আজাদুর রহমান খান চৌধুরী পলাশ: স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর স্কটল্যান্ডের এডিনবরার একটি স্থানীয় হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ পার্থ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান মীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জি এম মাজেদুর রহমান, সহসভাপতি রাজন চৌধুরী ও মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জালাল মোড়ল, মমিনুর রহমান, জালাল আহমেদ, পার্থ, বনিক ও অমিসহ সংগঠনের নেতারা।
বক্তারা জাতীয় চার নেতার রাজনৈতিক অবদান ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।
আলোচনা শেষে জাতীয় চার নেতা ও সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী, পুরুষ, শিশু ও কিশোরের উপস্থিতি ছিল। প্রবাসে থেকেও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি স্মরণে এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।