নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকা বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এ ঘটনাটি ঘটে।বিজিবি ও স্থানীয়দের ভাষ্য , আজ শুক্রবার সকালে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে কালিন্দী নদীর দুর্গম চরাঞ্চল দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।তাৎক্ষনিকভাবে কালিন্দী নদীর বুকে বিজিবির মহড়া ও কঠোর টহলের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল আনুমানিক ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০১২ জন ব্যক্তিকে সীমান্ত থেকে ফেরত নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যেতে বাধ্য হয়।সাতক্ষীরার নীলডুমুরের - ১৭ বিজিবি অধিনায়ক লে.কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছে। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করছে।