কিশোর কুমার: সরকার বিরোধী প্রচারনাসহ দলীয় শৃংখলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার তালায় যুবলীগ নেতা ইউপি সদস্য মলমপার্টির গডফাদার সবুজ সরদারকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য যুবলীগের কেন্দ্রিয় কমিটির কাছে সুপারিশ করা হয়। সবুজ সরদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। খলিষখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ সরদার গনেশপুর গ্রামের মোজহার সরদারের ছেলে। সে আন্ত:জেলা মলমপার্টির গডফাদার। স্থানীয় সুত্র জানায়, সম্প্রতি খলিষখালী বাজারে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি এবং দুই মন ধানে এক কেজি ইলিশ মাছ কিনতে হচ্ছে এই সময়ে এমন ভিডিও ধারন করে ভাইরাল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সবুজ সরদারের বিরেুদ্ধে। শনিবার সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আব্দুল আজিজ এর উপস্থিতিতে এমন ভিডিও করে নিজের ফেসবুকে প্রচার করেছেন যুবলীগ নেতা ইউপি সদস্য সবুজ সরদার। মূহুর্তে তা ভাইরাল হয়ে যায়। মলমপার্টির গডফাদার লক্ষাধিক টাকার বিনিয়োগ করে খলিষখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হয়েছেন এমন অভিযোগ তৃনমূল নেতাকর্মীদের। সবুজ সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চেতনা ঔষধ লাগিয়ে গরু ব্যবসায়ীসহ সাধারন মানুষের কাছ থেকে নগত অর্থ হাতিয়ে নেয়ার সময় জনতার হাতে আটক হয়ে গনধোলাইসহ অর্ধডজন মামলা রয়েছে। তার নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে মলমপাটির অর্ধশত সদস্য রয়েছে। সে একাধিকবার পুলিশ ও র্যাবের হাতে আটক হয়। বিষয়টি নিয়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরা(তালা-কলারোয়া)-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো:রফিকুল ইসলামের দৃষ্টিতে আসলে তিনি জানান, তালা উপজেলা যুবলীগ সবুজ সরদারকে অব্যাহতি দিয়েছে একই সাথে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।
Category: সাতক্ষীরা জেলা
-
ভোমরাস্থল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর দিয়ে গত তিন দিনে ২১০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। এর ফলে সাতক্ষীরার বাজার গুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। যদিও সেই কাঁচামরিচ গেছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার সকালে সাতক্ষীরা বড় বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৬০ থেকে ২০০ টাকা দরে। ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন জানান, রবিবার ভারত থেকে প্রথম দফায় ৭ টি ট্রাকে ৭০ মেট্রিক টন, সোমবার ৭ টি ট্রাকে ৭১ মেট্রিক টন এবং পরে মঙ্গলবার দুপুর পর্যন্ত আরো ৭ টি ট্রাকে ৬৯ মেট্রিক টনসহ মোট ২১০ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা স্থলাবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত ৩ থেকে ৫ ট্রাক কাঁচা মরিচ ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এদিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। মঙ্গলবার সকালে বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি ১৬০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। এর ফলে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে এসেছে। একই সাথে মঙ্গলবার থেকে কাঁচা মরিচ সহ নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রে রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং শুরু হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট ফাতেমা তুজ জোহরা এবং সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট সুমনা পারভিন শহরের বড় বজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
