নিজস্ব প্রতিবেদক: বৃক্ষরোপণে অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।অনুষ্ঠানে প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে গাছগুলোর যত্ন নেয়, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি করা হবে।চারা পেয়ে শিক্ষার্থী মেহেজাবিন বলে, গাছ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত পানি দেব এবং গাছটি যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখব।আরেক শিক্ষার্থী রাফি হাসান বলেন, গাছ পেয়ে খুব আনন্দ লাগছে। গাছটি যত্ন করে বড় করব এবং নিয়মিত পানি দেব।কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, সাংবাদিক হাবিবুল হাসান, আসাদুজ্জামান সরদার, ইব্রাহিম খলিল, রিজাউল করিম, আলী মুক্তাদা হৃদয়, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, মেহেদী হাসান শিমুল প্রমুখ।আয়োজকরা জানায়, শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।