১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৯ প্রার্থী

জাতীয় ডেস্ক:
পটুয়াখালীতে মাত্র ১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৫৯ তরুণ ও তরুণী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চুড়ান্ত ফলাফলে ৫৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে উত্তীর্ণদের ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান তিনি।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশের আলোকে পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কোন প্রকার ঘুষ ও তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ উপহার দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। এখন যারা উত্তীর্ণ হয়েছেন তারা আগামি দিনে ‘চাকরি নয় সেবা’ এ মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহবান জানান তিনি।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দিনমজুরের মেয়ে মারিয়া জানান, ভাবতেই পারিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হব। অনেক স্বপ্ন ও আশা নিয়ে এসেছিলাম, আল্লাহর অশেষ রহমতে এবার সেই স্বপ্ন পূরণ হলো।

উত্তীর্ণ হওয়া মেহেদী হাসানের বাবা আব্দুর রশিদ জানান, দিনমজুরের কাজ করে সংসার চলে আমার। দিন আনি দিন খাই আবার কোন সময় না খেয়েও থাকতে হয়। সবাই বলতো পুলিশে চাকরি পেতে অনেক টাকা লাগে কিন্তু আমার ছেলের ১২০ টাকায় চাকরি হবে কোনদিন ভাবিনি। আজকে আমার ছেলে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এবারের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পটুয়াখালী জেলায় ২ হাজার ৬৫ জন অনলাইনে আবেদন করে। পরে যাচাই বাছাইতে ৪৭৫ জন টিকে। এর মধ্যে লিখিত পরীক্ষায় ২০৬ জন পাশ করে। এদের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে মাত্র ৫৯ জনকে চুড়ান্তভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেয়া হয়।

Comments

Leave a Reply