সংবাদদাতা: পেশাগত কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অনলাইনে হয়রানি ও সাইবার অপরাধের শিকার মানুষদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ আব্দুর রহমান। বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত এই সেনাসদস্য সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের ‘ফিল্ড সার্ভিস লিডার’ হিসেবে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
অনলাইনে ব্ল্যাকমেইল, ব্যক্তিগত তথ্য বা ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, ভুয়া আইডি খুলে হয়রানি এবং নানা ধরনের সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীরা প্রায়শই সামাজিক লজ্জা ও সংকোচের কারণে কাউকে কিছু বলতে পারেন না। এমন পরিস্থিতিতে আব্দুর রহমান এবং তার দল ভুক্তভোগীদের মানসিক সাহস জোগানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় আইনি ও কারিগরি পরামর্শ দিয়ে আসছেন। সামরিক ডিউটি শেষে পাওয়া অবসর সময়টুকু তিনি সম্পূর্ণ বিনামূল্যে সাইবার ভিক্টিমদের সহায়তায় ব্যয় করেন।
এমনকি ছুটি পেলেও বাড়িতে অলস সময় না কাটিয়ে তিনি মাঠপর্যায়ে ছুটে যান টিমের কাজে। কোনো ভুক্তভোগীর সাহায্যের প্রয়োজন হলে নিজের সামর্থ্য অনুযায়ী দ্রুত তার পাশে দাঁড়ান তিনি।
সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের সদস্যরা জানান, আব্দুর রহমানের এই মানবিক উদ্যোগ তরুণ সমাজের জন্য এক বিরাট অনুপ্রেরণা। পেশাগত ব্যস্ততার মধ্যেও দেশের মানুষের নিরাপত্তায় তার এই সচেতনতামূলক কাজ সাইবার অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা রাখছে।