মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সংসদ সদস্যের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পর গভীর রাতে ট্রলারে করে নিজ গ্রামে পৌঁছায় মরিয়ম খাতুনের মরদেহ। চরম দুঃখ কষ্ট বা বেদনায় চোখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
রোববার ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্গে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে রাত প্রায় ১১টার দিকে ট্রলারে করে তাঁর মরদেহ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সরদার পাড়ায় পৌঁছায়। মরদেহ আসার খবর পেয়ে নদীর তীরে বিপুলসংখ্যক স্বজন ও স্থানীয় বাসিন্দা জড়ো হন। বাড়িতে নেওয়ার পর স্বজনরা তাঁর গোসল ও কাফনের ব্যবস্থা করেন।
পরে রাত ১২টার দিকে গাবুরা পশ্চিম পাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে মরিয়মের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা। জানাজা শেষে রাত ১২টা ৪০ মিনিটের দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা শেষে গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) গোলাম মোস্তফা বলেন, "মরিয়ম অত্যন্ত কম বয়সী একটি মেয়ে, আমার মেয়ের চেয়েও ছোট। আজ তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা হতভম্ব ও শোকাহত। এত গভীর রাতেও তার জানাজায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসত।" তিনি মরিয়মের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আরজ জানান।
জানাজা পরিচালনাকারী শিক্ষক মাওলানা নুরুল হুদা বলেন, "গভীর রজনীতেও এলাকাবাসী জানাজায় অংশ নিয়েছেন। মরিয়মের মরদেহ ঢাকা থেকে এনে দাফন-কাফনের পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"
এদিকে মরিয়মের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর নিজ এলাকা গাবুরায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশের পাশাপাশি এই মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এ ঘটনায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে।