ব্যক্তিকেও নগদ অর্থ দেয়া হয়েছে। তবে একজন প্রশাসনিক কর্মকর্তা নগদ অর্থ প্রত্যাখান করে তা স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকারও করেছেন।

    এ বিষয়ে সাতক্ষীরা জেলা (প্রাঃ) শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এর সাথে কথা হলে তিনি বলেন, শিক্ষা অফিসারদের দূর্নীতির ঘটনাটি খুবই আপত্তিকর। জেলা এডিপিও আবু হেনা মোস্তফা কামালকে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট দিলে ব্যবস্থা নিবো।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষক কমিটির সভাপতি আতাউল হক দোলন বলেন, আইনের উর্দ্ধে কেউ নন, শিক্ষা অফিসারদের বিরুদ্ধে স্কুলের শিক্ষকরা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে উপজেলা শিক্ষক সমিতির এক সভায় আলোচিত দূর্নীতির বিষয়ে উপজেলা ভ্যইস চেয়ারম্যানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা মাঠে কাজ করছে। আমি নিজেও অনেক স্কুলে পরির্দশনে গিয়েছি। আমার চোখে বেশ কিছু অনিয়মও ধরা পড়েছে। সংশ্লিষ্টদের সংশোধনের জন্য পরামর্শ দিয়েছি।