প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের জেলে-বাওয়ালিরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় খোলপেটুয়া নদীতে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলে-বাওয়ালিদের দাবির প্রতি সংহতি জানান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলেরা।
সমাবেশে জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বরং আন্দোলন দেখে সুন্দরবনের ভেতর থেকে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে এবং বনে প্রবেশ করতে নিষেধ করছে।
জেলে সবুর আলী বলেন, বনদস্যুদের ভয়ে তাঁরা সুন্দরবনে যেতে পারছেন না। ফলে দিনের পর দিন পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। প্রশাসনকে বারবার জানানোর পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
জেলে ওমর ফারুক বলেন, সরকার হয় বনদস্যু নির্মূল করুক, নয়তো জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক। সুন্দরবনে প্রবেশ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলনের ছবি দেখে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুর্দশার কথা তুলে ধরবেন। পাশাপাশি প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হবে।
বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন বলেন, তাঁদের আন্দোলনের নবম দিন চলছে। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে-বাওয়ালিদের আন্দোলনের দাবির সঙ্গে তাঁরা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় তাঁরা সব সময় প্রস্তুত রয়েছেন। বনদস্যু নির্মূলে একাধিক বাহিনী কাজ করছে। তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনাতেও বন বিভাগ প্রস্তুত রয়েছে।
https://satnadee.com/