আন্তর্জাতিক ডেস্ক:
কয়েকদিনের মুষলধারে বৃষ্টির কারণে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যার কারণে সিঙ্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এছাড়া বন্যার কারণে গত সপ্তাহে অন্তত চার জন মারা গেছে। কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।
জোহরের বাতু পাহাত জেলার ইয়ং পেং শহরের বাসিন্দা ৫৭বছর বয়সী মোহাম্মদ নূর সাদ রয়টার্সকে বলেছেন, ‘আমরা নভেম্বর এবং ডিসেম্বরে বর্ষার মৌসুমের জন্য সবসময় প্রস্তুতি নিতাম। প্রতিটি পরিবারের একটি নৌকা রয়েছে, কিন্তু এখন অসময়োচিত আবহাওয়ার কারণে আমরা প্রস্তুত নই এবং এটি পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।’
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য দুই শতাধিক আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় বর্ষা মৌসুম এবং এই মৌসুমে বন্যা সাধারণ ঘটনা। কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টিপাতের ফলে জোহরের অনেক বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে গেছে।
আবহাওয়া দপ্তর আগামী দিনে আরও বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.