প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা চলাকালে এক নেতাকে লোহার রড, জিআই পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার কমিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর কবির (৬০) নামে ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িক্ত পালন করছেন।এ ঘটনায় আহত স্ত্রী আনোয়ারা খাতুন সাতক্ষীরা সদর থানায় তিনজন এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে একটি এজাহার দিয়েছেন।
আনোয়ারার অভিযোগ, শনিবার সন্ধ্যার পর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবকাটি বাজার কমিটির কার্যালয়ে সভা চলছিল। সেখানে জাহাঙ্গীর কবির অবস্থান করছিলেন। এ সময় মাধবকাটি বাজারের আওয়ামীলীগ নেতা মো. জুয়েল পারভেজ (৩০), এসএম তুহিন (৩৫) ও তাঁদের বাবা আব্দুর সাত্তার (৬০)সহ কয়েকজন তাঁর ওপর হামলা করে বসে। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে মারধর করা হয়। পরে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখম হন।এ ছাড়া জিআই পাইপের আঘাত ঠেকাতে গিয়ে জাহাঙ্গীরের বাম হাতেও গুরুতর জখম হয়।
তিনি আরো অভিযোগ করেন, হামলার সময় জাহাঙ্গীরের হাতে থাকা প্রায় চার আনা ওজনের একটি সোনার আংটি এবং বুক পকেটে থাকা ১২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।ওই সময় তাঁর চিৎকার শুনে কয়েকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে তাঁর স্বামীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর অভিযু্ক্ত আওয়ামীলীগ নেতার পলাতক থাকার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
https://satnadee.com/