জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রল টিম। এ সময় তাঁদের ব্যবহৃত একটি ডিঙি নৌকা, ৮০ কেজি কাঁকড়া ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে উদ্ধার করা কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্মার্ট পেট্রল টিমের লিডার সজল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযানে ৮০ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা, ৫০টি আটন, একটি পানির ড্রাম, তিনটি বৈঠা ও একটি দা জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনী গ্রামের সাত্তার তরফদারের ছেলে আব্দুল গনি (৪৯) এবং নীলডুমুর গ্রামের আকছেদ পাড়ের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নিতে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।