
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। সঞ্চালনা করেন শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ নুরুন্নবী।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল্লাহ, জেলা জামায়াত অফিসের সেক্রেটারি মোঃ রুহুল আমিন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো শাহ আলম, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, এখন টিভির জেলা প্রতিনিধি রাজিব হোসেন, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। কুরআন মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে শিক্ষা দেয়। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সমাজে সত্য তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরতে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন, যা এক সময় সাংবাদিকদের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।