
জিয়াউর রহমান শ্যামনগর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন সামিউল আজম মনির। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান লিটন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সাংবাদিক সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। অপরদিকে আটটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন—সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক অনাথ মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হয়েছেন। ২৬ ভোট পেয়ে শেখ সোহরাব হোসেন প্রথম সদস্য, ১৯ ভোট পেয়ে মোঃ কামরুজ্জামান দ্বিতীয় সদস্য এবং ১৮ ভোট পেয়ে মোঃ আলমগীর সিদ্দিক তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রার্থীদের সমর্থক ও সাংবাদিকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি এম মাহাবুব আলম।
নবনির্বাচিত সভাপতি সামিউল আজম মনির ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান লিটন প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

