প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়। এবারের আয়োজনে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬ এ বৃত্তিপ্রাপ্ত ২৯ জন, ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত৫৪ জন এবং এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জনসহ সর্বমোট ১৭৮ জন কৃতি শিক্ষার্থীকে জাঁকজমকপূর্ণভাবে সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তাদের নিজস্ব ছবি সংযুক্ত আকর্ষণীয় ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা আজ সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, যার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।" তিনি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "সন্তানেরা যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার করে এবং মাদকের ছোঁয়া থেকে দূরে থাকে, সেদিকে মা-বাবাকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস বলেন, "শুধু ভালো জিপিএ অর্জন করলেই চলবে না, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। বিদ্যালয়ের এই চমৎকার আয়োজন শিক্ষার্থীদের আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ছাত্রীদের এই গৌরবময় কৃতিত্বের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমরা শিক্ষার মান ধরে রাখতে সর্বদা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান , শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার , মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস এবং মো. হাবিবুল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও নবম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ ও ফাতেমা নাসরিনের অত্যন্ত চমৎকার নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে পরিচালিত হয়। কৃতি ছাত্রীদের উল্লাস আর অভিভাবকদের উপস্থিতিতে সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্রবিদ্যালয়ের নবম শ্রেণীর দিবাশাখার শিক্ষার্থী তাসফিয়া ও তাবাসসুম ।
https://satnadee.com/