প্রমথ সানা, পাইকগাছা থেকে: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় খুলনার পাইকগাছা উপজেলার কৃষকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মাঠে পাকা আমন ধানের ওপর নেমে এসেছে প্রকৃতির বিরূপ রূপ।
কোথাও কাটা ধানের আঁটি জমিতে জমে থাকা পানিতে ভাসছে, আবার কোথাও দমকা হাওয়ায় হেলে পড়ছে সোনালি শীষ। এর পাশাপাশি নিচু জমির আগাম শীতকালীন সবজির চারা পচে যাওয়ার আশঙ্কায় বুক বাঁধছেন প্রান্তিক কৃষকেরা। ঘূর্ণিঝড়টি সরাসরি উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে খুলনা ও আশপাশের জেলাগুলোতে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকে।
সরজমিনে দেখা যায়, কেটে রাখা ধানের আঁটি জমে থাকা বৃষ্টির জলে ভাসছে—এক মৌসুমের পরিশ্রম ও স্বপ্ন যেন পানিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাইকগাছায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াজনিত কারণে উপকূলীয় এ অঞ্চলে কৃষি মৌসুম এবার কিছুটা দেরিতে শুরু হয়।
সবেমাত্র উঁচু জমির ধান পাকতে শুরু করেছিল এবং প্রায় ৫ শতাংশ ধান কাটা ও ঘরে তোলার কাজ শেষ হয়েছিল। ঠিক এই সময়ে টানা বৃষ্টিতে ধান কাটা ও মাড়াইয়ের কাজে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। কোথাও কোথাও কৃষি শ্রমিক সংকটও চাষিদের বিপদ আরও বাড়িয়েছে। আমন ধানের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ নিয়েও চিন্তিত কৃষকেরা। টানা বর্ষণে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন তাঁরা।
ধারদেনা ও বাড়তি খরচে ফসল ফলানোর পর তা ক্ষতিগ্রস্ত হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চাষিরা। উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক আলাউদ্দিন, তোকিয়া ব্লকের কৃষক শফিকুল, সামাদ সরদার বলেন, "এখন ধান কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।"
পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন, হিতামপুর গ্রামের কৃষক সালাম মোড়ল জানান, বৃষ্টির কারণে ঠিকমতো ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না, শ্রমিকের চাপও রয়েছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে এবং ফসলের ন্যায্য দাম না পেলে এই লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ।
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, উঁচু ক্ষেতের যেসব ধান বেশি পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকেও নজর রাখার তাগিদ দেন তিনি। আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুর ও শীতকালীন সবজিসহ অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সক্রিয় রয়েছেন এবং ভারী বৃষ্টিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে। জমিতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য নালা কেটে পানি সরানোর ব্যবস্থা করা জরুরি, যাতে সবজির চারা ও ধানের গোড়া পচে না যায়। ভিজে যাওয়া কাটা ধান দ্রুত উঁচু ও শুকনো স্থানে তুলে রাখা এবং রোদ উঠলে দ্রুত শুকিয়ে মাড়াই সম্পন্ন করা প্রয়োজন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরি করে বীজ, সার ও সহজ শর্তে কৃষি সহায়তা বা প্রণোদনা দিলে তাঁরা লোকসান সামলে উঠতে পারবেন।