মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের সরকারি কলেজ মাঠ সংলগ্ন ঐতিহ্যবাহী ‘সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদ’ ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ২৩ শে অক্টোবর (শুক্রবার) সকালে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি স্বেচ্ছাসেবী বৃন্দ’।
পবিত্র মসজিদের মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং মসজিদের আশপাশে যেন কোনো আবর্জনা না জমে—সেই ভাবনা থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তারা এই কর্মসূচির আয়োজন করেন।
শুক্রবার সকালে নিবেদিতপ্রাণ সামাজিক সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান-এর সরাসরি নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা দীর্ঘ সময় ধরে মসজিদের চারপাশ, চলাচলের পথ এবং বসার স্থানসমূহে জমে থাকা সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ‘সাতক্ষীরা কমিউনিটি’র সভাপতি উম্মে ফুয়ারা রানি বলেন, “পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অঙ্গ এবং একজন সুনাগরিক হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে আমরা যদি নিজেরা একটু সচেতন হই, তবেই আমাদের প্রিয় শহরকে সুন্দর রাখা সম্ভব। সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষায় আমি সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান আজকের এই উদ্যোগ সম্পর্কে বলেন,“আল্লাহর ঘর ও এর চারপাশের পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র সচেতনতা ও পরিচ্ছন্নতা উদ্যোগের মাধ্যমেই আমাদের সাতক্ষীরা জেলা একদিন সবুজে ঘেরা, সুন্দর ও দৃষ্টিনন্দন এক মডেলে পরিণত হবে। দেশকে পরিষ্কার রাখতে হলে আগে নিজ শহরকে পরিষ্কার রাখতে হবে।”
“পরিচ্ছন্ন সাতক্ষীরা, সবুজ সাতক্ষীরা” স্লোগান তুলে ধরে সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।
আজকের এই প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজের এমন সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রিয় সাতক্ষীরা শহরকে আরও বাসযোগ্য ও সুন্দর করে তুলতে।