ব্রাহ্মণবাড়িয়ায় চোরের বল্লমের আঘাতে প্রাণ গেলো যুবকের

জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চোরের বল্লমের আঘাতে মোহাম্মদ পারভেজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর-কাকরিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে পুলিশ পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবক অরুয়াইল ইউনিয়নের চর-কাকরিয়া গ্রামের গ্রামের উবায়দুল্লার ছেলে।

পুলিশ ও গ্রামবাসী জানান, সোমবার রাতে চোরের দল পারভেজের বড় ভাই হুমায়ূন কবিরের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের চোখে পড়ে। পরে কয়েকজন জেলে বাড়িতে এসে বিষয়টি জানালে হুমায়ূন কবির তার ছোট ভাই পারভেজকে নিয়ে গরু চোরদের ধরতে মেঘনা নদীর পাড়ে যান।

এ সময় চোরেরা অন্ধকারের মধ্যে পারভেজকে বল্লম দিয়ে আঘাত করে গরু দুটো ফেলে নৌকায় করে পালিয়ে যায়। পরে গ্রামবাসী পারভেজকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, গরু চুরি করার সময় চোরদের বল্লমের আঘাতে পারভেজ নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Comments

Leave a Reply