
শেখ আহসান হাবিব,কালিগঞ্জ প্রতিনিধি:কালিগঞ্জ উপজেলাকে পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমের আওতায় সার্ভে ও স্টাডিজের ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় কালিগঞ্জ উপজেলার সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা, বাজার ও বাণিজ্যিক এলাকা, আবাসিক অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন মৌলিক অবকাঠামোর ওপর পরিচালিত জরিপ ও গবেষণার ফলাফল তুলে ধরা হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামোগত চাহিদা এবং উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় মাস্টার প্ল্যান প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের চাহিদা, ভৌগোলিক অবস্থান, বিদ্যমান অবকাঠামো এবং ভবিষ্যৎ জনসংখ্যা ও নাগরিক সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেওয়া হয়। পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে কালিগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেলটেক কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক ড. আখতার হোসেন চৌধুরী এবং ইউকে এমআইডিপি/ইউএমপিপি-১-এর ডেপুটি টিম লিডার কাজী কামরুল হাসান। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে ও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা এবং জনপ্রতিনিধি বর্গ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
