প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার স্থানীয় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে “তথ্য জানুন, অধিকার আদায় করুন” স্লোগানকে সামনে রেখে এক বিশেষ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত এই সংলাপে সম্মানিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল বলেন, "তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক ও আইনগত অধিকার। সাধারণ মানুষ যদি সঠিক সময়ে সঠিক তথ্য জানতে পারে, তবে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।"
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি-বেসরকারি সকল দপ্তরের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। সংলাপে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন কর্মী এবং বিভিন্ন পেশার নাগরিকেরা অংশ নেন।
বক্তারা জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর জোর দেন। একটি মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সফলভাবে সংলাপটি সম্পন্ন হয়।
https://satnadee.com/