নিজস্ব প্রতিবেদক : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সংগঠিত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সমবায় মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক আস্থার বন্ধন তৈরি করে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. জাফর ইকবাল, নবদিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তারা।
সমবায় পণ্য মেলায় ১৩টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত সবজি, গার্মেন্টস পণ্য, হস্তশিল্প ও কুটিরশিল্পের পণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় ১৪ জন সুবিধাভোগীর মধ্যে গাভি পালন ও দুগ্ধ উৎপাদনের জন্য সুদমুক্ত ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।