-
আশাশুনিতে নারী শ্রমিকের কর্মপরিধি বাড়লেও, বাড়েনি পারিশ্রমিক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সাতক্ষীরার অবহেলিত উপজেলা আশাশুনি।আশাশুনিতে আদি কাল থেকে নারীরা কৃষি কাজের সূচনা করেছিল। সেই নারীরা আজো স¤পৃক্ত আছে কৃষি কাজের সাথে। কেবল কৃষি কাজই নয় দিনের পর দিন বেড়েছে নারী শ্রমিকদের কর্ম পরিধি কিন্তু বাড়েনি তাদের পারিশ্রমিক। নানান অবহেলায়, পরনির্ভরশীল হয়ে বেঁচে না থেকে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার তাগিদেই নারীরা বিভিন্ন কাজের সাথে যুক্ত হচ্ছেন। আশাশুনি এলাকার নারীরা ধান রোয়া, পাতা সারা, সার ছিটানো, চারা রোপণ, আগাছা নিড়ানি, পাটের বীজ ছিটানো, ধান কাটা, মাড়াই, গম, সরিষা মারই, ইট ভাটা, ইট ভাঙ্গা, রাজমিস্ত্রিীর জোগাড়ে ও বাঁধেরকাজ, রাস্তার কাজ ভেড়ী বাঁধাসহ প্রভৃতি কাজও করছেন। তবে শ্রম দিলেও শ্রমের নায্য মজুরি না পাওয়ায় ক্ষোভ রয়েছে তাদের। কথা হয় উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নারী শ্রমিক নার্গিস এর সাথে তিনি জানান, সারাদিন ধানের পাতা সেরে (তোলা) ১৪০ টাকা ২০০ টাকা পাই। একজনের (স্বামী) কামাই দিয়া সংসার চলা খুব কষ্ট হয়।’ তাই অভাবের সংসারে টাকা দেই। তার স্বামী একজন কৃষি শ্রমিক। তার সাথে কথা বুধহাটা ব্রাক অফিসের পাশে ধানের পাতা সারার সময়। তার সাথে ফতেমা, মর্জিনা, সাজেদা ও কাছ করছিল। স্বামীর উপার্জনের ওপর নির্ভর করতে হলেও বিভিন্ন সময় নিজেও উপার্জনে জড়িত হন। তিনি ধানের চারা রোপণ, আগাছা নিড়ানি, পাটের বীজ ছিটানো, ধান কাটা, মাড়াই, গম, সরিষা কাটাসহ প্রভৃতি কাজও করেন। তবে শ্রম দিলেও শ্রমের নায্য মজুরি না পাওয়ায় ক্ষোভ রয়েছে তার। অভিযোগ করে তিনি বলেন, একজন পুরুষ যতটুকু সময় দেয়, আমরা নারীরাও ততটুকু সময় দিই। পুরুষ ৩০০টাকা থেকে ৪০০ টাকা পেলেও আমরা নারীরা পাই ২৫০-২০০ টাকা পর্যন্ত। পুরুষের চেয়ে কোনো অংশে কাজ কম করি না বলে মন্তব্য করেন নারী শ্রমিক ফতেমা। তার মতো আক্ষেপ করেন স্বাপ্না, কাকুলি, আনোয়ারা, রানীও। নার্গিস, ফতেমা, মর্জিনা, সাজেদা মালতি রানীর মতো শত শত নারীর কর্মব্যস্ততা চোখে পড়বে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শে^তপুর, বৈউলা, মহিষাডা্গংা, কাদাকাটি, কুল্যা, হাড়িংাংগাসহ বিভিন্ন এলাকায়। দল বেঁেধ ১০-১৫ জনের গ্রুপ হয়ে বিভিন্ন কাজ করছেন তারাা। বুধহাটা ইউনিয়নের ফতেমা ওই নারী শ্রমিকের স্বামী মারা গেছেন। বর্তমানে চারজনের সংসারে ছেলের উপার্জনের সঙ্গে নিজের অর্থও যুক্ত করেন পরিবারে। ধান চাষী নিলুদাস জানান, ‘পুরুষ শ্রমিকরা বিভিন্ন এলাকায় যায় কাজ করতে। কাছাকাছি থাকে না। মহিলাগুলো যে কোন সময় কাজের জন্য পাওয়া যায়। তাদের ২০০/২৫০ টাকা করে হাজিরা দেই।’ তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘ধানের বাজার খারাপ। মুজরি দিয়ে তেমন লাভ হয় না। ৪ বিঘা জমিতে ইরি ধান চাষ করেছি। কি রকম লাভ হবে বুঝতে পারছি না।’ তবে নারী শ্রমিকদের মজুরি তুলনামূলক কম দেওয়া হয় বলেও স্বীকার করেন তিনি। মানবাধিকার কর্মী নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছেন এমন এক ব্যক্তি জানান, যাদের ঘর্মাক্ত শরীর আর বিন্দু বিন্দু রক্তের ফোঁটায় তিল তিল করে গড়ে ওঠে মালিকের সম্পাদের পাহাড়, সেই শ্রমিকদের দুরাবস্থার কথা যেন শোনার কেউ নেই। এ অঞ্চলের নারীরা অনেক কর্মঠ। শ্রম দেন। কিন্তু সঠিক মজুরি পান না। