
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার ।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। তিনি, ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বিচারিক কাজে এজলাস ব্যবহার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া গ্রাম আদালতের মাসিক, ত্রৈমাসিক রিপোর্ট সঠিক সময়ে উপজেলায় প্রেরন করার জন্য বলেন। উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের ইউনিয়ন ভিত্তিক অগ্রগতি তুলে ধরে উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান রয়েছে। কার্যক্রম বাস্তবায়নে তিনি উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।