নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের উদ্যোগে এবং অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন।
এসময় তিনি শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম ও খাতা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় শুধু পাঠ গ্রহণের জায়গা নয়, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠারও জায়গা। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের পরিবেশের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিশুদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তারা বিদ্যালয়ে আসা ও পড়াশোনার প্রতি আরও উৎসাহিত হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের কথা মেনে চলা এবং ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মফিজুল ইসলাম ও প্রবীর মণ্ডল এবং এসএমসি সহসভাপতি আকবর হোসেন লস্কর।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সহায়তায় অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজ এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, পড়ার টেবিল, মিড ডে মিল ও খাদ্যসামগ্রী দিয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করা এবং দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে সহায়তা করাই এসব উদ্যোগের উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার, হাফিজা খাতুন, ফারজানা বানু, জামিলা খাতুন ও সাবিরা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।