আবু রায়হান ,শ্যামনগর : ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা জেলা টিমের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬’।
“নায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্মমুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ মে) আয়োজিত এ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম, ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা জেলা টিমের কো-অর্ডিনেটর আশিকুর রহমান, সাবেক কো-অর্ডিনেটর ইমাম হোসেন, সদস্য শামীম হোসেন, মুন্তাকিমুল ইসলাম রুহানি সহ অন্যান্য সদস্যবৃন্দ
বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল। ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। তাই জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তিনির্ভর টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব, নীতিনির্ধারক ও উন্নত দেশগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.