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করেছি আমরা। এজন্য মালিক ও শ্রমিক দুই পক্ষকে সচেতন হওয়া দরকার। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক নারী শ্রমিক টাকা না নিলেও টাকার পরিবর্তে ধানের খড় নিয়ে যান। কারণ হিসেবে বাড়িতে তারা গবাদি পশুর খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করেন।আশাশুনি উপজেলা তাঁতিলীগের সভাপতি স,ম সেলিম রেজা সেলিম বলেন নারী শ্রমিকদের শ্রম আমাদের অর্থনিতীর উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছে। তাদের এই অবদান অস্বীকার করলে চলবে না।আমাদের কে তাদের মৌলিক অধিকার গুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখা উচিত।
-
তালায় বাল্যবিবাহের দায়ে কনের মাতাকে ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, তালা: তালায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময় বাল্যবিবাহের দায়ে কনের মাতাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এই জরিমানা করেন। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামে এঘটনা ঘটে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, তালার সৈয়দ দীদার বখ্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আনুষ্ঠানিক আয়োজন ছিল সোমবার দুপুরে। বরের নাম মো. রফিকুল ইসলাম। বাল্যবিয়ের অভিযোগের ভিত্তিতে আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, উত্তরণ-ওয়ার্ল্ড ভিশন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের কমিউনিটি ফ্যাসিলিটেটর আম্বিয়া খাতুন এবং তালা থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হন। সোমবার বিকেলে পিতা বিদেশ থাকায় ঐ কন্যা এবং তার মা ও নানীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন কনের মাতাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে বলে জানানো হয়।
-
গুরুত্বর অসুস্থ ৬ শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে স্বর্বস্ব লুট
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে রাতের আধারে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে এক পরিবারের সবাইকে অচেতন করে স্বর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে দেউলদিয়া গ্রামে আহম্মাদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারে নারী শিশুসহ ছয় জন গুরুত্বর অসুস্থ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের বরাত দিয়ে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ এ কে ত্রম জাফরুল আলম বাবু বলেন, রাতে সবাই ঘুমের মধ্যে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে নগদ ১ লাখ টাকা, দেড় লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল সেট ও ছয় ভরি স্বর্ণালংকারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-
কলারোয়ায় প্রবাসীর সম্পত্তি অবৈধভাবে দখল করতে স্ত্রীকে খুন জখমের হুমকি
