মো. শাহিনুর রহমান:পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় সেপ্টেম্বর ২০২৬ মাসের ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুর রহমান।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।এছাড়া পেন্ডিং প্রসেস, সাক্ষীর হাজিরা, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে বিদ্যমান সমস্যা নিরসন এবং মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।