জিয়াউর রহমান: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় মালামালসহ চার অনুপ্রবেশকারীকে আটক করেছে সুন্দরবনে টহলরত বিশেষ স্মার্ট পেট্রল টিম।শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে স্মার্ট পেট্রল টিমের অফিসার ইনচার্জ তাহের হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় তাদের আটক করেন।এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, প্রায় ২০০ কেজি মাছ, চারটি বৈঠা, দুটি ড্রাম ও মাছ ধরার জালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।আটককৃতরা হলেন, পার্শ্বেমারী গ্রামের মমিনুল ইসলাম, মো. কবিরুল, সুরত আলী এবং বৈশখালী গ্রামের আলামিন গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।