সাতক্ষীরার কলারোয়ায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রবাসীর সম্পত্তি অবৈধভাবে দখল করতে তার স্ত্রীকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার মক্তার শেখ এর স্ত্রী মোছা: নাছরিন সুলতানা। তিনি বলেন আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে আছেন। তার কঠোর পরিশ্রমের টাকায় চলতি বছরে ১১১ নং ক্ষেত্রপাড়া মৌজায় এস এ খতিয়ান ৮৭১ ও ৯৮৯ এস এ দাগ ৩৯৫, ৪০০, ৪০১ আর এস খতিয়ান ১৯৬ দাগ নং ৩৯৩,১৯৮ দাগে ২টি টিন সেট রুম বিশিষ্ট ৪৩ শতক জমি সাগর সাহার নিকট থেকে ক্রয় করি। এরপর থেকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। কিন্তু আকস্মিকভাবে পবিত্র সাহার নেতৃত্বে রাম কৃষ্ণ সাহা ও প্রদিপ সাহা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার স্বামী প্রবাসে থাকে ফলে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তারা বাহু শক্তির বলে আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলের উদ্দেশে মরিয়া হয়ে উঠেছে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই। উপায়ন্তর হয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আদালত ১৪৫ ধারা জারি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পবিত্র গং আদালতের সে নির্দেশ অমান্য করে আমার বাড়িতে প্রবেশ করে ভাংচুর করে। তিনি আরো বলেন প্রবাসে আমার স্বামীর কঠোর পরিশ্রমের টাকায় উক্ত সম্পত্তি ক্রয় করেছি। সেখানে ৫ বছর বয়সী শিশু পুত্রকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার উদ্দেশ্যে নিয়ে উক্ত সম্পত্তি ক্রয় করেছি। অথচ ওই শিশুকে নিয়ে তাদের অত্যাচারে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রকাশ্যে পবিত্র সাহা, ভৈরব সাহা, প্রদীপ সাহা এবং রামকৃষ্ণ সাহা আমার শিশুপুত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও প্রদর্শন করে যাচ্ছেন। এছাড়া রাতে আমার ঘরে ঢুকে সম্মানহানিসহ বাড়ির চারপাশে পাকা প্রচীর নির্মাণ করে দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন। তাদের হুমকিতে আমি একমাত্র পুত্র সন্তানকে নিয়ে দিশে হারা হয়ে পড়েছি। একজন অসহায় নারী হিসেবে ওই অবৈধ দখলদারের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং নিজের ও সন্তানের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
-
ডাকাতির মামলা করায় বাদীর স্বামী কে মারপিট
আব্দুর রশিদ: গত মাসের ১০ জুন সংঘটিত হওয়া ডাকাতির ঘটনায় মামলা দায়ের করে বিপাকে বাদীর পরিবার। মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে হুমকী। এদিকে মামলা তুলে না নেওয়ায় মামলার বাদীর স্বামীকে মারপিট করেছে মামলার আসামী সহ দুর্বৃত্তরা। দুর্বৃত্ত দের হামলায় আহত রেজাউল করিম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিষয় সুত্রে জানা যায়, গত মাসের ১০ তারিখ রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শাখারীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদারের পুত্র রেজাউল করিমের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা রেজাউলের ঘর থেকে তার বাবার মুক্তিযোদ্ধা সনদ, বন্দুকের লাইসেন্স, ১০ টি দলিলের ফাইল, ৯০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ২ টি আংটি ও ৬ টি জাতীয় পরিচয় পত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রেজাউলের স্ত্রী খদেজা বেগম বাদী হয়ে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আ: মান্নানের পুত্র মেহেদী হাসান, বাহারুল ইসলাম মোশাররফ সরদারের পুত্র জাহিদুল, আ: জব্বার এর পুত্র আ: সালামকে আসামী করে ডাকাতি মামলা দায়ের করে। যার নং সিআর ৬৪৬/২৩। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে তদন্তাধীন। এর মধ্যে মামলার বাদী খোদেজা ও তার স্বামী রেজাউলকে মামলা তুলে নেওয়ার জন্য আসামী রা হুমকি দিচ্ছে। এমতাবস্থায় সোমবার (৩ জুলাই) সকাল ৯ টায় মামলার আসামী আঃ সালামের নেতৃত্বে দুর্বত্তরা রেজাউল কে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। আহত রেজাউল করিম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। -
