নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রহিমা খাতুন (৫৫) নামের এক নারী পরিবহন চাপায় নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (৫নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন আজ বৃহষ্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে তার মায়ের লাশ সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। তার ধারণা রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামি বাস বা ট্রাক মাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানান ওসি।