মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ তীব্র তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা এবং শিক্ষার্থীদের নিরাপদ থাকার কৌশল শেখাতে সাতক্ষীরায় সচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘হিট অ্যাকশন ডে ২০২৬।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তীব্র তাপপ্রবাহ সম্পর্কিত সচেতনতামূলক সেশন, শিক্ষামূলক ইনডোর ও আউটডোর গেমসসহ বিভিন্ন শিক্ষণীয় ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা ও সচেতনতামূলক সেশনে বক্তারা তীব্র তাপপ্রবাহ বা ‘হিট ওয়েভ’-এর স্বাস্থ্যঝুঁকি, হিট স্ট্রোকের লক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তীব্র গরমে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজকরা বলেন "প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা, হালকা রঙের সুতি পোশাক পরিধান করা এবং সহপাঠী বা পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।"
আয়োজনের শেষ পর্বে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়— “সচেতন হই, নিরাপদ থাকি। নিজেকে সুরক্ষিত রাখি, অন্যকেও সুরক্ষিত রাখতে এগিয়ে আসি।” সফল এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে জলবায়ু ও স্বাস্থ্য সচেতনতার পাঠ গ্রহণ করে।
অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।