সাতক্ষীরা প্রতিবেদক:কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেন, শিক্ষিত বেকারত্ব কমাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফীন।
সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর (ইলেকট্রনিক্স) রঞ্জন কুমার সরকার, চিফ ইনস্ট্রাক্টর (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং) শেখ আব্দুল আলিম, চিফ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল) মো. আনিসুর রহমান, ইনস্ট্রাক্টর মোস্তাফিজুর রহমান, বাকি বিল্লাহ, আসমাতুল্লাহ ও মুস্তাকিন এজাজ রাসূল, উদ্যোক্তা সেলিম আহমেদ এবং ক্রাফট ইনস্ট্রাক্টর মো. আরিফ হোসেন।
বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাচ্ছে। এতে একদিকে যেমন দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে, অন্যদিকে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগও বাড়ছে। তাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে হবে।
সভায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চলমান বিভিন্ন কোর্স ও শিক্ষাসুবিধা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) এবং বিভিন্ন মেয়াদি শর্ট কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে ফার্ম মেশিনারি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, জেনারেল ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট, কম্পিউটার ও আইওটি-সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ।
এ ছাড়া এসএসসি বিজ্ঞান ও দাখিল বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে এইচএসসি (ভোকেশনাল) পাসের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের চতুর্থ পর্বেও ভর্তির সুযোগ রয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।