নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮জুন)সকালে উপজেলার
প্রতাপনগর ইউনাইটেড একাডেমির সামনে এ মহড়ার আয়োজন করা হয়।অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী মো. হারুনার রশীদ, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, আশাশুনি থানার ওসি হারুনার রশীদ মৃধা, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বেসরকারী সংস্থা উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দার, এসিএফ-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হাসান মুন, টেকনিক্যাল ম্যানেজার রেজওয়ান উল্লাহ ও প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তার প্রমুখ।
মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে বিভিন্ন অংশীজনের সমন্বিত ভূমিকা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বাড়ছে। তাই উপকূলের জনগণকে আগাম প্রস্তুত করা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।" এই ধরনের সমন্বিত মহড়া দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।