মুনসুর হেলাল:সাতক্ষীরা-ভেটখালী সড়কে চলমান সংস্কারকাজের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক বা কার্যকর যান চলাচলের ব্যবস্থা নিশ্চিত না করেই সংস্কারকাজ পরিচালনা করায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, চালক ও সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কাঁচা ও কাদাময় অংশের কারণে যানবাহনের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সারিতে আটকে থাকছে। বিশেষ করে বৃষ্টির কারণে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুন ।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের সংস্কারকাজ চললেও বিকল্প চলাচলের উপযোগী রাস্তা বা কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা হয়নি। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং দূরপাল্লার যাত্রীদের প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে বিকল্প ব্যবস্থা ছাড়া সংস্কারকাজ পরিচালনা করায় জনদুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে। দ্রুত সংস্কারকাজ শেষ করার পাশাপাশি নিরাপদ ও কার্যকর বিকল্প সড়ক চালুর দাবি জানিয়েছেন তারা।