তালায় সংখ্যালঘু ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করতে জামায়াত ক্যাডারের হামলা
নিজস্ব প্রতিবেদক: চল্লিশ বছরের দিনমজুর অনিমেষ। তালা উপজেলার তেরছি গ্রামে তার বসবাস। বাবা রবীন্দনাথ ঘোষ ছিলেন দিনমজুর। প্রতিবেশী ধনাঢ্য হযরত গাজী বসবাসের জন্য ৩৪ শতক জমি দেন অনিমেষের পিতা রবীন্দ্রনাথ ঘোষকে। সেই জমিতে তাদের বসতবাড়ী। দিনমজুরের কাজ করে সংসার চলে সংখ্যালঘু সম্প্রদায়ের অনিমেষের। কিন্তু দুর্ভাগ্য হযরত গাজীর দেওয়া উক্ত জমি সরকারের খাষ খতিয়ান ভুক্ত হয়। কলাপোতা গ্রামের জামায়াত ক্যাডার খোরশেদের লোলুপ দৃষ্টি পড়ে উক্ত জমির উপর। পাকিস্তান শাসনামলের ইসলামকাটি সাব রেজিষ্ট্রি অফিসের (পোড়া দলিল) জাল দলিল সৃষ্টি করে ঐ জমি দাবী করে আসছে খোরশেদ। বিষয়টি নিয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে উভয় পক্ষের মামলা চলমান আছে।
এমতাবস্থায় গত শনিবার (১ জুলাই) ভোরে লাঠিয়াল বাহিনী নিয়ে অনিমেষের বসতবাড়ীতে হামলা করে খোরশেদের সন্ত্রাসী বাহিনী।
তালা থানায় দায়েরকৃত এজাহার ও ভুক্তভোগী অনিমেষ সুত্রে প্রকাশ, তালা থানার তেরছি মৌজায় সাবেক ২৫৭৩, হাল ২২৪১ দাগের ৩৪ শতক সম্পত্তির উপর বসতবাড়ী নির্মাণ করে ১৫/১৬ বছর ভোগদখল করে আসছে অনিমেষের পরিবার। উক্ত জমি জবর দখলের উদ্দেশ্যে গত শনিবার (১ জুলাই) ভোর ৬ টায় কলাপোতা গ্রামের মৃত: জাহাবক্স গাজীর পুত্র জামায়াত ক্যাডার খোরশেদ গাজী, তার দুই পুত্র মামুন গাজী ও এনামুল গাজী, তার স্ত্রী রমিজা বেগম সহ অজ্ঞাত ৩০/৩৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অনিমেষের বসত বাড়ীতে হামলা করে। এসময় অনিমেষকে ব্যাপক মারপিট করে তারা। অনিমেষ ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বসত ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। এছাড়াও ঘরের উঠানে স্থাপিত একটি তুলশি মন্দিরও ভেঙে গুড়িয়ে দেয় দুর্বত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী অনিমেষ বাদী হয়ে সোমবার (৩ জুলাই) তালা থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০/৩৫ জনকে আসামী করে এজাহার দাখিল করেছেন।
এ বিষয়ে সাতনদীর মুখোমুখি হয়ে ভুক্তভোগী অনিমেষ আক্ষেপ করে বলেন, “তালা থানায় এজাহার দায়ের করা হলেও উক্ত এজাহারটি মামলা হিসাবে রেকর্ড হয় নি। থানার ওসি সাহেব বলেছেন, তোমার মামলা রেকর্ড করলে প্রতিপক্ষ গ্রুপের মামলাও রেকর্ড করা হবে।”
এ বিষয়ে ভুক্তভোগী অনিমেষ জেলা পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন। -
সাতক্ষীরা-আশাশুনি সড়কে মরণ ফাঁদ সারি সারি মরা গাছ
আশাশুনি প্রতিবেদক: দুই পাশের সারি সারি মরা গাছ সাতক্ষীরা-আশাশুনি সড়ককে মরণ ফাঁদে পরিণত করেছে। এই বুঝি গাছের শাখা-প্রশাখা ভেঙে গায়ে পড়ল- এমনই আতঙ্ক নিয়ে জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ। শুধু আতঙ্ক নয়, মরা এসব গাছের ডাল ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির ঝুঁকিও।
অতি সম্প্রতি এমনই এক দুর্ঘটনার শিকার হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়া গ্রামের মৃত আব্দুল খলিল হাজীর ছেলে ফারুক হোসেন। পবিত্র ঈদুল আজহার দিন সন্ধ্যায় আশাশুনি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কোমরপুরে একটি মরা শিশু গাছের (রেইন ট্রি) ডাল ডেঙে গায়ে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত হয় তার মোটরসাইকেলটিও।
