করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় মারা গেছেন।
আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর রঘুনাথ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হাসানুল হায়দার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রঘুনাথের জ্বর ছিল। গতকাল রাত পর্যন্ত উনি ভালোই ছিলেন। পরে গভীর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন তাকে আইসিইউ এ নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’
রঘুনাথ রায় ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের ছয় সদস্য মারা গেলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.