দেড় টনের ‘কালাপাহাড়’ দিনে খায় ১ মণ খাবার

ন্যাশনাল ডেস্ক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের খামারি মো. কাসেদ আলী খানের ষাঁড় ‘কালাপাহাড়’। ষাঁড়টির ওজন ৪২ মণ অর্থাৎ দেড় টনের বেশি। ছয় দাঁতের ‘কালাপাহাড়’ দৈর্ঘ্যে সাড়ে ৯ ফুট, উচ্চতা ৫ ফুট। প্রায় দৈত্য আকৃতির শাহীওয়াল জাতের ষাঁড়টি দিনে খায় এক মণ খাবার। এতে খামারির দৈনিক ব্যয় এক হাজার টাকা।

শুক্রবার (১৭ জুলাই) কাসেদ আলী খানের খামারে গিয়ে দেখা গেলো উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসকদের পরামর্শে ‘কালাপাহাড়’ কে খাবার হিসেবে দেওয়া হচ্ছে ঘাস, ভুষি, ভূট্টার গুড়া, গমের গুড়া, কলাসহ বাড়িতে তৈরি খাবার।

খামারি কাসেদ আলী খান জানান, খামারে পালন করা একটি উন্নত জাতের শাহীওয়াল গাভীর পেটে জন্ম নেয় ‘কালাপাহাড়’। ছোট বেলা থেকে ষাঁড়টি তার মায়ের প্রতিদিন ২৫ লিটার দুধ খেত। একটানা দেড় বছর এভাবে দুধ খেয়েছে। পরে প্রাকৃতিক খাবার খাইয়ে চার বছর ধরে ষাঁড়টিকে বিশাল আকৃতিতে বড় করা হয়। কালাপাহারের দাম ১০ লাখ টাকা হলে বিক্রি করবো। দেশের যে কোনও জায়গা যে কেউ ষাঁড়টি কিনলে নিজ দায়িত্বে সেখানেই পৌঁছে দেওয়া হবে।

কালোপাহারকে দেখতে আসা মাগুরা জেলার রাসেল খান বলেন, ‘ফেসবুকে কালাপাহাড়ের ছবি দেখেই দেখতে চলে এসেছি। এত বড় আকারের ষাঁড় এর আগে কোনও দিন দেখিনি।’

কুষ্টিয়া জেলা থেকে আসা গরু ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, ‘কালাপাহাড় ষাঁড়টি বিশাল আকারের। ষাঁড়টি দেশীয় খাবার খেয়ে বড় হয়েছে। তাই গোশত ভালো মানের হবে।’

রাজবাড়ী জেলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলায় ছোট বড় খামার রয়েছে প্রায় ৫ শতাধিক। খামারগুলোতে দেশীসহ বিভিন্ন জাতের গরু রয়েছে। এদের মধ্যে কাশেদ খানের কালাপাহাড় নামের গরুটি সবচেয়ে বড়। তিনি ষাঁড়টিকে সঠিক নিয়মে পালন করেছেন। আশাকরি কোরবানির হাটে ন্যায্যমূল্যে পাবেন।’

Recomended