সরেজমিনে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মাইলের পর মাইল ঘুরে দেখা গেছে, সড়কের দুই ধারে সারি সারি মরা গাছের কঙ্কালসার দাঁড়িয়ে আছে। যা ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে প্রকৃতির নিয়মে। আর ভয়টা সেখানেই। এসব মরা গাছের ডাল আকস্মিকভাবেই ভেঙে পড়ে সড়কের ওপর। ধুলিহর-ব্রহ্মরাজপুর এলাকার বাসিন্দা মেহেদী হাসান শিমুল জানান, প্রায় ৩০ বছর আগে এই সড়কের দু’পাশে শিশু (রেইনট্রি) গাছ রোপণ করে জেলা পরিষদ ও স্থানীয় বাসিন্দারা। বছর খানেক আগে সড়কটির বেশকিছু স্থানের গাছ শুকিয়ে যেতে থাকে। একপর্যায়ে শত শত গাছ মারা যায়। সামান্য ঝড় বৃষ্টিতেই গাছের ডাল ভেঙে পড়ে। অনেক সময় সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে চলাচলকারী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা জানান, গাছগুলোর বয়স অনেক। রোগ বা পোকার আক্রমণে গাছগুলোর মারা যাচ্ছে। ডাল ভেঙে পড়ে চলাচলের বিঘœ ঘটছে। একটু বাতাস হলেই ডাল ভেঙে সড়কের ওপর পড়ে। আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের বলছি গাছগুলো অপসারণ করতে, কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। হয়তো কর্তৃপক্ষ জীবনহানির অপেক্ষা করছে।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউপির চেয়ারম্যান মো. আলাউদ্দীন বলেন, গাছগুলো এখন মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে।
এদিকে, সাতক্ষীরা সামাজিক বনবিভাগ জানিয়েছে, গাছগুলো মারা যাওয়ার বিষয়ে বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউটে চিঠি দেওয়া হয়। সেখানকার একটি টিম এসে কাঠ ও পোকার নমুনা নিয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ‘লাখ্যা’ নামের এক ধরনের পোকার আক্রমণে গাছগুলো মারা যাচ্ছে। রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। এছাড়া লবণাক্ততা বেড়ে যাওয়াও গাছগুলো মারা যাওয়ার অন্যতম কারণ।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, গাছগুলি ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে গাছগুলি মার্কিং করা হয়েছে। অনতিবিলম্বে টেন্ডারের মাধ্যমে মরা গাছগুলি অপসারণ করা হবে।
-
শ্যামনগরে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি: ‘প্লাস্টিক বর্জন করি, পৃথিবীকে সুস্থ রাখি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। এ উপলক্ষে সোমবার ৩ জুলাই শ্যামনগর উপজেলার কাশিমাড়ী বাজারে বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় প্লাস্টিক ব্যাগ ধর্মঘট কর্মসূচি পালন করেছে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক। ধর্মঘট থেকে প্লাস্টিক ব্যাগ বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, এই মুহূর্তে পৃথিবীর দূষণের অন্যতম কারণ প্লাস্টিকের বহুল ব্যবহার। প্লাস্টিক বর্জ্য মাটি, জলাশয়, নদী ও সমুদ্রকে দূষিত করছে। যা মানব স্বাস্থ্য ও প্রাণ-প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। তাই প্লাস্টিক ব্যগ বা প্লাস্টিকের ব্যবহার কমানোর বিকল্প নেই। প্রসঙ্গত, প্লাস্টিক দূষণের ভয়াবহতা কমাতে জাতিসংঘ ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে সদস্য দেশগুলোকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।